অমর একুশেতে শাহবাগে মহাসমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাহবাগের প্রজন্ম চত্বরে অমর একুশে ফেব্রুয়ারি বেলা তিনটায় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। আজ সোমবার রাতে শাহবাগের প্রজন্ম চত্বরের আন্দোলনকারীদের বৈঠক শেষে এই মহাসমাবেশের ডাক দেওয়া হয়েছে। ব্লগার অ্যান্ড অনলাইন অ্যাকটিভিস্ট নেটওয়ার্কের আহ্বায়ক ইমরান এইচ সরকার প্রথম আলো ডটকমকে বলেন, আজ সন্ধ্যা ছয়টা থেকে রাত আটটার বেশি সময় পর্যন্ত চলা বৈঠকে আগামী একুশে ফেব্রুয়ারি মহাসমাবেশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে আরও কিছু কর্মসূচি নেওয়া হয়েছে। এগুলোর মধ্যে রয়েছে: আগামীকাল মঙ্গলবার বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে ব্লগার ও কার্টুনিস্ট তারিকুল ইসলাম শান্তর জানাজা; ২০ ফেব্রুয়ারি বিকেল চারটা ১৩ মিনিটে একাত্তরের শহীদদের উদ্দেশে চিঠি লিখে বেলুনে উড়ানো; একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে গণজাগরণ মঞ্চের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ।এ ছাড়া দেশের যেসব স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে শহীদ মিনার নেই, একুশে ফেব্রুয়ারির আগেই সেখানে শহীদ মিনার স্থাপন করার জন্য আহ্বান জানানো হয়েছে। গণজাগরণ মঞ্চের পক্ষ থেকে আরও দুটি আহ্বান জানানো হয়েছে। প্রথমত, গণজাগরণ মঞ্চের নামে কেউ যেন কোথাও অর্থ সংগ্রহ না করে। দ্বিতীয়ত, বিভিন্ন টেলিভিশনের টক শোতে গণজাগরণ মঞ্চের কর্মী হিসেবে এমন অনেককে নিয়ে যাওয়া হয়, যাঁরা আন্দোলনের সঙ্গে যুক্ত নন। কাউকে টক শোতে নিতে হলে গণজাগরণ মঞ্চের সঙ্গে যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে।