অমল বোসের পথ বদলে গেল চির প্রস্থানের দিকে
আজ ২৩ জানুয়ারি সোমবার সকালে মঞ্চ, টিভি ও চলচ্চিত্র অভিনেতা অমল বোসের সিরাজগঞ্জের শাহজাদপুরে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল। সে অনুযায়ী পরিবারের সদস্যদের বলেও রেখেছিলেন ঘুম থেকে ১০টার দিকে ডেকে দেওয়ার জন্য। সকাল ১০টায় তাঁকে ডাকা হয়েছিল ঠিকই। কিন্তু প্রিয়জনের ঘুম ভাঙানোর সে ডাক উপেক্ষা করে অমল তখন প্রস্তুতি নিয়ে ফেলেছেন চিরঘুমের জন্য। সিরাজগঞ্জের পরিবর্তে তাঁকে দ্রুত নিয়ে যাওয়া হয় অ্যাপোলো হাসপাতালে। আর সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।পারিবারিক সূত্রে আরও জানা গেছে, সকাল সাড়ে ১০টায় অমল বোসকে দ্রুত অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অ্যাপোলোর কর্তব্যরত চিকিত্সক ১১টা ৫৪ মিনিটে তাঁকে মৃত ঘোষণা করেন।মঞ্চ, টিভি ও চলচ্চিত্র অভিনেতা অমলেন্দু বিশ্বাস ওরফে অমল বোসের জন্ম ১৯৪৩ সালে ফরিদপুরের বোয়ালমারীতে। তাঁর অভিনীত প্রথম চলচ্চিত্র হচ্ছে ‘রাজা সন্ন্যাসী’। সব মিলিয়ে তিনি শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেন। এ ছাড়া অন্য উল্লেখযোগ্য ছবিগুলো হচ্ছে—‘মহুয়া’, ‘নীল আকাশের নীচে’, ‘সোনালী আকাশ’, ‘রঙিন গুনাই বিবি’, ‘চন্দন দ্বীপের রাজকন্যা’, রাজলক্ষ্মী শ্রীকান্ত ও ‘হাসন রাজা’। অভিনয়ের পাশাপাশি একটি চলচ্চিত্র পরিচালনাও করেন তিনি। সত্তরের দশকে অমল বোস পরিচালিত ছবিটি হচ্ছে ‘কেন এমন হয়’।মৃত্যুকালে অমল বোস স্ত্রী, একমাত্র মেয়ে ও মেয়ের জামাইসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।