অভয়নগরে বিদ্যুতে ভর্তুকির সুবিধা পাননি কৃষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের অভয়নগর উপজেলায় বিদ্যুতে চালিত সেচযন্ত্রে সরকারের দেওয়া ভর্তুকির সুবিধা পাননি কৃষক। সেচযন্ত্রের মালিকেরা এ খাতে সরকারের দেওয়া ২০ শতাংশ ভর্তুকিসুবিধার (রিবেট) পুরোটা ভোগ করেছেন।যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর উপমহাব্যবস্থাপক লিয়াকত হোসেন খান জানান, ‘এ বছর সেচযন্ত্রে বিদ্যুৎ বিলের ওপর দেওয়া সরকারের ভর্তুকির পরিমাণ নয় লাখ ১৪ হাজার ৩৭ টাকা। সরকার ২০০০ সাল থেকে ২০ শতাংশ হারে এ সুবিধা দিয়ে আসছে। বিদ্যুতে চালিত সেচযন্ত্রের আওতায় যেসব কৃষক চাষাবাদ করবেন, তাঁরাই এ সুযোগ পাবেন।’ কৃষি অফিস সূত্রে জানা গেছে, এবার বোরো মৌসুমে উপজেলার প্রায় ১০ হাজার কৃষক বিদ্যুতে চালিত ৪৮৯টি সেচযন্ত্রের আওতায় এক হাজার ৭০০ হেক্টর জমিতে ধান চাষ করেছেন। উপজেলার প্রায় ২০ শতাংশ জমি এই সেচসুবিধার আওতাভুক্ত।বিদ্যুতে চালিত সেচযন্ত্রের মালিক নওয়াপাড়া গ্রামের হামিদা বেগম জানান, তাঁর সেচযন্ত্রের আওতায় এ বছর গড়ে প্রায় ২৫ বিঘা জমিতে বোরো ধানের চাষ হয়েছে। বোরো মৌসুমের তিন মাসে তাঁর বিদ্যুতের বিল এসেছে সাত হাজার টাকা। এ বিলের ওপর সরকারের দেওয়া ২০ শতাংশ ভর্তুকি বাদে তিনি পরিশোধ করেছেন পাঁচ হাজার ৬০০ টাকা। প্রতি বিঘা জমিতে সেচ বাবদ খরচ হয়েছে ৪২৪ টাকা। কিন্তু ইউনুস আলী নামের একজন কৃষক বলেন, ‘আমাগে বিঘেপ্রতি এক হাজার ৪০০ টাকা করে দিতি অয়ছে। কোনো ভর্তুকি আমাগে সে দেয়নি।’ এ ব্যাপারে হামিদা বেগম বলেন, ‘তিন মাসে বিল কম আইছে। তবে আমি সরকারের কারেন্ট ভর্তুকির কথা জানিনে।’ ধোপাদী গ্রামের কৃষক মোরশেদ আলী বলেন, ‘ডিজেলে ভর্তুকির কতা আমরা শুনিচি। কিন্তু কারেন্টেও সরকার ভর্তুকি দিচ্ছে, তা তো শুনিনি!’অভয়নগর উপজেলার কৃষি কর্মকর্তা মো. সোহরাব হোসেন বলেন, ‘সরকারের বিদ্যুতে দেওয়া ভর্তুকি কৃষকের কোনো কাজে আসেনি। আমরা আগামী দিনে সরকারকে সরাসরি ডিজেলের মতো কৃষকের হাতে বিদ্যুতের ভর্তুকির টাকা পৌঁছে দিতে সুপারিশ করব।’অভয়নগর উপজেলার চেয়ারম্যান আবদুল মালেক বলেন, ‘আমি পাম্পমালিকদের বিঘাপ্রতি দুই শ টাকা করে কম নিতে অনুরোধ করেছিলাম। অথচ তাঁরা একটি টাকাও কৃষকের কাছ থেকে কম নেননি। সরকারের দেওয়া বিদ্যুতের ভর্তুকির কোনো সুবিধাই কৃষকের হাতে পৌঁছায়নি।’