অযত্ন-অবহেলায় তিহাসিক ইদ্রাকপুর দুর্গ
মুন্সিগঞ্জ জেলা সদরে অবস্থিত ইদ্রাকপুর দুর্গটি অযত্ন-অবহেলায় ধ্বংসের পথে। ফাটল ধরেছে দুর্গের প্রাচীরে। পলেস্তারা ও ইট খসে পড়ছে। এ ছাড়া দুর্গের চারপাশের মাটি উঁচু করায় দেয়াল মাটিচাপা পড়ে দুর্গের মূল নকশাও হারিয়ে যাচ্ছে। সুবাদার মীর জুমলা ১৬৬০ সালে মগ জলদস্যুদের হাত থেকে ঢাকা নগর রক্ষার জন্য দুর্গটি নির্মাণ করেছিলেন। দুর্গের ঐতিহাসিক গুরুত্ব অনুধাবন করে ১৯০৯ সালের অক্টোবর মাসে সরকারি গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে এটিকে সংরক্ষিত পুরাকীর্তি ঘোষণা করা হয়। সংস্কার না করায় দুর্গের ভেতরের বুরুজ ঘরের ছাদের টালি ভেঙে ও দেয়াল ধসে ঘরটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এই ঘরে বসবাস করছেন জেলা প্রশাসনের কর্মচারীরা । যেকোনো সময় ঘরটি ভেঙে দুর্ঘটনা ঘটতে পারে—এমন আশঙ্কা তাঁদের। এ ছাড়া দুর্গের ভেতরেই গোয়েন্দা বিভাগের অফিস। গোয়েন্দা কর্মকর্তাদের থাকার জন্য দুর্গের ভেতরে ছোট ছোট কয়েকটি আধাপাকা ঘরও নির্মাণ করা হয়েছে। জেলা প্রশাসক অফিসের কর্মচারীরা দুর্গের বুরুজ ঘরসহ দুর্গের ভেতর ঘর করে থাকছেন। এমনকি তাঁরা নানা রকম তরকারির গাছও লাগিয়ে একটা বসতবাড়ির আবহ সৃষ্টি করেছেন। এ ব্যাপারে গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে কথা বলতে চাইলে তাঁরা কথা বলতে অপারগতা জানান। তবে বুরুজ ঘর ময়লা-আবর্জনার দুর্গন্ধে মানুষ যাতায়াতের অযোগ্য বলে জানান উপস্থিত দর্শনার্থীরা। ভঙ্গুর অবস্থা ও দখল ছাড়াও দুর্গের ভেতরে নানা ধরনের অসামাজিক কাজ হয় বলে অভিযোগ রয়েছে। দুর্গটি হয়ে উঠেছে বখাটে ও মাদকাসক্তদের আড্ডাস্থল। সরেজমিনে গিয়েও নেশার সরঞ্জাম পরিত্যক্ত অবস্থায় দেখা যায়। দুর্গের পাশে বালিকা বিদ্যালয় থাকায় বখাটে ছেলেরা এখানে নিয়মিত আড্ডা দেয়, তাস খেলে, মেয়েদের উত্ত্যক্ত করে। নাম প্রকাশে অনিচ্ছুক এক স্কুলছাত্রী বলে, ‘দুর্গের সামনে দিয়ে যাওয়ার সময় ভয়ে থাকি, এটা হচ্ছে একটা খারাপ ছেলেদের আখড়া। ওরা বাজে মন্তব্য করে, শিস বাজায়।’ এ ছাড়া এলাকার বাইরের ছেলেমেয়েরাও এখানে এসে নানা অনৈতিক কাজ করে বলে জানান এলাকাবাসী।এ ব্যাপারে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের ঢাকা আঞ্চলিক মাঠ কর্মকর্তা সুলতানা জাকিয়া বেদৌরা প্রথম আলোকে বলেন, ‘দুর্গের ভেতরে মানুষের বসবাস অবৈধ। সাইটটি আমাদের অধীনে থাকলেও অদ্যাবধি বাস্তবে দখল পাওয়া যায়নি। তাই তাদের বসবাসের ব্যাপারে কিছু করা যাচ্ছে না। দুর্গটি বর্তমানে মুন্সিগঞ্জ জেলা প্রশাসনের নিয়ন্ত্রণে আছে।’ তবে শিগগিরই প্রত্নতত্ত্ব অধিদপ্তর থেকে ইদ্রাকপুর দুর্গের সংস্কার ও সংরক্ষণ কার্যক্রম শুরু করা হবে বলেও তিনি জানান। এ ব্যাপারে জেলা প্রশাসক মো. আজিজুল আলম বলেন, ‘কাউকে না কাউতে তো দুর্গ দেখাশোনা করতে হবে। প্রত্নতত্ত্ব অধিদপ্তর থেকে কেউ দেখাশোনা করছে না। এ জন্য আমার অফিসের লোক ওখানে থেকে দুর্গের দেখভাল করে। এ ছাড়া গোয়েন্দা অফিস এখানে আগে থেকেই ছিল।’ তবে গোয়েন্দা অফিস কত বছর ধরে এখানে আছে, এ ব্যাপারে প্রত্নতত্ত্ব অধিদপ্তর সঠিক তথ্য দিতে পারেনি।দুর্গে বখাটেদের আড্ডাসংক্রান্ত কোনো অভিযোগ প্রত্নতত্ত্ব অধিদপ্তর ও জেলা প্রশাসকের কাছে নেই। এ সম্পর্কে জানতে চাইলে জেলা প্রশাসক জানান, এ বিষয়ে তাঁদের কিছু জানা নেই। কারণ, দুর্গে দায়িত্বরত কর্মচারীরা এ রকম কোনো ঘটনার কথা তাঁদের জানায়নি। তবে এ রকম কিছু ঘটে থাকলে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।