অমর একুশে হলে একুশের চেতনা
‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর দশটা হলের চেয়ে একুশে হলটা একেবারেই আলাদা। এই একটি মাত্র হল, যেখানে মানুষের নাম নয়, নামের ঊর্ধ্বে ঠাঁই পেয়েছে চেতনা। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের চেতনাই মুখ্য এখানে।’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হল সম্পর্কে বলছিলেন হলের ৫০৬ নম্বর কক্ষের শিক্ষার্থী আলামিন।নিমতলী গেটের পাশ দিয়ে আনন্দবাজারের দিকে পা বাড়ালেই চোখে পড়ে হালকা গোলাপি রঙের একটি ভবন। সদর দরজা টপকে ভেতরে পা রাখতেই চোখে পড়ে সোনারঙের তিনটি শব্দ ‘অমর একুশে হল’। এটি মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের আবাসস্থল।১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি তরুণদের তাজা রক্তে রাঙা হয় পথ। সেই পথের রেখা ধরে হাঁটলেই অমর একুশে হলের ঠিকানা মেলে। হলের নামফলক দেখে জানা যায়, ২০০১ সালে উদ্বোধন করা হয় হলটি। নির্মাণের সময় থেকেই একুশের চেতনাসমৃদ্ধ একটি হল করার পরিকল্পনা ছিল বলে জানালেন অমর একুশে হলের আবাসিক শিক্ষক গিয়াস সেলিম।ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্য হলগুলোর ভাষা-ব্যবহারে ইংরেজি, বাংলা, বাংলা-ইংরেজি মিশেলের ছড়াছড়ি। একমাত্র একুশে হলেই খাঁটি বাংলার চাষাবাদ হয় বলে দাবি করলেন হলের শিক্ষার্থী হেদায়েতউল্লাহ। তাঁর কথার সত্যতা মিলল মূল ভবনের ডান পাশের অতিথি কক্ষের দিকে তাকিয়েই। ‘কিছুক্ষণ’ নামের অতিথি কক্ষে বসতে পারেন হলে আসা অতিথিরা। যদিও রাত হলেই সেটা পরিণত হয় রাজনৈতিক দলের কাচারিঘরে। এ ছাড়া হলের চারটি ভবনের নাম রাখা হয়েছে চারজন ভাষাশহীদের নামে। এঁরা হচ্ছেন: শহীদ রফিক, শহীদ সালাম, শহীদ জব্বার ও শহীদ বরকত।গোটা হলের সবখানেই বাংলার রাজত্ব। আর হবেই বা না কেন? নাম যখন একুশে হল? এই হলের কোনায় কোনায় বাংলা ভাষার ব্যবহার হলটির ব্যাপারে আরও আগ্রহী করে তোলে সবাইকে। আর আগ্রহী হবেই বা না কেন? একুশে হলের নাপিতের দোকানের নাম ‘খেউরি’। লন্ড্রির দোকানের নাম ‘শৌভনিক’। লাইব্রেরি আর পাঠকক্ষের নাম ‘মনন’। টেলিভিশন আর ক্রীড়াকক্ষটির নাম ‘নন্দন’। আহার কক্ষ দুটির নাম ‘রুচিরা’ ও ‘রসনা’। একুশে হলের এক শিক্ষার্থী তো বলছিলেন, ‘আমি যেদিন প্রথম হলে আসি, সেদিনই হলের বিভিন্ন জায়গায় এই সুন্দর অথচ বিচিত্র নামগুলো দেখে মুগ্ধ হই। ইস্ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্য হলগুলোতেও যদি এ ধরনের প্রমিত বাংলা শব্দ ব্যবহারের রীতি থাকত!’মাতৃভাষা দিবসকে স্মরণ করতে প্রতিবছর একুশে ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারে ঢল নামে লাখো মানুষের। বাংলা ভাষাভাষীদের পুষ্পাঞ্জলিতে শোভিত হয় শহীদ মিনার এলাকা। ‘একুশের প্রথম প্রহরের প্রভাতফেরির ঢলকে দিকনির্দেশনার কাজটি যে কমিটির কাঁধে বর্তায়, তার নাম ঘোষণা করে মঞ্চের উপকমিটি। পাঁচ বছর ধরে এই কমিটির দায়িত্বও পালন করছেন একুশে হলের প্রাধ্যক্ষ।’ বলছিলেন অমর একুশে হলের প্রাধ্যক্ষ এম এ মালেক। তিনি আরও বলেন, ‘হলের সুনাম রক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে একুশের মূল্যবোধ জাগ্রত করার প্রয়াস আমাদের সব সময়ই থাকে।’একুশে হলের শিক্ষার্থী রুবেল ইমরোজ বলছিলেন, ‘আমাদের হলে কোথাও কোনো একুশের ম্যুরাল, একুশের স্মারক বা একুশের ভাস্কর্য নেই। বিষয়টি আমাদের খুবই পীড়া দেয়।’ একুশের চেতনায় নির্মিত হলে একুশের ভাস্কর্য কিংবা ম্যুরাল স্থাপন করা হবে কি না, জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ‘একুশে হলের শিক্ষক-শিক্ষার্থীরা চাইলে হলের আঙিনায় একুশের স্মারক কিংবা একুশের ভাস্কর্য নির্মাণ করা যেতে পারে।’