অমিতাভের অস্ত্রোপচার হচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ত্রোপচার-পরবর্তী জটিলতার কারণে আবারও চিকিত্সকের ছুরি-কাঁচির দ্বারস্থ হওয়ার কথা ছিল বলিউডের বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চনের। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় শেষ পর্যন্ত আর এ অভিনেতার শরীরে অস্ত্রোপচার করতে হচ্ছে না।এ প্রসঙ্গে সেভেন হিলস হাসপাতাল কর্তৃপক্ষের বরাতে পিটিআই জানিয়েছে, প্রথম অস্ত্রোপচারের পর জটিলতা দেখা দেওয়ায় আবারও অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু অমিতাভের শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত বাতিল করেছেন চিকিত্সকেরা। তাঁর অবস্থা এখন অনেকটাই ভালো, তারপরও সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে। এদিকে শরীরের সর্বশেষ অবস্থা সম্পর্কে ‘বিগ বি’ তাঁর ব্লগে লিখেছেন, ‘সামান্য হলেও শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তারপরও কিছু পরীক্ষা-নিরীক্ষা করতে হবে। এই মুহূর্তে সার্বক্ষণিকভাবে আমার শরীরের অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে। জ্বরটাও এখন নিয়ন্ত্রণের মধ্যেই আছে। সব মিলিয়ে আমার চিকিত্সকদের মুখে কিছুটা হলেও হাসি ফুটে উঠেছে। মনে হচ্ছে, আমার জন্য আপনাদের সবার শুভকামনা কাজ করতে শুরু করেছে।’ উল্লেখ্য, পাকস্থলীর সমস্যার কারণে ১১ ফেব্রুয়ারি শনিবার অমিতাভের শরীরে অস্ত্রোপচার করা হয়। এর পর আন্ধেরির সেভেন হিলস হাসপাতাল থেকে তাঁর ছাড়া পাওয়ার কথা থাকলেও শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় এখনও পর্যন্ত সেখানেই ভর্তি আছেন তিনি।