অভয়নগরে গুলিবিদ্ধ হয়ে বিএনপি নেতা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক লুৎফর রহমান (৫৮) সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন। নওয়াপাড়া পাঁচকবর এলাকায় নিজের মুদির দোকানে গুলিবিদ্ধ হয়ে তিনি মারা যান। আজ বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, আজ রাত পৌনে ১০টার দিকে লুৎফর রহমান নিজের মুদির দোকানে বসে ছিলেন। এ সময় দুটি মোটরসাইকেলে করে ছয়জন সন্ত্রাসী দোকানে ঢুকে তাঁর গলায় পিস্তল ঠেকিয়ে গুলি করে। এরপর তারা দুটি বোমা বিস্ফোরণ ঘটায়। পরে ঘটনাস্থল থেকে ২০০ গজ দূরে যশোর-খুলনা মহাসড়কে উঠে আরও তিনটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে মোটরসাইকেলে করে পালিয়ে যায়। লুৎফর রহমানকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আবদুস সালেক প্রথম আলো ডটকমকে বলেন, গুলিবিদ্ধ হয়ে তিনি নিহত হয়েছেন। সন্ত্রাসীরা দুটি মোটরসাইকেলে করে এসেছিল। তারা গুলির পর পাঁচটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।