অযত্ন-অবহেলায় ‘বিরাট রাজা’র রাজমহল
প্রাচীন ভারতবর্ষের ইতিহাসখ্যাত বিরাট রাজার রাজমহলের ভগ্নাবশেষের শেষ স্মৃতি-চিহ্নটুকু এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার ধামাইনগর ইউনিয়নে। এককালের আলোকোজ্জ্বল ‘বিরাট নগর’ এখন জঙ্গলাকীর্ণ পরিত্যক্ত ভুতুড়ে এলাকায় পরিণত হয়েছে। যেখানে একসময় ছিল হাজারো আলোর ঝাড়বাতির রোশনাই, আনন্দ-বিনোদন, উজ্জ্বল-উচ্ছল জীবন নাটকের ঝলমলে রঙ্গমঞ্চ, সেখানে এখন দিনেরবেলায় যেতেও গা ছমছম করে!উপজেলার ধামাইনগর ইউনিয়নের ক্ষীরতলা নামক স্থানে বিরাট রাজার এই রাজমহল অবস্থিত। তাঁর দরবারগৃহ ছিল ওই স্থান থেকে প্রায় চার কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে নিমগাছিতে (বর্তমান নিমগাছি বাজার)। উপজেলা সদর থেকে ধামাইনগর ইউনিয়ন পরিষদ কার্যালয় ২২ কিলোমিটার দূরত্বে অবস্থিত। পরিষদ কার্যালয়ে যাওয়ার পথে প্রায় চার কিলোমিটার আগেই ধামাইনগর বাজার। এ বাজারের পূর্বপাশ দিয়ে দক্ষিণ দিকে চলে গেছে ধামাইনগর-নিমগাছি সড়ক (এলাকার প্রাচীনতম সড়ক)। ওই সড়কপথে প্রায় দুই কিলোমিটার পথ পার হলেই ক্ষীরতলা। যেখানে প্রায় ৩০ বিঘা জায়গাজুড়ে বিরাট রাজার পোড়ো রাজমহল অবস্থিত। এলাকার মধ্যে সবচেয়ে উঁচুস্থান এটি, বর্তমানে বুরুজ হিসেবে খ্যাত। মহাভারতে উল্লিখিত পঞ্চপাণ্ডব—যুধিষ্ঠির, অর্জুন, ভীম, নকুল ও সহদেব কুরুক্ষেত্র যুদ্ধের আগে রাজগুরুর আজ্ঞা পালনে শক্তি সঞ্চয়ের নিমিত্ত ওই বিরাট রাজার রাজমহলে ছদ্মবেশে এক বছর অজ্ঞাতবাসে আশ্রয় নিয়েছিলেন। যুধিষ্ঠির রাজমন্ত্রক, অর্জুন নৃত্যগীত শিক্ষক (নপুংসক বৃহ্ননলা ছদ্মনামে) ভীম রাজ-পাচক, নকুল অশ্ব-পালক, সহদেব গো-পালক ও দ্রৌপদী রাজ-দাসি হিসেবে এই রাজপুরিতে আশ্রয় নিয়েছিলেন। অধিকাংশ ঐতিহাসিকদের মতে, খ্রিষ্টপূর্ব ৩০০ অব্দের দিকে মহাঋৃষি বেদব্যাস সংস্কৃত ভাষায় ওই কাহিনি লিপিবদ্ধ করেন। পরে কাশীরাম দাস ‘কাশীদাসি মহাভারত’রূপে কাব্য ছন্দে বাংলা ভাষায় এই কাহিনি রচনা করেন। এ ঘটনা সংঘটিত হয় ২/৩ শ বছর আগে গৌতম বুদ্ধের আবির্ভাবেরও আগে (গৌতম বুদ্ধের জন্ম খ্রিষ্টপূর্ব ৫৬৭ অব্দে, দেহত্যাগ-৪৮৭ অব্দে)। জানা যায়, বুদ্ধদেব যখন বৌদ্ধধর্ম প্রচার করছিলেন, তখন হস্তিনাপুরে পাণ্ডবদের রাজত্ব চলছিল (সিরাজগঞ্জের ইতিহাস-ফজলুর রহমান খাঁ)। ঐতিহাসিকদের মতে, মহাভারত গ্রন্থটি ঐতিহাসিক গ্রন্থ না হলেও ঐতিহাসিক সূত্র বটে। ওই গ্রন্থে রূপকোত্তীর্ণ বর্ণনা থাকলেও মূল বিষয়ে চিত্রিত হয়েছে অন্যায়-জুলুমের বিরুদ্ধে ন্যায় ও সত্যের লড়াইয়ের অনুকরণীয় ইতিহাস। মহাভারত সূত্র ও ঐতিহাসিকদের মতে, বিরাট রাজার শাসনামলে এ রাজ্যের নাম ছিল মত্স্যদেশ। মহাভারতের বিরাট পর্বে (৫৩৮-৬০৯ পৃষ্ঠা) বিরাট রাজা ও পঞ্চপাণ্ডবের যে কাহিনি উল্লেখ করা হয়েছে—তার মধ্যে বর্তমান রায়গঞ্জ, পাশের তাড়াশ, বগুড়ার ভবানীপুর ও মহাস্থান গড়সহ আদি জনপদের অনেক কাহিনি জানা যায়। প্রায় তিন হাজার বছরের প্রাচীন রাজমহলটি কালক্রমে মাটির গভীরে দেবে গেছে। এই বুরুজ থেকে প্রায় এক কিলোমিটার দক্ষিণে অর্জুনগড় নামক আরেক উঁচু টিলা রয়েছে। এখানে ছিল বিরাট রাজার নর্তকীদের নৃত্যশালা। বৃহ্ননলার (নপুংসক) ছদ্মবেশে আশ্রিত অর্জুন সেখানে নৃত্য-গীত শিক্ষক হিসেবে নিয়োজিত হয়েছিলেন। পরবর্তীকালে তাঁর নামানুসারে ওই স্থানের নামকরণ করা হয় অর্জুনগড়। পরবর্তীকালে জমিদার নবীন কিশোর চৌধুরী ওই স্থানে জয়দুর্গা মন্দিরসহ একটি আশ্রম প্রতিষ্ঠা করেন। সেবাইত হিসেবে নিয়োগপ্রাপ্ত হন সরজুবালা চৌধুরানি। অর্জুনগড়ে এখনো আশ্রমটি বিদ্যমান। আশ্রমের প্রায় ৩০ বিঘা জায়গাসহ কয়েকটি জলাশয় গ্রামীণ মত্স্য ও পশুসম্পদ ফাউন্ডেশন মাছচাষ করছে। এ ছাড়া কয়েকটি জলাশয় স্থানীয় প্রভাবশালীরা দখল করে রেখেছে। ধামাইনগর-নিমগাছি সড়ক লাগোয়া বিশাল এলাকার মধ্যস্থলের ওই আশ্রমটির সংস্কার ও এ স্থানের মনোরম জায়গা-জলাশয়গুলো উদ্ধার করে কিছু ভবন নির্মাণ করলে এটা হতে পারে পর্যটকদের পছন্দসই বিশ্রামকেন্দ্র।বিরাট নগরের রয়েছে আরও একটি স্বর্ণোজ্জ্বল ইতিহাস। কৃষক বিদ্রোহ তথা ফকির বিদ্রোহের অন্যতম নেতা ফকির মজনু শাহ (১৭৭০-১৭৭৪ খ্রিঃ) সুরক্ষিত গোপন আস্তানা গড়ে তুলেছিলেন বিরাট নগরের এই পোড়ো রাজমহলে। তখন প্রাসাদগুলো মাটির গভীরে এতটা প্রোথিত হয়নি। গভীর জঙ্গলাকীর্ণ ও বন্যামুক্ত দ্বীপের মতো ওই স্থানটির চারদিক ছিল জলরাশি পরিবেষ্টিত। ফকির মজনু শাহ্ ওই পোড়ো রাজমহলে গড়ে তোলেন বিদ্রোহীদের প্রশিক্ষণ দুর্গ। ওই স্থান থেকে ধারাবাহিকভাবে প্রশিক্ষণ দিয়ে ব্রিটিশ বাহিনীর বিরুদ্ধে চার বছরের অধিককাল যুদ্ধ পরিচালনা করেন তিনি। ১৭৭১ সালে ফকির মজনু শাহ্র অধীনস্ত বিদ্রোহীরা (সিরাজগঞ্জের ইতিহাস/চলনবিলের ইতিকথা) ব্রিটিশ পক্ষের তল্পিবাহক ময়মনসিংহের মুক্তাগাছার জমিদার মহারাজ চন্দ্র শেখর আচার্যকে বন্দী করে এনে ওই বিরাট রাজমহলের ধ্বংসাবশেষের গোপন কুঠিতে কিছুদিন আটক করে রেখেছিলেন। আজ সেই ঐতিহ্যবাহী স্থানটি পরিণত হয়েছে সাপ, শেয়াল, চামচিকা, বাদুর ও বাগডাসা জাতীয় বন্যপ্রাণীর অভয়ারণ্যে।কিছুদিন আগে এলাকার প্রভাবশালী কিছু ব্যক্তি এই এলাকার বিশাল পতিত জমিতে গাছ লাগিয়ে বেদখলের প্রচেষ্টা চালালে জেলা প্রশাসনের হস্তক্ষেপে তা বন্ধ হয়। বুরুজের শীর্ষস্থানে জন্ম নেওয়া বিশাল পাকুড়গাছের শিকড়ের ফাঁকে ফাঁকে দেখা যায় ধ্বংসপ্রাপ্ত রাজপ্রাসাদের নকশাখচিত কার্নিশ। স্থানীয় কতিপয় দুর্বৃত্ত গুপ্তধনের আশায় খোঁড়াখুঁড়ি করে এর বিপুল পরিমাণ ইট চুরি করে নিয়ে গেছে। সংরক্ষণের অভাবে এর স্মৃতিচিহ্ন এখন বিলীন হওয়ার পথে।প্রত্নতত্ত্ব বিভাগের মাধ্যমে এখানে খনন করা হলে মিলতে পারে ঐতিহাসক প্রামাণ্য অনেক উপকরণ তথা প্রাচীন যুগের ব্যবহার্য সামগ্রীসহ মূল্যবান সম্পদ। স্থানটির পরিচর্যা, সংরক্ষণ ও জাদুঘর নির্মাণসহ ‘পর্যটন স্পট’ করা হলে সরকারের বিপুল পরিমাণ রাজস্ব আয় ও প্রাচীন কীর্তিটির ঐতিহ্য রক্ষা পেতে পারে বলে বিজ্ঞমহলের ধারণা। সোনাখাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন বলেন, ‘এলাকায় এতবড় একটি প্রাচীন নিদর্শন রয়েছে, যা অনেকেরই অজানা। এটির রক্ষণাবেক্ষণ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নজর দেবেন বলে তিনি দাবি করেন।’ ধামাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রহমত আলী বলেন, বুরুজ নামে পরিচিত এ ঐতিহাসিক স্থান রক্ষা করে পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়ার উদ্যোগ নেওয়া দরকার। সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) এলাকার সংসদ সদস্য গাজী ইসহাক হোসেন তালুকদার বলেন, ‘বুরুজ এলাকা রক্ষণাবেক্ষণ করার জন্য এবং ঐতিহাসিক নিদর্শন খুঁজে বের করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর আবেদন জানাব।’