অমানবিক পরিবেশের পোশাক চান না পশ্চিমা ক্রেতারা
প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে ভবনধসের ঘটনার পর যুক্তরাষ্ট্রের বাজারে পরিবর্তনের সূচনা ঘটেছে। অমানবিক পরিবেশে তৈরি পোশাক ক্রয় করতে ক্রেতাদের মধ্যে অপরাধপ্রবণতা তাড়া করছে। এ পোশাক তাঁরা চান না।গতকাল বুধবার ‘নিউইয়র্ক টাইমস’ পত্রিকায় ‘ক্লথিং ইজ নিউ ফ্রন্ট ইন মুভমেন্ট ফর ফেয়ার ট্রেড’ শীর্ষক প্রতিবেদনে এসব কথা জানানো হয়।সাভারে ভবনধসের ঘটনার পর যুক্তরাষ্ট্রের পোশাকশিল্পের ক্রেতারা এখন আর সরাসরি পোশাক কেনায় আগ্রহী নন। তাঁরা অন্যান্য পণ্যের মতো কেনার আগে পোশাক তৈরির উত্স জানার চেষ্টা করছেন। যুক্তরাষ্ট্রের শ্রমিক সংগঠন ও নীতিনির্ধারকদের ওপর চাপ সৃষ্টি হয়েছে। তাঁরা বলছেন, স্বচ্ছ বাণিজ্যনীতির জন্য উত্পাদন-তথ্য ক্রেতাদের কাছে স্বচ্ছভাবে উপস্থাপন করতে হবে।সিয়াটল নগরের ক্রেতা লোরি ল্যাংটন বলেন, ‘ক্রয়ের আগেই জানা প্রয়োজন পণ্যটি কোথায়, কীভাবে তৈরি হচ্ছে। মানবিকভাবে উত্পাদিত না হলে আমি ক্রয় থেকে সরে দাঁড়াব—ক্রেতা হিসেবে এটাই আমার ক্ষমতা।’যুক্তরাষ্ট্রের বাজারে কফি বা অর্গানিক ফলমূল বিক্রির জন্যও ক্রেতাকে উত্পাদনের উত্স জানাতে হয়। এসব তথ্যের মধ্যে উত্পাদন-প্রক্রিয়ায় জড়িত শ্রমিকদের শ্রমমান, শ্রমপরিবেশ ও পণ্যটি কোথায় উত্পাদিত, তা জানাতে হয়।সাভারে ভবনধসের পর বাংলাদেশের পোশাকশিল্প নিয়েও ক্রেতাদের খোঁজখবর নেওয়ার প্রবণতা বেড়েছে। অমানবিক শ্রমপরিবেশে তৈরি সামগ্রী সস্তায় কেনাকে অমানবিক মনে করছেন পশ্চিমা ক্রেতারা।যুক্তরাষ্ট্রের বাজারে নামকরা বুটিক প্রতিষ্ঠান এভারলিন গত সপ্তাহ থেকে তাদের ওয়েবসাইটে এ-সংক্রান্ত তথ্য সংযুক্ত করেছে। ক্রেতার সন্দেহ দূর করতে পোশাকের বিভিন্ন অংশ কোথায় তৈরি হচ্ছে, সেলাই হচ্ছে, এমনকি প্যাকেটজাত করা হচ্ছে—এর ভিডিওচিত্রও সংযুক্ত করা হচ্ছে ওয়েবসাইটে।নাইকি ও ওয়ালমার্টের মতো প্রতিষ্ঠান জানায়, তাদের বিক্রয় করা সামগ্রীর জন্য তথ্যসূচি প্রস্তুত করা হচ্ছে। এর মধ্যে শ্রমিকদের বাস্তবতা, মজুরি, সামাজিক ও পরিবেশগত তথ্য সংযুক্ত করা হবে।মিশিগান বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী আইয়ান রবিনসন বলেছেন, ক্রেতাদের মধ্যে মানবিক তাড়না বৃদ্ধি পেয়েছে। তৈরির উত্স সম্পর্কে জানার জন্য ক্রেতারা এখন আগ্রহী।এভারলিনের প্রধান নির্বাহী মাইকেল প্রেইসম্যান বলেছেন, নিত্য পরিধেয় সামগ্রী তৈরীর উত্স সম্পর্কে ক্রেতাদের ধারণা নেই। এখন এ বিষয়ে জানার জন্য সাধারণের মধ্যেও উত্সাহ দেখা যাচ্ছে। ক্রেতাদের মানবিক জিজ্ঞাসার জবাব দিয়েই যুক্তরাষ্ট্রের বাজারে পণ্য বিপণন করতে হবে।