অভয়নগরে ভৈরব নদে নৌকাবাইচ
যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় ভৈরব নদে ৮ অক্টোবর নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। নওয়াপাড়া পৌরসভা এর আয়োজন করে। ভৈরব নদের তালতলা খেয়াঘাট থেকে শুরু হয়ে নওয়াপাড়া ফেরিঘাট পর্যন্ত চার কিলোমিটারজুড়ে এই নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতা কেন্দ্র করে নওয়াপাড়ায় ছিল উৎসবের আমেজ। প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে ভৈরব নদের দুই তীরে হাজার হাজার নারী-পুরুষ নৌকাবাইচ প্রতিযোগিতা উপভোগ করেন। আটটি নৌকা প্রতিযোগিতায় অংশ নেয়। খুলনার ডুমুরিয়ার হাসানপুর থেকে আসা দ্বীপ চাঁদের ‘টাইগার’ নৌকা প্রথম স্থান অধিকার করে। খুলনার পাইকগাছার শান্তা থেকে আসা নৌকা দ্বিতীয় হয়। যশোর-৬ আসনের সাংসদ ও জাতীয় সংসদের হুইপ শেখ আবদুল ওহাব প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যশোরের পুলিশ সুপার দিদার আহমেদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদ হোসেন। নওয়াপাড়া পৌরসভার মেয়র এনামুল হক বাবুল পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। প্রতিযোগিতায় অংশ নিতে আসা মনিরামপুর উপজেলার পাঁচাকড়ির নৌকার সর্দার নীলকমল মণ্ডল (নীল) বাইচ চলাকালে নৌকায় হূদরোগে আক্রান্ত হয়ে মারা যান।মেয়রকাপ ফুটবল শুরু: যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার উদ্যোগে মেয়রকাপ ফুটবল টুর্নামেন্ট ১১ অক্টোবর শুরু হয়েছে। নওয়াপাড়া-শঙ্করপাশা মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন স্থানীয় সাংসদ ও জাতীয় সংসদের হুইপ শেখ আবদুল ওহাব। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পৌর মেয়র এনামুল হক, উপজেলা চেয়ারম্যান আবদুল মালেক প্রমুখ। উদ্বোধনী খেলায় অংশ নেয় যশোর জেলা দল ও চুয়াডাঙ্গা জেলা দল। নকআউট পদ্ধতির এ খেলায় নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র হয়। পরে টাইব্রেকারে চুয়াডাঙ্গা জেলা দল ৫-৪ গোলে যশোর জেলা দলকে পরাজিত করে।