অভয়নগরে সড়ক দুর্ঘটনায় পুলিশসহ চারজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের অভয়নগর উপজেলার তালতলা মাইলপোস্ট এলাকায় আজ বুধবার ভোরে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক পুলিশ কনস্টেবলসহ চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত আরও ১৩ জন যাত্রী। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতেরা হলেন—বাগেরহাটের ফকিরহাট উপজেলার পাগলা গ্রামের বাসিন্দা পুলিশ কনস্টেবল শেখ জিল্লুর রহমান (৩৫), খুলনা বিএল কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক কার্তিক মণ্ডলের মেয়ে লিথি মণ্ডল (১৪), রংপুর জেলার সদর উপজেলার পূর্ব কামালকাছনা গ্রামের আবদুল মালেক (৩৫) এবং একজনের পরিচয় জানা যায়নি।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ ভোর সাড়ে পাঁচটার দিকে কুড়িগ্রাম থেকে পিরোজপুরগামী একটি বাস তালতলা মাইলপোস্ট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসযাত্রী শেখ জিল্লুর রহমান ও লিথি মণ্ডলের মৃত্যু হয়। পরে হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় অন্য দুজন মারা যান।