কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, ‘আপনারা জ্বালানি তেল ও সারের দাম স্থিতিশীল রাখুন। আমি আমার দেশের ধান-চালের দাম স্থিতিশীল রাখতে পারব। অযথা হিতোপদেশ দেবেন না।’আজ শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ধান ও চালের দামের স্থিতিশীলতা নিয়ে আয়োজিত এক বৈঠকে কৃষিমন্ত্রী এ কথা বলেন।মতিয়া চৌধুরী বলেন, ‘খাবারের দাম নিয়ে অনেকেই নীতি-কথা বলেন। কিন্তু আমরা যারা দেশ চালাই তাদেরকে জনগণের কথা চিন্তা করে কাজ করতে হয়। সরকারের প্রতিশ্রুতি ও দায়দায়িত্বের কথা মাথায় রেখে কথা বলতে হয়। প্রথমে আমরা দেশের মানুষকে খাওয়াতে চাই।’ কৃষিমন্ত্রী বলেন, ‘ধান-চাল নিয়ে অনেকে কথা বলেন, কিন্তু জরুরি প্রয়োজনে সাহায্য করেন না। দাম যতই বাড়ুক পরিস্থিতি আমাদেরই মোকাবিলা করতে হয়। কাজেই আমাদের অযথা হিতোপদেশ দেবেন না।’কৃষিমন্ত্রী বলেন, ‘ধান ও চালের দাম নিয়ে আমরা অনেক সজাগ। এবার দুটি কারণে এই সময়ে চালের দাম কিছুটা কম। প্রথমত, দক্ষিণাঞ্চলে এবার দুই লাখ টন চাল উত্পাদন হওয়ায় উত্তরবঙ্গ থেকে এই পরিমাণ চাল দক্ষিণবঙ্গে যাওয়ার প্রয়োজন হয়নি। আর উত্তরবঙ্গে সেই বিনা-৭ ধান উঠেছে। আড়তদারেরা বুঝেছেন চালের দাম আর বাড়বে না। তাই তারা বাজারে ধান ছেড়ে দিয়েছে। এ কারণেই ধান ও চালের দাম কিছুটা কম।’মতিয়া চৌধুরী বলেন, ‘তবে আমি খবর নিয়েছি, ধানের দাম বাড়তে শুরু করেছে। অযথা আমন নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।’ তিনি আরও বলেন, ‘জ্বালানি তেল ও সারের দাম বাড়লে এমনিতেই উত্পাদন খরচ বেড়ে যায়। আপনারা সেই বিষয় নিয়ে কথা বলুন। সেগুলো নিয়ে কথা না বলে অযথা একচোখা নীতি অবলম্বন করবেন না। তাই বড় বড় দাতা-সংস্থাগুলোর কাছে অনুরোধ, আমাদেরকে আমাদের মতো করে থাকতে দিন।’কৃষিমন্ত্রী বলেন, ‘এখন উত্তরবঙ্গে মঙ্গা নেই। মঙ্গা নিয়ে যাঁরা ব্যবসা করতেন, তাঁদের মন খারাপ।’কৃষিমন্ত্রী এনজিওগুলোর সমালোচনা করে বলেন, ‘ভিক্ষা দেওয়া ও নেওয়াকে অনেকে ক্রেডিট মনে করে। আমরা এর থেকে বেরিয়ে আসতে চাই। এ জন্য উত্পাদন বাড়ানোর কোন বিকল্প নেই।’অনুষ্ঠানটি আয়োজন করে ব্র্যাক ও বাংলাদেশ রাইস ফাউন্ডেশন এবং ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউট। এতে সভাপতিত্ব করেন কৃষিসচিব সি কিউ কে মোস্তাক আহমেদ। খাদ্যসচিব বরুণ দেব মিত্র, ব্র্যাকের নির্বাহী পরিচালক মাহবুব হাসান, অর্থনীতিবিদ সাজ্জাদ জহির প্রমুখ উপস্থিত ছিলেন।