অভয়নগরে আউশ ধানের বাম্পার ফলন
যশোরের অভয়নগর উপজেলায় এবার আউশ ধানের বাম্পার ফলন হয়েছে। সরকারি সহায়তা এবং বাজারে ধানের দাম ভালো থাকায় কৃষকেরা এবার অধিক জমিতে আউশ ধানের চাষ করেছেন। কৃষি অফিস সূত্র জানায়, উপজেলায় এবার আউশ ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় তিন হাজার ৫৫০ হেক্টর। এর মধ্যে উচ্চফলনশীল (উফসী) জাতের ধান দুই হাজার ৬০০ হেক্টর এবং স্থানীয় জাতের ধান ৯৫০ হেক্টর। কিন্তু চাষ হয়েছে তিন হাজার ৬৪৫ হেক্টর জমি। এর মধ্যে উফসী (রোপা) এক হাজার ৫৫০ হেক্টর, উফসী (বোনা) ৬০০ হেক্টর, স্থানীয় জাতের এক হাজার ৫০ হেক্টর এবং হাইব্রিড জাতের ধান ৪৪৫ হেক্টর। সূত্র জানায়, আউশ ধান চাষ উত্সাহিত করতে এবারই প্রথম উপজেলার এক হাজার ৯০৫ জন কৃষককে ৪০ কেজি করে বিনা মূল্যে সার দেওয়া হয়। এ সারের মধ্যে ছিল টিএসপি (ট্রিপল সুপার ফসফেট) ১০ কেজি, এমওপি (মিউরেট অব পটাশ) ১০ কেজি ও ইউরিয়া ২০ কেজি। সূত্রমতে, জলাবদ্ধ ভবদহ এলাকায় ঠিক সময়ে পানি সরে যাওয়ায় আউশ ধান চাষের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। উপজেলা কৃষি কর্মকর্তা মো. সোহরাব হোসেন বলেন, এমনিতে অন্যান্য ধান চাষের চেয়ে আউশ ধান চাষের খরচ বেশ কম। সরকারের বিনা মূল্যে সার বিতরণের ফলে কৃষক উপকৃত হওয়ার পাশাপাশি বেশি জমিতে আউশ ধান চাষে উদ্বুদ্ধ হয়েছেন। সার্বিক পরিবেশও এবার ভালো ছিল। এ জন্য আউশ ধানের এবার বাম্পার ফলন হয়েছে।