অভয়নগরে বোমা হামলায় বিএনপি নেতা নিহত
যশোরের অভয়নগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম (৩৬) বোমা হামলায় নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত সাড়ে আটটার দিকে বাড়ির সামনে সন্ত্রাসীদের ছোড়া বোমার আঘাতে তিনি প্রাণ হারান। নিহত রফিকুল ইসলাম উপজেলার নওয়াপাড়া গ্রামের আমির হোসেন মোড়লের ছেলে।এ ঘটনায় কাল রোববার উপজেলা সদর নওয়াপাড়ায় সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করা হয়েছে। উপজেলা বিএনপি এ হরতালের ডাক দিয়েছে।এলাকাবাসী ও পুলিশ সূত্রের বিবরণ অনুযায়ী, বিএনপির নেতা রফিকুল ইসলাম গতকাল রাত সাড়ে আটটার দিকে নওয়াপাড়া বাজার থেকে মোটরসাইকেলে করে নওয়াপাড়া গ্রামের বাড়িতে ফিরছিলেন। বাড়ির কাছাকাছি পৌঁছালে ওত পেতে থাকা সন্ত্রাসীরা তাঁকে লক্ষ্য করে তিনটি বোমা ছোড়ে। একটি বোমা তাঁর বুকের বাঁ পাশে লাগে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব বলেন, বাড়ির কাছেই বোমার আঘাতে রফিকুল ইসলাম নিহত হয়েছেন। হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।