অভয়নগরে আড়াই হাজার একর জমিতে বোরো চাষ হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের অভয়নগর উপজেলায় ভবদহ স্লুইসগেটের কারণে এলাকার বিলগুলো জলাবদ্ধ থাকায় এবার প্রায় এক হাজার হেক্টর (আড়াই হাজার একর) জমিতে বোরো ধান চাষ হচ্ছে না। কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় এবার বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৩ হাজার ৬০০ হেক্টর জমি। এর মধ্যে উচ্চ ফলনশীল (উফশী) জাতের ধান আট হাজার ১০০ হেক্টর জমি এবং হাইব্রিড পাঁচ হাজার ৫০০ হেক্টর জমি। ভবদহ এলাকার বিলগুলো জলাবদ্ধ থাকায় এবার প্রায় এক হাজার হেক্টর জমিতে বোরো ধান চাষ হবে না।কৃষক সূত্রে জানা গেছে, বিভিন্ন বিল থেকে পানি এবার ভালোভাবে নামলেও বিল বোকড়, বিল কেদারিয়া, বিল গান্ধিমারা, বিল কাছুরাবাদ ও ধলিয়ার বিলের অনেকাংশ এখনো জলাবদ্ধ রয়েছে। এসব বিলের প্রায় আড়াই হাজার একর জমিতে এবার বোরো ধান চাষ হবে না। বেদভিটা গ্রামের কৃষক প্রফুল্ল বিশ্বাস বলেন, ‘তিন বিঘা জমিতে এবার বোরো ধান চাষ করছি। বিল থেকে জল না সরায় অপর তিন বিঘা জমিতে ধান চাষ করতে পারছি নে।’ ডুমুরতলা গ্রামের কৃষক নিরাপদ বিশ্বাস বলেন, ‘দুই বিঘা জমিতে ধান লাগাইছি। জল নামলে আরও তিন বিঘা জমিতে লাগাতে পারতাম। কিন্তু জল নামার যে অবস্থা তাতে ওই জমিতে ধান লাগানো যাবে বলে বিশ্বাস নেই।’উপজেলা কৃষি কর্মকর্তা মো. সোহরাব হোসেন বলেন, ‘ধানের চারা লাগানোর আরও বেশ কিছু সময় আছে। পানিও সরে যাচ্ছে। আশা করছি, এবার জলাবদ্ধ বিল প্রায় সম্পূর্ণ জেগে উঠবে। বোরো ধান চাষও সম্ভব হবে।’