অভয়নগরে ঝুঁকি হ্রাস ঋণ আদায়ে মামলার প্রস্তুতি
যশোরের অভয়নগর উপজেলায় ব্যাপক ঝুঁকির মধ্যে পড়েছে ঝুঁকি হ্রাস ঋণ আদায়। নির্ধারিত সময়ের এক বছর পরও প্রায় চার লাখ টাকা ঋণ অনাদায়ী পড়ে রয়েছে। অনাদায়ী এসব ঋণ আদায়ের জন্য জোর তৎপরতা গ্রহণের পাশাপাশি ঋণখেলাপিদের বিরুদ্ধে মামলা দায়েরেরও প্রস্তুতি চলছে।দুস্থ ও অসহায় মানুষের আর্থিক ঝুঁকি কমিয়ে স্বাবলম্বী করে তুলতে ২০০৫-২০০৬ অর্থবছরে সরকার ঝুঁকি হ্রাস ঋণ বিতরণ করে। নিয়মানুযায়ী, প্রদেয় মূল ঋণ থেকে ২৫ শতাংশ হারে অফেরতযোগ্য ঋণ কর্তন করা হবে। অবশিষ্ট ঋণ চার শতাংশ হারে সুদে কিস্তিতে চার বছরে পরিশোধ করতে হবে। প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা যায়, এ কর্মসূচির অংশ হিসেবে উপজেলার ২৪৩ জন ‘গরিব ও অসচ্ছল’ মানুষের মধ্যে সর্বোচ্চ ২০ হাজার এবং সর্বনিম্ন পাঁচ হাজার টাকা করে ১৭ লাখ ৫০ হাজার টাকা বিতরণ করা হয়। ২০০৯ সালের ৩১ মার্চ ছিল ঋণ আদায়ের সর্বশেষ সময়। অফেরতযোগ্য কর্তন শেষে ঋণ আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ১৪ লাখ ৩৮ হাজার ৬৩৫ টাকা। কিন্তু গত ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ঋণ আদায় হয়েছে ১০ লাখ ৩৯ হাজার ৭৫৪ টাকা। এখনো ৯৫ জন খেলাপির কাছে তিন লাখ ৯৮ হাজার ৮৮১ টাকা অনাদায়ী রয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, ২০০৫ সালে বিতরণ করা এ ঋণের বেশির ভাগ পেয়েছিলেন বিগত জোট সরকারের শরিক দলের স্থানীয় নেতা-কর্মীরা। এ ছাড়া পৌরসভা ও ইউনিয়ন পরিষদের অনেক জনপ্রতিনিধি বেনামে এ ঋণ নিয়েছিলেন। পরবর্তী সময়ে তাঁরা ঋণ পরিশোধে আগ্রহ দেখাননি। তা ছাড়া ঋণগ্রহীতারা প্রভাবশালী হওয়ায় কর্তৃপক্ষ তাগাদা দিয়েও এ ঋণ আদায় করতে পারছে না। নাম প্রকাশ না করার শর্তে একজন ঋণগ্রহীতা বলেন, ‘একজন জনপ্রতিনিধি আমার নামে ঋণ নিয়েছিলেন। আমাকেই সেই ঋণ পরিশোধ করতে হয়েছে।’উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আলী আকবর প্রথম আলোকে বলেন, ‘ঝুঁকি ঋণ আদায়ের হার এককথায় চরম হতাশাজনক।’ বারবার তাগাদা দেওয়া সত্ত্বেও বকেয়া ঋণ আদায় হচ্ছে না। খেলাপিদের বিরুদ্ধে মামলা করা ছাড়া কোনো বিকল্প নেই।’উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদ হোসেন প্রথম আলোকে বলেন, ‘দুই রকম ঋণখেলাপি আছেন। ধনী ঋণখেলাপি ও গরিব ঋণখেলাপি। আমরা গরিব ঋণখেলাপিদের কাছ থেকে ঋণ আদায়ের জন্য জোর তাগাদা দিচ্ছি। পাশাপাশি ধনী ঋণখেলাপিদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি। আশা করছি, দ্রুত অনাদায়ী ঋণ আদায় করতে সক্ষম হব।’