অমিত-লাবণ্য হচ্ছেন রাহুল-কঙ্কণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মিস্টার অ্যান্ড মিসেস আয়ার’ ছবিতে অভিনয়ের সুবাদে রাহুল বোস ও কঙ্কণা সেন শর্মা তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন। সম্প্রতি এ দুজন আবারও জুটি বাঁধছেন রবীন্দ্রনাথের ‘শেষের কবিতা’র অমিত ও লাবণ্য হিসেবে। শুধু রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতার চরিত্র বলে নয়, বাংলা সাহিত্যের কালজয়ী দুটি চরিত্র অমিত ও লাবণ্য। পরিচালক সুমন মুখার্জি তাঁর নতুন চলচ্চিত্রটি নির্মাণ করছেন রবীন্দ্রনাথের শেষের কবিতা নিয়ে। এক খবরে হিন্দুস্তান টাইমস সূত্র জানিয়েছে এ বছরের এপ্রিল-মে মাসে ছবিটির শুটিং শুরু হবে। আর শেষ হবে অক্টোবরের মধ্যে। আর ছবিটি মুক্তিও দেওয়া হবে এ বছরের মধ্যেই।রবীন্দ্র-সাহিত্যের এমন কালজয়ী চরিত্রে অভিনয় করতে পারাকে এক ধরনের নিজের সৌভাগ্য বলে মনে করছেন রাহুল বোস। এক প্রতিক্রিয়ায় তিনি জানিয়েছেন, ‘রবীন্দ্র সার্ধশততম জন্মবার্ষিকীর সময় এ ধরনের চরিত্রে অভিনয় সত্যিই অনেক আনন্দের। বলা যায় এ ধরনের কাহিনি-নির্ভর চলচ্চিত্রে আমার অভিষেকই হতে যাচ্ছে। একজন অভিনেতার জন্য এ ধরনের একটি চরিত্রে অভিনয় অনেক সম্মানজনক।’রাহুল বোস আরও জানান, কঙ্কণা সেন শর্মা এ মুহূর্তে চলচ্চিত্র বিশ্বে অনেক আকাঙ্ক্ষিত একজন অভিনেত্রী। শুধু তা-ই নয়; কঙ্কণা আমার দেখা খুব চমত্কার একজন মানুষও বটে। তাই শেষের কবিতা নিয়ে নির্মিত চলচ্চিত্রে আমরা দুজন বেশ আনন্দের সঙ্গেই কাজ করতে পারব।রাহুল বোস ইতিমধ্যে আরও তিনটি বাংলাদেশি চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়েছেন। তিনটি ছবির গল্পই তাঁর ভালো লেগেছে বলেও জানা গেছে। তবে এর মধ্যে একটি ছবির গল্প অসাধারণ বলে মনে হয়েছে।উল্লেখ্য, রাহুল বোস ও কঙ্কণা সেন শর্মা এর আগে ‘মিস্টার অ্যান্ড মিসেস আয়ার’ (২০০২), ‘১৫ পার্ক এভিনিউ’ (২০০৫) এবং ‘দিল কাবাডি’ (২০০৮)—এ তিনটি চলচ্চিত্রে জুটি হয়ে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন।