অভয়নগরে ভূগর্ভস্থ পানির স্তর নেমে গেছে বোরোখেত ফেঁটে চৌচির
অভয়নগর (যশোর) প্রতিনিধিবিদ্যুতের লোডশেডিংয়ের কারণে বোরোখেতে সেচ দিতে রীতিমতো হিমশিম খাচ্ছেন যশোরের অভয়নগর উপজেলার কৃষকেরা। একই সঙ্গে ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়ায় বোরো আবাদে সেচসংকট তীব্র আকার ধারণ করেছে। সেচের পানির অভাবে মাঠের পর মাঠ বোরোখেত ফেঁটে চৌচির হয়ে যাচ্ছে। কৃষকেরা পাঁচ থেকে সাত ফুট গর্ত করে সেখানে সেচযন্ত্র বসিয়েও প্রয়োজনমতো পানি তুলতে পারছেন না। কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় এ বছর ১৪ হাজার ৫০০ হেক্টর জমিতে বোরো ধানের চাষ হয়েছে। এসব খেতে সেচের জন্য রয়েছে পাঁচ হাজার ৬৬৯টি সেচযন্ত্র। এর মধ্যে ডিজেলচালিত সেচযন্ত্র পাঁচ হাজার ১৮০ এবং বিদ্যুৎচালিত ৪৮৯টি। ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় তিন শতাধিক সেচযন্ত্রে পানি উঠছে না। প্রতিদিন এই সংখ্যা বাড়ছে। কৃষক সূত্রে জানা যায়, বিদ্যুতের লোডশেডিংয়ের কারণে তাঁরা এক মাস যাবৎ খেতে ঠিকমতো সেচ দিতে পারছেন না। দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়ায় সেচযন্ত্র দিয়ে পানি উঠছে না। পাঁচ থেকে সাত ফুট মাটি খুঁড়ে নিচে সেচযন্ত্র বসিয়েও ঠিকমতো পানি তোলা যাচ্ছে না।সরেজমিনে উপজেলার নওয়াপাড়া, সরখোলা, বুইকরা, সুন্দলী, ডুমুরতলা, প্রেমবাগ, ধলিরগাতি, মাগুরা, বনগ্রাম, পুড়াটাল, পাকেরগাতি, বাহিরঘাট, চাপাতলা, ধোপাদি, মধ্যপুর, কোদলা, বানীপুর ও সিংগাড়ি গ্রাম ঘুরে মাটি খুঁড়ে সেচযন্ত্র বসিয়ে বোরোখেতে সেচ দিতে কৃষককে চেষ্টা করতে দেখা গেছে।নওয়াপাড়া গ্রামের কৃষক নাসির সরদার (২৮) বলেন, ‘এক সপ্তাহ ধরে আমার মোটর দিয়ে পানি উঠছে না। সাত ফুট খুঁচে মোটর নিচে বসানোর পরও অল্প অল্প করে পানি উঠছে। ঠিকমতো সেচ দিতে না পারায় খেত ফেঁটে চৌচির হয়ে গেছে।’ ধোপাদি গ্রামের কৃষক কামরুল ইসলাম (৪২) বলেন, ‘ধানগাছে এখন গলায় থোড়। এখন শুধু সেচ দরকার। এই অবস্থায় পানির স্তর নেমে গেছে। বিদ্যুতের লোডশেডিংও ভয়াবহ। খুব বিপদে আছি।’ একই ধরনের কথা বলেছেন অন্যরাও।উপজেলা কৃষি কর্মকর্তা মো. সোহরাব হোসেন বলেন, ‘ঘন ঘন লোডশেডিংয়ের কারণে বোরোখেতে কৃষক ঠিকমতো সেচ দিতে পারছেন না। তা ছাড়া প্রচণ্ড খরা ও দীর্ঘদিন ধরে বৃষ্টি না হওয়ায় ভূগর্ভস্থ পানির স্তর ক্রমশ নিচে নেমে যাচ্ছে। তবে পানির স্তর নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে কৃষককে মাটি খুঁড়ে নিচে সেচযন্ত্র বসিয়ে খেতে সেচ দিতে সহায়তা করছি।’ যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর উপমহাব্যবস্থাপক লিয়াকত হোসেন খান বলেন, ‘অভয়নগর উপজেলায় দৈনিক বিদ্যুতের চাহিদা ৩০ মেগাওয়াট। কিন্তু সরবরাহ পাওয়া যাচ্ছে মাত্র ১০ থেকে ১২ মেগাওয়াট। ফলে কোনো না কোনো এলাকায় বিদুত্ সরবরাহ বন্ধ রাখতে হচ্ছে।’