অভয়নগরে যুবলীগের কর্মীদের হামলায় যুবলীগের কর্মী খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের অভয়নগর উপজেলায় গত বুধবার রাতে হুমায়ুন কবীর ওরফে খোকন (২৮) নামের এক যুবলীগের কর্মীকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে একই সংগঠনের কর্মীরা।এ ঘটনার কিছুক্ষণ আগে যুবলীগের এক পক্ষ উপজেলার নওয়াপাড়া পৌর যুবলীগের ৩ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ও তাঁর দুই কর্মীকে কুপিয়ে জখম করে। এতে ক্ষুব্ধ হয়ে রফিকুলের সমর্থক যুবলীগের কর্মীরা হুমায়ুনকে হত্যা করে বলে যুবলীগ সূত্র জানায়। হুমায়ুনের বাড়ি উপজেলার গুয়াখোলা গ্রামে। তাঁর স্ত্রী ও দুটি সন্তান রয়েছে।যুবলীগ সূত্র জানায়, দীর্ঘদিন ধরে নওয়াপাড়া পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন ওরফে শিমুল ও যুবলীগ নেতা রফিকুল ইসলামের মধ্যে দ্বন্দ্ব চলছে।প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, গত বুধবার রাতে রফিকুল কয়েকজন কর্মী নিয়ে নওয়াপাড়ায় আওয়ামী লীগ কার্যালয়ের সামনের দোকানে বসে চা পান করছিলেন। এ সময় আলমগীরের পক্ষের ছয়-সাতজন কর্মী ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রফিকুল, তাঁর সঙ্গে থাকা ইয়ার আলী গাজী ও মিঠু শেখকে জখম করে। আহত অবস্থায় তাঁদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে রফিকুলের সমর্থকেরা লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে আলমগীরের লোকদের খুঁজতে থাকে। তারা সাতটি ট্রেকার (জিপের মতো গাড়ি) ও পৌরসভার প্যারাডাইস হোটেল ভাঙচুর করে। ওই সময় হোটেলে বসা যুবলীগের কর্মী হুমায়ুনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে চলে যায় রফিকুলের সমর্থকেরা। লোকজন দ্রুত অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর হুমায়ুনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা।হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে অভয়নগর থানা পুলিশ ওই রাতেই উপজেলা যুবলীগের সভাপতি ও নওয়াপাড়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবদুর রউফের ভাই মিজানুর রহমান ওরফে মিঠুকে (৩২) আটক করে। নিহত হুমায়ুনের মা জুলেখা বেগম গতকাল দুপুরে প্রথম আলোকে বলেন, ‘আমার ছেলে রংমিস্ত্রির কাজ করত। প্রতিবেশী রাজুর সঙ্গে ওর দ্বন্দ্ব ছিল। রাজু যুবলীগের কর্মীদের প্রভাবিত করে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।’যোগাযোগ করা হলে উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর লুৎফর রহমান বিশ্বাস বলেন, আলমগীর ও রফিকুলের মধ্যে দ্বন্দ্ব আছে। কিন্তু ওই কারণে হুমায়ুন নিহত হননি। অন্য কোনো কারণে তিনি নিহত হতে পারেন।অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব গতকাল রাত সাড়ে আটটার দিকে প্রথম আলোকে বলেন, ‘হুমায়ুন হত্যার ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। তবে তাঁর হত্যার পেছনে বেশ কয়েকটি কারণ রয়েছে বলে আমরা জানতে পেরেছি। আধিপত্য বিস্তারের ঘটনাটাই এখানে মুখ্য।’ওসি আহসান বলেন, হুমায়ুন হত্যার ঘটনায় আটক মিজানুরকে গতকাল ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।