অমৃতসুধার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাশের বাড়ির লোকদের আঁকা তিনটি ছবি সার বেঁধে দাঁড়িয়ে বলছে—তোমার কথায় শব্দ পড়ুক আমাদের নিয়ে। তিনটি ছবি তিন আসরে আঁকা। পর পর তিন আসরে। ১৯৯৯-এ এঁকেছে পাকিস্তান, ২০০৩ সালে ভারত এবং ২০০৭ সালে শ্রীলঙ্কা। ইংল্যান্ডে, দক্ষিণ আফ্রিকায় এবং ক্যারিবিয়ায়।এই তিন আসরে বাংলাদেশের তিন প্রতিবেশীর প্রতিটিই দ্বিতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হতে যাচ্ছিল। হলে, চ্যাম্পিয়নশিপ অর্জনে তারা ওয়েস্ট ইন্ডিজের পাশে সমান উঁচু ও সমান মজবুত চাতালে দাঁড়িয়ে পড়ত। অস্ট্রেলিয়ার হতো না হ্যাটট্রিক চ্যাম্পিয়নশিপ; কারণ, এই তিনবারের প্রতিবারই তাদের স্বপ্ন হনন করেছে অস্ট্রেলিয়া। এর আগে পাওয়া ১৯৮৭-র বিশ্বকাপটি নিয়ে ওরা এখন নয়বারের মধ্যে চারবার চ্যাম্পিয়ন ও দুবার রানার্সআপ। ক্লাইভ লয়েডের পর রিকি পন্টিং পর পর দুবার চ্যাম্পিয়ন দলের কান্ডারি এবং টেস্ট ক্রিকেটে সবার ওপরের স্থানটি হারালেও ওডিআই ক্রিকেটে সংশয়াতীত শ্রেষ্ঠত্বের অধিকারী দলটি বিশ্ব চ্যাম্পিয়নশিপের দশম আসরে পঞ্চমবার শিরোপার পথে শক্ত অভিসারী।পাকিস্তান এখন ভাবতে বসুক, টস জেতার পর ব্যাট হাতে তুলে না নিলে ১৩২ রানে কাটা পড়ার দুর্ভোগ এড়ানো যেত কি না; ভারত ভাবুক, টস হারা অস্ট্রেলিয়াকে হেলায়-ফেলায় ৩৫৯ রান (২ উইকেটে) তোলার আনন্দমচ্ছব এগিয়ে দেওয়া গেল কি না; আর বিধাতা ভাবুন, কেন তাঁকে শ্রীলঙ্কার অমন কঠিন পরীক্ষার দিন বারবার বৃষ্টি নামিয়ে ডাকওয়ার্থ-লুইসকে তাঁর দায়িত্বে বসিয়ে ফুটবলের টাইব্রেকারের মতো একটি ফাইনাল খেলাতে হলো। ক্রিকেটভুবনের অম্বরতলে সর্বসেরা ও সর্বপ্রোজ্জ্বল এ আসর উপমহাদেশে বসছে তৃতীয়বার এবং যে যা-ই বলুক, আমরা বলব—বাংলাদেশ নামের বিশ্বের সবচেয়ে সুন্দর দেশে আসরটি নামছে প্রথমবার। সব সড়ক যেমন একদা ঐতিহাসিক কারণে হয়েছিল রোমমুখী, ক্রিকেটকেন্দ্রিক আকর্ষণের কারণে এখন সব সরণি বাংলাদেশমুখী।যদি এর আকর্ষণের সুলুকসন্ধানে আর স্বাদবিচারে মন ঘামে, আমরা দেখব, বিশ্বকাপ ক্রিকেট স্বাদের দিক থেকে শর্করা গোলকের মতো, রসার্দ্র কোনো মিষ্টান্ন খণ্ডের মতো। অথবা, ভাণ্ড ভরা কোনো মধুপর্কের মতো। যেখানেই দাঁত বসুক, যেখান থেকেই কোষ-দুকোষ তুলে নেওয়া হোক, সমান স্বাদরসনায় সিঞ্চিত হয়। ক্রিকেটের বিশ্বভুবনে সর্বসেরা স্বাদু আয়োজন ব্যাটের লড়াই ও বলের বড়াইয়ের অবয়বে আমাদের মাঠে নামতে সময় বাকি দিনের হিসাবে আর মাত্র দুই দিন। অঙ্গনে বিজয়প্রত্যাশীরা যখন কম্পমান থাকবে, আমরা পনেরো কোটি মানুষের এক গৌরবসমৃদ্ধ জাতি প্রত্যাশার সব স্ফুলিঙ্গে পূতপবিত্র হোমানল জ্বালিয়ে অপেক্ষায় থাকব। আলোকিত রণচাতালে আমরা আমাদের বিশিষ্ট একাদশকে দেখতে চাই সংকল্পের দৃঢ়তায়। অতীতের খোঁড়ল থেকে আমরা অনিঃশেষ প্রেরণা খুঁজে নিতে চাই। ইতিহাস সাক্ষী, অভিষেক আসরে আমরা দৃষ্টান্ত স্থাপন করে ১৯৯৯ সালের বিশ্বকাপ শেষ করেছি। টেস্ট পরিবারের বাইরে থেকে জোড়া বিজয়ের গৌরব আমাদের আগে আর কেউ পায়নি।গত বিশ্বকাপ লড়াইটিকে যাদের জন্য আমরা বিস্মরণযোগ্য করে রেখেছিলাম ক্যারিবীয় মৃত্তিকায়, এবার ১৯ ফেব্রুয়ারি তারাই আমাদের প্রথম প্রতিপক্ষ।ভারতের সঙ্গে বাংলাদেশের এই ম্যাচটি দিয়েই দশম বিশ্বকাপের বউনি। সংশয়ের কোনো ছায়া কোথাও নেই যে এই ম্যাচটি আমাদের বড় কঠিন পরীক্ষা নেবে। ইতিমধ্যে ১৯৮৩-র চ্যাম্পিয়ন ও ২০০৩-এর রানার্সআপ ভারতের প্রারম্ভপঙিক্তর মহা লড়িয়ে বীরেন্দর শেবাগ বলেছেন, ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশের কাছে পরাজয়ের প্রতিশোধ নেওয়ার জন্য মাঠের ও মনের সব প্রস্তুতি সেরে ফেলেছেন। অনুকূল হাওয়ায় পালতোলা কিস্তি সহজে এগিয়ে নিতে পারবে না। আমরাও তা-ই চাইছি। চাইছি, আমাদের প্রথম কদম যেন শক্ত মাটিতেই পড়ে, যাতে পরে চোরাবালিতে আমাদের পথ হারাতে না হয়। না-হারানোর পথে অমিয় এক প্রাণরসের মতো কয়েক দিন আগে আমাদের জন্য এসেছে এক আন্তর্জাতিক স্বীকৃতি। বিশ্বকাপ ক্রিকেটের প্রথম দুবারের চ্যাম্পিয়ন ও তিনবারের ফাইনালিস্ট এবং সব ধরনের ক্রিকেটে একদা বিশ্বসম্রাট ওয়েস্ট ইন্ডিজকে পেছনে ফেলে আমরা এখন একদিনের ক্রিকেটের অষ্টম সোপানে ঠাঁই নিয়েছি। অনেকটাই স্বপ্নছোঁয়া অবস্থান। প্রার্থনা, এই ঠাঁই আত্মশ্লাঘার স্ফীতির পরিবর্তে আমাদের দেয় যেন স্নায়ু ও শক্তির শেষবিন্দু পর্যন্ত নিঃশেষ করে যুঝবার সংকল্প। একজন পোর্টারফিল্ড (আয়ারল্যান্ড) কিংবা একজন পিটার বোরেন (হল্যান্ড) যেন লখিন্দরের লৌহসিন্দুকে সুতানলি সাপের মতো ঢুকে পড়ে স্বপ্নের সাজানো বাগান উপদ্রুত করে দিতে না পারে। ‘বি’ গ্রুপে আমাদের সঙ্গে একই বাহনে ভ্রমণ করছে ভারত, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড ও হল্যান্ড। এরা সবাই একটি করে ম্যাচ খেলবে বাংলাদেশে। ইংল্যান্ড ও হল্যান্ড চট্টগ্রামে, অন্যরা ঢাকায়।আয়োজনটা এমন, গ্রুপের খেলাগুলোয় লড়ার জন্য বাংলাদেশকে দেশের বাইরে যেতে হবে না। নিজেদের গ্রুপে বাংলাদেশ যদি দ্বিতীয় কিংবা তৃতীয় স্থানে থাকতে পারে, তা হলেও তারা কোয়ার্টার ফাইনাল খেলবে ঢাকায়। হিসাবের কিতাবে বড় বড় কিছু ভুল চিহ্নিত করে যদি তারা গ্রুপের এক নম্বরে উঠে যায়, কোয়ার্টার ফাইনালের জন্য যেতে হবে শ্রীলঙ্কায় (কলম্বো)। আর শক্তি, বুদ্ধি ও বাস্তবের ছবি বিবেচনায় জায়গায় দাঁড়াতে না পারলে আমরা নিজেদের জন্য প্রবোধের কোনো কারণ দেখব না, সেটি সাত দলের মধ্যে চতুর্থ স্থান। দলের ঠিক মাঝামাঝি অবস্থান। ওপরে তিন দল, নিচে তিন দল, আমাদের অবস্থান চতুর্থ।কথা হচ্ছে, এই আসনটিও বড় পিচ্ছিল হবে। ছাইমাখা হাতে তার হাতল দুটি ধরে রাখতে না পারলে বসার বিষয়টি আমরা নিশ্চিত করতে পারব না। গ্রুপে, টেস্ট পরিবারে আমাদের যারা অগ্রবর্তী, তাদের মধ্যে আছে ওয়েস্ট ইন্ডিজ—গণিতের কুন্তলবিভাজিত হিসাবে ওডিআই র্যাঙ্কিংয়ে তারা আমাদের অনুসরণ করলেও (ওরা নয়-এ; আমরা আট-এ \ গোটাগুটি পয়েন্টে সমান-সমান। ৬৬। ম্যাচ-পয়েন্টের ভগ্নাংশে ওরা সামান্য পিছিয়ে পড়েছে, শ্রীলঙ্কায় তিন ম্যাচের সিরিজ ০-২ ব্যবধানে হেরে যাওয়ায়) শক্তিতে ওরা মৃত ঐরাবত। দেহে প্রাণ থাকলেও ‘লাখ টাকা’, দেহের খাঁচা পড়ে থাকলেও ‘লাখ টাকা’। দাঁড়ানোর জন্য ওই হিসাবের জটিল জিনিস তাড়িয়ে দাপানোর জন্য ওদের একটি হুংকারই যথেষ্ট।ভারত অভাবনীয় অবস্থায় চ্যাম্পিয়ন (১৯৮৩) হলেও ভাবনীয় অবস্থায় একবার তো তার নিকটতম দূরত্বে পৌঁছেছিল! (রানার্স আপ ২০০৩)। দক্ষিণ আফ্রিকা তার অচ্ছুৎ অবস্থা থেকে ফিরে এসে যতবারই খেলেছে, ততবারই ভয় পাইয়ে খেলেছে। ফাইনালিস্টের আসনে বসতে পারেনি কখনো প্রকৃতিবৈরিতায়, কখনো নিয়মের খাঁড়ায়, কখনো বুদ্ধির ঊনতায়। এবার মনে মনে তাদের গাইবারই কথা—সাফল্যের ভিত খুঁজব ব্যর্থতার পাঁকে। খামচে এবার ধরব জোরে কপালে যা থাকে।ইংল্যান্ড খেলে ইংল্যান্ডের মতো। বড় জোরে কাটে না, বড় শোরে মাতে না। তার পরও অস্ট্রেলিয়ার পরে সবচেয়ে বেশিবার ফাইনাল খেলায় ওয়েস্ট ইন্ডিজের পাশে তাদেরই অবস্থান। অস্ট্রেলিয়া নয়বারের মধ্যে ছয়বার (১৯৭৫, ১৯৮৭, ১৯৯৬, ১৯৯৯, ২০০৩, ২০০৭), ওয়েস্ট ইন্ডিজ তিনবার (১৯৭৫, ১৯৭৯, ১৯৮৩), ইংল্যান্ড তিনবার (১৯৭৯, ১৯৮৭, ১৯৯২)। তবে কথা আছে। ওয়েস্ট ইন্ডিজের তিনবার ফাইনাল আর ইংল্যান্ডের তিনবার ফাইনালের মধ্যে স্পষ্ট একটি ভেদরেখা আছে। ওয়েস্ট ইন্ডিজের ফাইনাল খেলার সময় দুই গ্রুপে দল ছিল আটটি, পুরো টুর্নামেন্টে ম্যাচ হতো পনেরোটি। তেমন ফাইনাল ইংল্যান্ড খেলেছে একবার।