অমিতাভ এবার সংগীত পরিচালনায়
অভিনয়ের পাশাপাশি নিজের কণ্ঠ মাধুর্যের মাধ্যমে গায়ক হিসেবেও মুনশিয়ানার পরিচয় দিয়েছেন ভারতের প্রখ্যাত অভিনেতা অমিতাভ বচ্চন। ৬৯ বছর বয়সী এই তারকা অভিনেতা সম্প্রতি সংগীত পরিচালনার কাজেও হাত দিয়েছেন। অবসর সময়ে ইদানীং এ কাজেই নিজেকে ব্যস্ত রাখছেন তিনি। অমিতাভ নিজেই বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। এ প্রসঙ্গে এক টুইটার বার্তায় তিনি লিখেছেন, ‘হ্যাঁ, এ মুহূর্তে আমি নিজেকে ব্যস্ত রেখেছি সংগীত পরিচালনার কাজে। শুরু করার পর থেকেই মনে হচ্ছে, এটি সম্পূর্ণ ভিন্ন এক জগত্; গান গাওয়া, কম্পোজ করা, গানের সঙ্গে যায় এমন বাদ্যযন্ত্র নির্বাচনের প্রক্রিয়াটি মোটেও সহজ নয়।’ তিনি আরও জানিয়েছেন, ‘আমার মতো আনাড়ি কারও জন্য বিষয়টি তো আরও বেশি কঠিন। তার পরও আত্মপরিতৃপ্তি পাওয়ার এ এক দারুণ উপায় ।’ গত মাসে পাকস্থলীর অস্ত্রোপচারের পর অভিনয়ের কাজ থেকে সাময়িক বিরতি নিয়ে এখন বিশ্রামেই আছেন অমিতাভ। দ্রুত সেরে উঠছেন বলে দাবি করলেও, ব্যথা থেকে এখনো পুরোপুরি মুক্তি মেলেনি তাঁর। এ প্রসঙ্গে তাঁর উদ্ধৃতি দিয়ে আইএএনএস জানিয়েছে, ‘সবকিছু ঠিকঠাকই চলছে। দ্রুত আমার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। কিন্তু মাঝেমধ্যে পেটের ব্যথাটা মাথা চাড়া দিয়ে উঠছে। ওই সময়টায় অসহ্য লাগে।’