লম্বা ছুটি গেল এবার ঈদের। তার রেশ কাটিয়ে রাজধানীর জীবনযাত্রায় ফিরে আসতে শুরু করেছে পরিচিত ব্যস্ততা। রাজধানী বরাবরই ব্যতিব্যস্ত। ২৪ ঘণ্টায় এখানে ৩৬ রকমের কাজ। তার ওপর ঈদের কেনাকাটা, বাড়ি যাওয়ার টিকিট সংগ্রহ, যাতায়াতের ধকল—এসব নিয়ে এমন তাড়াহুড়ো গেল যে অন্যদিকে নজর দেওয়ার ফুরসত কোথায়! এখন যদি মুখ তুলে একটু ওপরের দিকে তাকানোর অবকাশ জোটে, তবে চোখে পড়বে মন ভালো করে দেওয়ার মতো দৃশ্য। বদলে গেছে আকাশের রং। ধূমল মেঘে গম্ভীর আকাশ এখন ময়ূরকণ্ঠি নীল। তার গায়ে ভেসে যাচ্ছে অমল ধবল উড়নচণ্ডী মেঘদল। তাদের কিনার দিয়ে ঝিকমিক করছে রুপালি রোদ্দুর। অমন দৃশ্য কোনো একদিন মুগ্ধ করেছিল রবীন্দ্রনাথকেও। তিনি লিখেছিলেন, ‘অমলধবল পালে লেগেছে মন্দ মধুর হাওয়া’ বা ‘মেঘের কোলে রোদ হেসেছে বাদল গেছে টুটি’র মতো পঙিক্তমালা। ঝড়বাদলের দিন শেষ হয়েছে। ঋতুচক্রের রথে চেপে এসেছে স্নিগ্ধ শরৎ।এ বছর বর্ষায় বেশ বৃষ্টি হয়েছে। ঢাকায় দীর্ঘ তপ্ত গ্রীষ্মের পর প্রথম দিনেই বৃষ্টির উপহার নিয়ে এসেছিল বর্ষা। তার পর থেকে প্রায় নিয়মিতই দিনের কোনো না কোনো সময় বৃষ্টিধারা ঝরেছে ভারী-মাঝারি-হালকা—রকমারি ছন্দে। ময়ূর তো নেই, চোখে পড়েনি তার নাচ। টিনের ছাউনিও নেই মাথার ওপর, শ্রবণ তৃপ্ত হয়নি বৃষ্টির গানে। দমকা হাওয়ায় নুয়ে পড়া বাঁশবন, বিল-ঝিলের বুকে বৃষ্টির ফোঁটা ঝরে পড়ার নান্দনিক রূপ হয়তো চোখে পড়েনি। তবু বৃষ্টিভেজা শীতল হাওয়ায় গা জুড়িয়ে প্রশান্তি লাভ করেছেন ইটের পাঁজায় বন্দী নাগরিক।শরৎ এল বলেই যে বৃষ্টি একেবারে বন্ধ হয়ে যাচ্ছে, তা-ও নয়। ভাদ্রেও থেকে থেকে দু-এক পশলা বৃষ্টির দেখা মিলবে। পেঁজা পেঁজা মেঘগুলো ভুলোমনা মানুষের মতো এদিক-সেদিক উড়ে যেতে যেতে বিলিয়ে যাবে কিঞ্চিৎ বারিধারা। নদীর চরে মৃদু হাওয়ায় মাথা দোলাবে শুভ্র কাশবন। বিলঝিল টইটম্বুর। তার বুকে ভাসবে কলমিলতা। অজস্র চাঁদমালা আর শাপলা ফুলের পাশেই ছায়া পড়বে বকের পালকের মতো সাদা মেঘের। এমন শুভ্র-স্নিগ্ধ-শান্ত মৌসুম আর নেই। এসব দৃশ্য মনের মধ্যে বিরহের বেহালাও বাজাবে, যদি প্রিয়জন কাছে না থাকে। ওই যেমন পদাবলির কবি বলেছিলেন, ‘এ ভরা বাদর মাহ ভাদর শূন্য মন্দির মোর’। তবে বিরহই তো চূড়ান্ত নয়। প্রকৃতিও কোনো শূন্যতা রাখে না চিরকাল। নানা অনুষঙ্গ এসে জীবনকে এগিয়ে নিয়ে চলে নতুন পথে। জল থইথই প্রকৃতিতে আসবে নতুন অনুষঙ্গ। কিছুদিন গেলে শুরু হবে শিউলি ফোটা। জানালার ওপাশ থেকে ভেসে আসবে নিশির শিশির ভেজা শিউলির সৌরভ ভোরের হাওয়া। তখন হয়তো চকিতে বিদ্যুচ্চমকের মতোই মনে হবে—যত দুঃখ, শোক, সন্তাপই থাকুক না কেন, তা সত্ত্বেও বেঁচে থাকা বড়ই মধুর।