অমিতাভ অসুস্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকস্থলীতে অস্ত্রোপচারের দুই মাসের মাথায় আবারও অসুস্থ হয়ে পড়েছেন অমিতাভ বচ্চন। কয়েক দিন ধরেই ব্যথায় কাতরাচ্ছিলেন তিনি। গত রাত থেকে ব্যথার তীব্রতা মাত্রা ছাড়িয়ে যাওয়ায় আজ মঙ্গলবার মুম্বাইয়ের সেভেন হিলস হাসপাতালে সিটি স্ক্যান করা হচ্ছে তাঁর।এ প্রসঙ্গে গতকাল গভীর রাতে এক টুইটার বার্তায় অমিতাভ লিখেছিলেন, ‘রাতে ঘুমোতে যাওয়ার আগ মুহূর্তে প্রচণ্ড ব্যথায় দিশেহারা হয়ে পড়ি। তীব্র ব্যথার কারণে দাঁড়াতে, শুতে, বসতে কিংবা হাঁটতে খুব কষ্ট হচ্ছিল। সত্যিই ভয়ংকর এ ব্যথা।’ এক খবরে এমনটিই জানিয়েছে আইএএনএস। অমিতাভ আরও লিখেছেন, ‘ব্যথানাশক ওষুধ খেয়ে যতক্ষণ সম্ভব এই অসহ্য যন্ত্রণা ভুলে থাকার চেষ্টা করেছি। অস্ত্রোপচারের পর আমার ব্যথা পুরোপুরি সেরে গিয়েছিল। আমি বুঝতে পারছি না, দুই মাস পর আবারও ব্যথাটা ফিরে এল কেন! এর উত্তর খুঁজতে কাল সিটি স্ক্যান করানোর প্রস্তুতি নিচ্ছি।’ টুইটার বার্তা দেখার পর আজ সকালে অমিতাভের বাসার সামনে অসংখ্য সংবাদকর্মী হাজির হন। অসুস্থতার কারণে তাঁদের সামনে আসতে না পেরে আবারও টুইটার বার্তায় অমিতাভ লেখেন, ‘আমার বাড়ির সামনে যেসব সংবাদকর্মীরা এসেছেন তাঁদের উদ্দেশে বলছি, দয়া করে আমার জন্য এতটা অস্থির হবেন না। তেমন কিছুই হয়নি আমার।’