অযথাই হর্ন বাজানো অপরাধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শহরের রাস্তাগুলোতে গাড়িচালকদের বেপরোয়া হর্ন বাজানো একটি অভ্যাসে পরিণত হয়েছে। তাতে শব্দদূষণ বা জনসাধারণের কোনো ক্ষতি হচ্ছে কি না, সেদিকে কোনো নজর নেই। দেখা যায়, দীর্ঘ যানজটের মধ্যেও বসে গাড়ির চালকেরা অনবরত হর্ন বাজাতে থাকে। অনেক সময় বিভিন্ন রকমের হর্ন বাজানোর প্রতিযোগিতা দেখা যায় চালকদের মধ্যে। এ ছাড়া স্কুল, কলেজ ও যেসব স্থানে হর্ন বাজানো নিষেধের কথা লেখা আছে, তা মেনে চলতে আদৌ কোনো গাড়ির চালককে দেখা যায় না। এ আইন মানার সময় যেন তাদের নেই।মাঝেমধ্যে ট্রাফিক পুলিশ কর্তৃপক্ষ এ উচ্চ শব্দে হর্ন বাজানো গাড়িগুলোকে জরিমানা করে থাকে। কিন্তু এতেও চালকদের টনক নড়ে না। এর জন্য তাদের কোনো সচেতনতা নেই। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি এ ব্যাপারে আরও কঠোর হয়, তাহলে শহরের এই শব্দদূষণ থেকে আমরা রক্ষা পেতে পারি।পাদটীকা: মোটরযান আইন ১৯৮৮-এর ১৩৮ ধারায় উল্লেখ আছে, যদি কোনো ব্যক্তি কিংবা মোটরগাড়ির মালিক বা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি মোটরযানে এমন ধরনের হর্ন বা শব্দ উৎপাদনকারী যন্ত্র সংযোজন বা ব্যবহার করেন, যা সংশ্লিষ্ট এলাকায় যথাযোগ্য কর্তৃপক্ষ এ আইন অনুযায়ী নিষিদ্ধ করেছে কিংবা কোনো নির্দিষ্ট স্থানে অনুরূপ হর্ন বা যন্ত্র ব্যবহার নিষিদ্ধ থাকা সত্ত্বেও তা ব্যবহার করেন, তবে সর্বোচ্চ ১০০ টাকা পর্যন্ত জরিমানা হবে।