অভয়নগরে গুটি ইউরিয়া সারের ব্যবহার বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের অভয়নগর উপজেলায় বোরো ধান চাষে গুটি ইউরিয়া সারের ব্যবহার ক্রমশ বাড়ছে। অত্যন্ত সাশ্রয়ী এই সার খেতে ব্যবহার করে কৃষক আর্থিকভাবে লাভবান হচ্ছেন। কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলায় এবার বোরো ধানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ১৩ হাজার ৬০০ হেক্টর জমি। কিন্তু চাষ হয়েছে ১৪ হাজার ৫০০ হেক্টর জমি। গত বছর বোরো মৌসুমে কৃষক ১০০ হেক্টর জমিতে গুটি ইউরিয়া সার ব্যবহার করেছিলেন। এবার তাঁরা ২৮০ হেক্টর জমিতে গুটি ইউরিয়া সার ব্যবহার করেছেন। কৃষক ও কৃষি কর্মকর্তারা জানান, গুটি ইউরিয়া ব্যবহার সাশ্রয়ী ও লাভজনক। এ সার ব্যবহার করলে খেতে আগাছার আক্রমণ কম হয়। মাত্র একবারই খেতে পুঁতে দিতে হয়, বারবার ছড়ানোর প্রয়োজন হয় না। আর এ কারণেই কৃষক গুটি ইউরিয়া সার ব্যবহারের দিকে ঝুঁকছেন। মধ্যপুর গ্রামের কৃষক আবুল হোসেন (৪২) বলেন, ‘এবার তিন বিঘা জমিতে বোরো ধান চাষ করেছি। প্রতি শতাংশ জমিতে এক কেজি করে গুটি ইউরিয়া সার দিয়েছি। গুটি ইউরিয়া সারের অনেক গুণ। পরিমাণে কম লাগে ও দাম পড়ে কম। তা ছাড়া খেতে আগাছার আক্রমণও অনেক কম হয়। প্রতি শতাংশে প্রায় তিন কেজি করে ইউরিয়া লাগে। আর গুটি ইউরিয়া লাগে মাত্র এক কেজির মতো।’ শংকরপাশা গ্রামের কৃষক অসীম বিশ্বাস (৪৪) বলেন, ‘গুটি ইউরিয়া পরিমাণে কম লাগে। কাজও করে খুব ভালো। চারা লাগানোর এক সপ্তাহ পর এই সার খেতে পুঁতে দিতে হয়।’উপসহকারী কৃষি কর্মকর্তা অশোক কুমার বিশ্বাস বলেন, ‘তিন গ্রাম ওজনের একটি গুটি ইউরিয়া প্রতি চারটি চারার মাঝখানে পুঁতে দিতে হয়। সমানভাবে চারটি চারা ওই গুটি থেকে খাদ্য সংগ্রহ করে। গুটি ইউরিয়া সার সাধারণ ইউরিয়া সারের চেয়ে ৩০ থেকে ৪০ শতাংশ সাশ্রয়ী।’ উপজেলা কৃষি কর্মকর্তা মো. সোহরাব হোসেন বলেন, ‘গুটি ইউরিয়া সার ধান গাছের জন্য খুবই উপকারী। পরিমাণে কম লাগে, আগাছা প্রতিরোধক ও লাভজনক হওয়ায় কৃষক বেশি পরিমাণ জমিতে গুটি ইউরিয়া সার ব্যবহার করছেন। আমরাও কৃষকদের খেতে গুটি ইউরিয়া প্রয়োগের জন্য পরামর্শ দিচ্ছি।’