অম্লমধুর কমিউনিটি সেন্টার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদুল ফিতরের পরপরই বিয়ের মতো সামাজিক অনুষ্ঠানের আয়োজন বেড়ে গেছে। তাই নগরের কমিউনিটি সেন্টারগুলোর এখন বিরাম নেই। এগুলো ভাড়া পেতে অনেক আগে থেকেই যোগাযোগ করে রাখতে হচ্ছে অনুষ্ঠান আয়োজনকারীদের। এমন ভরা মৌসুমেও ডিসিসির অনেক কমিউনিটি সেন্টার পরিত্যক্ত অবস্থায় আছে। সব মিলিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে তাদের এই সেবার কার্যক্রম। নগরের কমিউনিটি সেন্টারের হাল নিয়ে লিখেছেন আজহার হোসেন, গাজী মুনছুর আজিজ ও আসাদুজ্জামানআগে কমিউনিটি সেন্টার পরে বিয়ে‘নগরে অনুষ্ঠান করার মতো পর্যাপ্ত খালি জায়গা নেই বললেই চলে। সে কারণে কমিউনিটি সেন্টারের চাহিদা বেশি। ডিসেম্বর-জানুয়ারিতে চাহিদা থাকে বেশি। কারণ, এ সময় বিয়ে-বউভাত অনুষ্ঠান বেশি হয়। তবে ঈদের পরও বেশ ব্যস্ততা থাকে।’ বলছিলেন তোপখানা রোডের সৌরভ কমিউনিটি সেন্টারের ব্যবস্থাপক এম এ হোসাইন।ঈদের পর বিয়ের অনুষ্ঠান বাড়ায় এগুলো ভাড়া পেতে হিমশিম খেতে হচ্ছে আয়োজনকারীদের। কমিউনিটি সেন্টার কবে ভাড়া পাওয়া যাবে, তার ওপর অনুষ্ঠানের দিন-তারিখ দিচ্ছেন অনেকে। এ বিষয়ে কাকরাইলের আমজাদ হোসেন জানান, তিনি ছেলের বিয়ের জন্য পল্টনের আনন্দ ভবন কমিউনিটি সেন্টার ভাড়া নিয়েছেন। এটা ভাড়া পেতে তাঁকে বিয়ের তারিখ পেছাতে হয়েছে।আবার পুরান ঢাকার আজমল হোসেনের ঘটনাটি অন্য রকম। তিনি ছেলের বিয়ে ঠিক করার আগে নগরের বেশ কয়েকটি কমিউনিটি সেন্টার ঘুরেছেন। খুঁজেছেন কোন মাসে কোন কোন দিন ফাঁকা আছে। সেগুলো টুকে নিয়ে একটা তালিকাও বানিয়েছেন তিনি। তারপর কনেপক্ষের সঙ্গে সেই তালিকা নিয়ে বসে বিয়ের তারিখ ঠিক করেছেন।ইস্কাটন সড়কের সোহাগ কমিউনিটি সেন্টারের ব্যবস্থাপক মোহাম্মদ কামাল বলেন, ‘অনেকেই আছেন যাঁরা আগে কমিউনিটি সেন্টার ভাড়া নেন, তারপর বিয়ের তারিখ ঠিক করেন। আবার অনেকেই আছেন যাঁরা কমিউনিটি সেন্টার ভাড়া পাননি বলে বিয়ের তারিখ পরিবর্তন করেছেন। হরদমই নগরে এমন ঘটনা ঘটছে।’ভাইয়ের মেয়ের কান ফোঁড়ানির অনুষ্ঠান করতে গিয়ে বেকায়দায় পড়েন কলতাবাজারের ফারুক আহমেদ। হঠা ৎ অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়ায় স্বল্প সময়ের ভেতরে কোনো কমিউনিটি সেন্টার ফাঁকা পাননি তিনি। ঘুরেছেন নগরের এপ্রান্ত থেকে ওপ্রান্তে। তিনি জানান, নগরে কমিউনিটি সেন্টারের বেশ অভাব। আবার কমিউনিটি সেন্টারগুলো আগে থেকেই ভাড়া হয়ে থাকে। ফলে স্বল্প সময়ের মধ্যে বা হঠা ৎ করে অনুষ্ঠানের আয়োজন করা হলে কমিউনিটি সেন্টার পেতে ভোগান্তি হয়।আজিমপুরের বাসিন্দা মাহবুবুল হক জানান, স্বল্প সময়ে অনুষ্ঠান করতে গেলে কমিউনিটি সেন্টারগুলোতে কর্মব্যস্ত দিনগুলোর দুপুরবেলা ফাঁকা মেলে। অনেকে বাধ্য হয়ে দিনের বেলায় অনুষ্ঠান করার শর্তে ভাড়া নেন। ফলে অনেক কমিউনিটি সেন্টারে একই দিনে দুই দফা অনুষ্ঠান হয়।বাড়ি থেকে দূরেবাড়ির পাশে কমিউনিটি সেন্টার না থাকায় ভোগান্তিতে পড়তে হয় অনেককেই। গেন্ডারিয়ার বাসিন্দা লু ৎ ফর রহমান জানান, মেয়ের বিয়েতে সূত্রাপুরে কমিউনিটি সেন্টার ভাড়া মেলেনি। তাই বাধ্য হয়েই নয়াবাজারের হাজী জুম্মন কমিউনিটি সেন্টার নিতে হয়। একে তো বাড়ি থেকে দূরে, আরেক সমস্যা অতিথিদের অনেকে সেন্টারটি ঠিকমতো চেনে না। আবার বিয়ের খাবারদাবার, কাঁচাবাজার—সব কেনা হয়েছে সূত্রাপুর বাজার থেকে। সেগুলো বয়ে আনতে গুনতে হয়েছে বাড়তি ভাড়া। বাড়ির কাছের কমিউনিটি সেন্টার হলে এমনটি হতো না।এদিকে ৭২ নম্বর ওয়ার্ডের তাঁতীবাজারের বাসিন্দা মোহাম্মদ জয়নাল জানান, তাঁদের ওয়ার্ডে কোনো কমিউনিটি সেন্টার নেই। বহু চেষ্টা-তদবির করেও আশপাশের কমিউনিটি সেন্টারগুলো ফাঁকা পাওয়া যায় না। তাই রায়সাহেব বাজার মোড়ের একটি চায়নিজ রেস্তোরাঁয় ছেলের বিয়ের অনুষ্ঠান করতে হয়েছে তাঁকে।আবার বাড়ির কাছের কমিউনিটি সেন্টার ফাঁকা না পেয়ে নির্ধারিত দিনে আয়োজন শেষ করতে অনেকেই দূরের কমিউনিটি সেন্টার ভাড়া নিতে বাধ্য হন।অন্য রকম কমিউনিটি সেন্টারঅনুষ্ঠান আয়োজনে নগরে রয়েছে নজরকাড়া কিছু কমিউনিটি সেন্টার। এগুলো সাজানো হয়েছে সব রকম আধুনিক সেবার সমন্বয়ে। অভিজাত এসব কমিউনিটি সেন্টার ভাড়া নিয়ে অনেকেই নিশ্চিন্ত থাকছেন নিজ নিজ পারিবারিক অনুষ্ঠানের দিন। বিষয়টি নিয়ে মিটফোর্ড রোডের আবদুল হালিমের ভাবনাটা অন্য রকম। তিনি জানান, পারিবারিক অনুষ্ঠানের দিনে বাবুর্চি, ডেকোরেটর, বেয়ারা সামলাতে হিমশিম খেতে হয়। এর চেয়ে আয়োজন যদি কমিউনিটি সেন্টার কর্তৃপক্ষই করে, তবে মন্দ হয় না। কাজের চাপ কমে আসে। পারিবারিক অনুষ্ঠানের কয়টা দিন চাপমুক্ত থেকে অতিথিদের সেবা করা যায়।নগরের গুলশান-১-এর স্প্রেকটা কনভেনশন সেন্টার, শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র, ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জ আর ট্রাস্ট মিলনায়তন, উত্তরার ইস্টিকুটুম, অফিসার্স ক্লাব, ঢাকা ক্লাব, লেডিস ক্লাবে অনুষ্ঠান করার ব্যবস্থা রয়েছে।এ ছাড়া পুরান ঢাকার লালবাগে আছে সাগুন আর মীম কমিউনিটি সেন্টার, হাটখোলায় আছে আল নূর কমিউনিটি সেন্টার। অভিজাত কমিউনিটি সেন্টারগুলো ছাড়াও নগরে রয়েছে বেশ কিছু চায়নিজ রেস্টুরেন্ট। এসব রেস্টুরেন্টে মিলবে প্যাকেজভিত্তিক অতিথি আপ্যায়নের সুবিধা।গতি নেই ডিসিসির সেবায়ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) থেকে পাওয়া তথ্য অনুযায়ী, তাদের ৯০টি ওয়ার্ডে কমিউনিটি সেন্টার আছে ৪৭টি। এর মধ্যে কোনো কোনো ওয়ার্ডে কমিউনিটি সেন্টারের সংখ্যা একাধিক। আবার কোনো ওয়ার্ডে কমিউনিটি সেন্টার নেই। আবার কোথাও নামেই রয়েছে কমিউনিটি সেন্টার। বাস্তবে সেখানে বসেছে র‌্যাবের কার্যালয়। এমনটা দেখা গেল টিকাটুলীর শহীদ মুক্তিযোদ্ধা মুরাদ কমিউনিটি সেন্টার আর লালবাগের শায়েস্তা খান কল্যাণকেন্দ্রে। আবার ইংলিশ রোডের ফজলুল করিম কমিউনিটি সেন্টারের দোতলায় বসেছে বংশাল থানা। শুধু তৃতীয় ও চতুর্থ তলা ভাড়া নিয়ে অনুষ্ঠান করা যায়।এদিকে কামরাঙ্গীর চরের রসুলপুর কমিউনিটি সেন্টার পুনর্নির্মাণের ভিত্তি স্থাপন করা হয় ২০০৬ সালে। সেটির কাজ এখন পর্যন্ত শুরুই হয়নি। রসুলপুর কমিউনিটি সেন্টারের ভেতরে ঢুকে যে কেউ সেন্টারটিকে গ্যারেজ ভেবে বসতে পারেন। কারণ, পরিত্যক্ত এই সেন্টারটিতে রাখা হচ্ছে রিকশাভ্যান, রিকশা আর মোটরসাইকেল। এই কমিউনিটি সেন্টারের একদিকে টিনশেডের মূল ভবনের বেশির ভাগ কক্ষের ছাদ নেই। পড়ে রয়েছে লোহার কাঠামো। এলাকাবাসীর সহযোগিতায় তিনটি কক্ষে ঢেউটিন লাগিয়ে এখানে পুলিশ ফাঁড়ি বসানো হয়েছে। এই ফাঁড়ির ইনচার্জ মো. শাহাজউদ্দিন বলেন, ‘আমরা এখানে আছি বলেই কমিউনিটি সেন্টারের বাকি অংশটুকু এখনো আছে। না হলে এগুলো কবেই গায়েব হয়ে যেত।’ রসুলপুরের স্থানীয় বাসিন্দা বশির আহমেদ জানান, কমিউনিটি সেন্টারটি ব্যবহারের অনুপযোগী হওয়ায় এলাকার মানুষকে ব্যাপক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। একে তো কামরাঙ্গীর চর একটি জনবহুল এলাকা, তার ওপর এখানকার বেশির ভাগ মানুষই নিম্ন আয়ের। ফলে বিয়েশাদির অনুষ্ঠানের সময় কোথায় অনুষ্ঠান করা হবে, এ নিয়ে দুশ্চিন্তার মধ্যে থাকতে হয়। নিম্ন আয়ের মানুষ শামিয়ানা টাঙিয়ে এখানেই অনুষ্ঠান করে থাকে।বেগমবাজারের মৌলভীবাজার কমিউনিটি সেন্টারের অবস্থাও করুণ। কমিউনিটি সেন্টারটি ব্যবহূত হচ্ছে মৌলভীবাজার মাতৃসদনকেন্দ্র হিসেবে। সেন্টারের ভেতরের পরিবেশ অনুষ্ঠান করার উপযোগী নয়। ফলে এলাকাবাসী ছোটখাটো অনুষ্ঠান করতে সেন্টারটির নিচতলার খোলা জায়গা ব্যবহার করছে। এই সেন্টারে কোনো কেয়ারটেকার নেই। ডিসিসির ৬৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের লোকজন এটির দেখভাল করছেন বলে জানান ওই ওয়ার্ডের সচিব আবদুল নাঈম।আবার ইসলামবাগ কমিউনিটি সেন্টারে ঢুকতেই বাধে বিপত্তি। কমিউনিটি সেন্টার ভবনের ভেতরে পানি জমে আছে। শুধু ইট বিছানো খোলা চত্বরটি নদীর চরের মতো জেগে আছে। দুর্গন্ধযুক্ত ময়লা পানিতে পা ভিজিয়ে এগোতেই একতলা টিনশেড ভবনের দৈন্যদশা চোখে পড়ে। এ ভবনের চালের ঢেউটিনে মরিচা ধরে জায়গায় জায়গায় ফুটো হয়ে গেছে। ফলে বৃষ্টি হলেই কক্ষগুলোর ভেতরে পানি পড়ে।ফলে আশপাশের বেসরকারি কমিউনিটি সেন্টারে যায় স্থানীয়রা। সেখানে ডিসিসির কমিউনিটি সেন্টার থেকে কয়েক গুণ বেশি টাকা খরচ করে অনুষ্ঠান করে থাকে। দরিদ্র আর নিম্ন আয়ের মানুষ নিরুপায় হয়ে এখানে অনুষ্ঠান করে থাকে।এমন পরিত্যক্ত অবস্থায় আছে ডিসিসির একাধিক কমিউনিটি সেন্টার। আবার কোনো কোনো কমিউনিটি সেন্টারের কক্ষ দখল করে চলছে ডেকোরেটর ব্যবসা। নয়াবাজারের হাজী জুম্মন কমিউনিটি সেন্টার ঘুরে দেখা যায়, দোতলার বেশ কিছু কক্ষ দখল করে রেখেছেন স্থানীয় এক ডেকোরেটর ব্যবসায়ী।আবার কোনো কোনো ওয়ার্ডের কমিউনিটি সেন্টার চলছে স্বচ্ছন্দে, এমনটি দাবি করেন ডিসিসির ৮০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবদুস সাহেদ। তিনি বলেন, সূত্রাপুর কমিউনিটি সেন্টারটি চলছে বেশ সুনামের সঙ্গেই। আবার ডিসিসির ৭৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সালাহউদ্দিন আহমেদ জানান, তাঁদের ওয়ার্ডের আলহাজ আবদুর রহিম কমিউনিটি সেন্টার আর ফকির চান সর্দার কমিউনিটি সেন্টার দুটোই বেশ ভালো অবস্থায় আছে। নিয়মিত সামাজিক নানা অনুষ্ঠানের জন্য এলাকাবাসীর আস্থাও রয়েছে।ডিসিসির কমিউনিটি সেন্টারের সেবা বাড়াতে পরিত্যক্তগুলো ভেঙ্গে নতুন ভবন নির্মাণ করা হবে বলে জানান ডিসিসির সমাজকল্যাণ ও সাংস্কৃতিক কর্মকর্তা খন্দকার মিল্লাতুলইসলাম। তিনি আরও জানান, যেগুলো সংস্কারযোগ্য সেগুলো সংস্কার করা হবে। তারা উত্তরায় একটি অত্যাধুনিক কমিউনিটি সেন্টার নির্মাণ করেছেন। এছাড়া কমিউনিটি সেন্টারের জনবল বাড়ানোর প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।অবহেলায় মেয়রের কমিউনিটি সেন্টার‘১০ জনের কাজ কি আর একজনকে দিয়ে হয়? অফিস পরিচালনার জন্য কোনো কর্মকর্তা-কর্মচারী নেই। কমিউনিটি সেন্টার পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য নেই কোনো পরিচ্ছন্নতাকর্মী। একটি লিফট থাকলেও নেই অপারেটর, নেই নিরাপত্তাকর্মী। আছেন শুধু একজন কেয়ারটেকার আর তাঁর দুই সহকারী।’ বলছিলেন ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাজ্জাদ হোসেন সিদ্দিকী।যে কমিউনিটি সেন্টার নিয়ে কথা হয়, সেটা হলো ৩১ নম্বর ওয়ার্ডের বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টার। এটি নির্মিত হয় ২০০৮ সালে। পর্যাপ্ত লোকবল না থাকায় খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে কমিউনিটি সেন্টারের কার্যক্রম। চারতলা ভবনের এই কমিউনিটি সেন্টারের তিনতলা শীতাতপ নিয়ন্ত্রিত। এখানকার দুটি শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র দীর্ঘদিন ধরে অকেজো। রক্ষণাবেক্ষণের অভাবে বাকিগুলোর অবস্থাও সঙ্গিন। একই অবস্থা লিফটিরও। মাঝেমধ্যেই আটকে যায়। দুর্ঘটনার আশঙ্কায় বেশির ভাগ সময়ই এটি বন্ধ থাকে।ভবনটির বিভিন্ন তলা ঘুরে দেখা গেছে, সেন্টারের ভেতরে ধুলোবালির স্তর জমে আছে। খাবার রাখার ঘরের পানির কল অকেজো। নিচতলায় রান্নাঘরের মেঝের পলেস্তারা উঠে গর্ত তৈরি হয়েছে। সেখানে জমেছে পানি। ভবনের কোনো তলাতেই নেই হাত ধোয়ার বেসিন। পরিচ্ছন্নতাকর্মীর অভাবে শৌচাগারগুলোও ব্যবহারের অনুপযোগী হয়ে আছে।এ বিষয়ে কাউন্সিলর সাজ্জাদ হোসেন সিদ্দিকী জানান, কমিউনিটি সেন্টারে কর্মী নিয়োগের ব্যাপারে ডিসিসির বিভিন্ন বিভাগে ঘুরে ঘুরে এখন হাল ছেড়ে দিয়েছেন তিনি। মেয়রকেও এ সমস্যার কথা বিভিন্ন সময়ে জানানো হয়েছে। এভাবে আরও কিছুদিন পড়ে থাকলে সেন্টারটি নষ্ট হয়ে যাবে।