অযুত পাখির অভিনব এক দৃশ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোনোমতে বেড়া ফাঁক করে মাথা একটু বের করতেই মনে হলো, মুখাবয়বের যে অংশ বান্দরটুপির বাইরে তাতে যেন কোনো বোধ নেই। বিশ্বাস হচ্ছিল না ওটা আমারই দেহের কোনো অংশ।একদিকে উত্তরের কনকনে হিমেল হাওয়া, প্রচণ্ড শীত ও তার সঙ্গে যোগ হয়েছে ঘন কুয়াশা। বুঝতে পারছিলাম না মোষের বাথান থেকে বাইরে পা রাখব কি রাখব না।হাতিয়ার অদূরে মৌলভীর চরে গেল সত্তরের দশকে রাখাল-কাম-চাষি মায় দিনমজুরদের গবাদিপশুর আবাসস্থলের সঙ্গে সামান্য বেড়া দিয়ে আলাদা করে দেওয়া মাচানসর্বস্ব বড় ছনের ঘরই ছিল আবাসস্থল, যেখানে থাকা-খাওয়া-ঘুমানো সবই চলত ওদের। কোনো বাথানে সংসারধর্ম পর্যন্ত চলত, যেখানে গাঁয়ের বধূর দর্শনও মিলত। ফজরের আজানের বেশ আগে, দূর আকাশ থেকে যে হঙ্ক হঙ্ক এবং তার ফাঁকে ফাঁকে মুড়ি ভাজার মতো ছন্দময় শমশম বা শোঁ শোঁ শব্দ ভেসে আসছিল, তার ফলে কিছুতেই বাঁশের বাতা পেতে খাটসদৃশ, মাটি থেকে হাত দুয়েক উঁচু করে বানানো মাচান, যা পূর্বাপর আচ্ছাদিত ছিল তেল চিটচিটে কাঁথায়, সেই আরাম বিছানা ছেড়ে বাইরে বের হতে ইচ্ছে করছিল না।কিন্তু দূর গগনে পরিযায়ী রাজহাঁসের পঙিক্ত, ঝাঁকে ঝাঁকে, সার বেঁধে হালকা বাতাসে মাথার চুলের লম্বা ফিতার মতো আন্দোলিত হয়ে ভেসে বেড়ানো বলাকার হঠাৎ উড়ে গতিপথ পরিবর্তন, বাঁক খেয়ে অন্যকে ধাপ্পা দেওয়ার ভঙ্গিতে বাতাসের সঙ্গে পাল্লা দিয়ে কসরত দেখানোর ফলে যে শমশম শব্দ, তার হাতছানি উপেক্ষা করতে পারলাম না। কোনোমতে আদ্যোপান্ত গরম কাপড়ে মুড়ে, অনেকটা তুন্দ্রা অঞ্চলের লোকদের মতো, কেবল চোখ ও নাক খোলা রেখে, বাথানের বেড়ার দরজা ঠেলে বের হলাম। গলায় ঝোলালাম দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার একজোড়া বশ অ্যান্ড লম্ব দুরবিন, যা আমাদের মুক্তিযুদ্ধের সময়কার ভারতীয় সমরপতি ফিল্ড মার্শাল মানেক শ ব্যবহার করতেন। তিনি ১৯৭৫ সালের ১১ নভেম্বর আমার কাছে ওটা বিক্রি করেন, যখন আমার ডক্টরেট ডিগ্রির মাঠের কাজ করার জন্য তাঁরই বাড়ির কাছে দক্ষিণ ভারতীয় নীলগিরি পাহাড়ের শহর কুনুরে থাকতাম। দুরবিনটা এখন আমাদের মুক্তিযুদ্ধ জাদুঘরের বৈদেশিক শাখায় রক্ষিত থাকার কথা।তখনো সূর্যের দেখা নেই। চারদিক দারুণ ঘন কুয়াশায় ঢাকা। অনেকটা শিশিরবৃষ্টি হচ্ছিল এবং পরনের বাটার কাপড়ের জুতো মুহূর্তেই ভিজে গেল।কোনো পাখি দেখছিলাম না। কিন্তু মেঘনার বিভিন্ন শাখা-উপশাখা পরিবেষ্টিত নদীর চরের ওপর যেন পরিযায়ী পাখিদের মেলা বসেছিল। ওদের দেখা না গেলেও ওদের কলকাকলিতে কান ঝালাপালা হয়ে যাচ্ছিল।কোনো কোনো সময় মনে হচ্ছিল, শব্দের গতির চেয়ে জোরে চলমান আকাশ মাড়িয়ে ওড়া ফাইটার জেটের বিকট শব্দের মতো ডানা ঝাপটানোর আওয়াজ তুলে মাথার ওপর দিয়ে উড়ে যাচ্ছিল পরিযায়ী বড় ও ছোট গুলিন্দা, ডোরা ও কালো লেজ জৌরালি, বড় বাটান, লাল-সবুজ ও চিত্রিত-পা পিউ এবং কাদাখোঁচা ও চ্যাগার দল। আর শুনছিলাম ওদের প্রজাতি-আপেক্ষিক ডাক।ছোটবেলায় গ্রামে-গঞ্জে মঞ্চস্থ নাটকের দৃশ্য পরিবর্তনের জন্য মা-খালার কাছ থেকে ধার করে জোড়া দেওয়া সাদা ধুতি বা যার যার ঘর থেকে আনা চাদর দিয়ে ড্রপ সিন সরানো হতো, তেমনি কে যেন কুয়াশার শামিয়ানা সরিয়ে দিল। বস্ফািরিত হয়ে গেল আমার চোখ।সে কী দৃশ্য! বিস্তীর্ণ সমতলভূমির মতো পড়ে থাকা নদীর চরের বালুকাবেলা এবং কাদাভূমির প্রায় সবটাই যেন জুড়ে বসে ছিল হাজার হাজার পাখি।এক চিমটি মোরগছানার আকার থেকে মস্তবড় রাজহাঁসের সাইজ, মেটে রং থেকে ধবধবে সাদা, বাদামি, ধূসর, পাকড়া, কমলা, গোলাপি, নীল, সবুজ, কালো ও বাহারি রঙের অসংখ্য পাখি বিল-বাঁওড়ে ফুটে থাকা জলজ উদ্ভিদের থোকা থোকা ফুলের মতো এখানে-সেখানে অলসভাবে বসে আছে।পানির কাছাকাছি ছিল পাতিহাঁস, সরলি, লেঞ্জা, জিরিয়া হাঁস, নীলশির, গোলাপিশির, পান্তামুখি, পিয়ং হাঁস, চখাচখি, বোঁচানাকসহ ১০-১২ প্রজাতির হাঁস। পানি থেকে সামান্য ওপরে উরি ঘাসবনে বিক্ষিপ্ত বিচরণ করছিল ধূসর রাজহাঁস, রাজহাঁস এবং সাদা কপাল রাজহাঁস। মাঝেমধ্যে তাদের বড় চ্যাপ্টা ঠোঁট দিয়ে কাঁচির আঘাতের মতো করে তারা কেটে নিচ্ছিল নতুন করে গজিয়ে ওঠা বুনো ধান বা উরির চাড়া।তাদের মাঝ দিয়ে স্বচ্ছন্দে ঘাস খাচ্ছে এবং আপন মনে ঘুরে বেড়াচ্ছে আমাদেরই রাতযাপনের বাথান থেকে আসা শতাধিক গবাদিপশু। ওদের মালিক রাখাল বালকেরাই আবার আমাদের গাইড। চর থেকে সামান্য দূরে, প্রায় হাঁটুপানিতে চলছিল প্রকৃতির এক অন্য খেলা। বিধবার ধবধবে সাদা পাড়হীন ধুতির রঙে রং আমাদের দেশের সবচেয়ে বড় ও দেশি যাঠুয়া বক, মাঝারি সাদা বক এবং ছোট সাদা বক সেকি আনন্দে মাছ তাড়িয়ে বেড়াচ্ছিল! মূলত পানির ওপরে ভেসে বেড়ানো নানা মাছের পোনা, কাকিলা, চেলা, বাটা প্রভৃতির ওপর তারা হামলা চালাচ্ছিল বেশি। ঠোঁটে একটা মাছ বাধলেই সে তা জোরে চেপে ধরে মাথাটা কয়েকবার ঝাঁকুনি দিয়ে মৃতপ্রায় মাছটাকে কায়দা করে ঘুরিয়ে-ফিরিয়ে তার মাথাটাকে নিজ দেহের দিকে করে খপাত করে গিলে ফেলে। চমৎকার সে দৃশ্য।ওদের দূরে, অনেকটা অচ্ছুতের মতো দূরত্ব বজায় রেখে চলা, মোহনা বা জলাভূমি অঞ্চলের সবচেয়ে বড় স্থানীয় পাখি মদনটাক ধীর-মন্থর গতিতে হাঁটুপানিতে হেঁটে হেঁটে বা কখনো ধ্যানে মগ্ন মুনিঋষির মতো এক পায়ে দাঁড়িয়ে ধীরে বহমান পানির ওপর কড়া নজর রেখে বেখেয়ালি কোনো মাছকে ত্বরিত ধরে গলাধঃকরণ করে, ডানাটা একটু ঝাঁকুনি দিয়ে যেন সে আবার তৈরি হলো তার মাছ নিধন উৎসবের জন্য।এ সময় দেখলাম সামনের বিশাল জলরাশির ওপর কালো মেঘের ছায়া। অবাক হলাম! সংবিৎ ফিরে পেলাম যখন পথপ্রদর্শক রাখাল বালক আমার দৃষ্টি ফেরাল আকাশের দিকে। বেগে ধাবমান কালো মেঘের মতো আকাশজোড়া হাজারে-বিজারে ঘূর্ণিপাক খাচ্ছে বারোয়ারি পরিযায়ী পাখির প্রজাতি—বিশেষ করে খোঁয়াজ, বাটান, চাপাখি এবং লাল-পা ঢেঙ্গাদের সঙ্গে শত শত শাহচখা বা শাচকা হাঁসদের সঙ্গে দেশি শামুকখোল, খুন্তেবক এবং কাস্তেচরা—নিচে বালুচরায় বসে থাকা পাখির দলের সঙ্গে মিলিত হওয়ার জন্য।তখন সূর্য কেবল দিগন্তরেখার কয়েক লগিগ ওপরে উঠেছে। এ সময় আকাশ থেকে ঝুপঝুপ করে পড়ল শত শত বড় পানকৌড়ির ছোট ছোট ঝাঁক। তাদের অনুসরণ করল দেশি পানকৌড়ি, গয়ার বা সাপাপাখি, বিদেশ থেকে পরিযায়িত হয়ে আসা অসংখ্য ধূসর বক। এরা সবাই নামল দূরের একটা চরে, যেখানে আগে থেকেই আশ্রয় নিয়েছিল অন্য কোনো বাথান থেকে আসা কয়েক শ মোষ।মোষের কালচে রংকে আড়াল করে চঞ্চলমতি শিশুর মতো এলোপাতাড়ি হাঁটছিল, দৌড়াচ্ছিল বা উড়ে গিয়ে শত শত গোবক বসছিল মোষের পিঠে। সেখান থেকে ঘাসবনে। মোষ বিচরণের ফলে ঘাসের ওপর বিশ্রামরত শতসহস্র ঘাসপোকা, ফড়িং, ফলং, শুঁয়োপোকা, মাজরাপোকা, গান্ধিপোকা, প্রজাপতি এবং মাকড়সা স্থানচ্যুত হওয়ার ফলে গোবক আলগোছে ওসব পোকামাকড়, কীটপতঙ্গ অনায়াসে ধরে খেতে পারে। তাই ঘটা করে গবাদিপশুকে অনুসরণ করে এ বক এবং সে জন্যই ওদের দেশি নাম গোবক এবং ইংরেজিতে ক্যাটল ইগরেট।এমন সময় পাশের প্যারাবনে রাত কাটানো গোবরে, ভাত, ঝুঁটি এবং গাংশালিকের শত-সহস্রাধিক নমুনার বিশাল বড় ঝাঁক, যা আমাদের ওপর দিয়ে উড়ে যাচ্ছিল তা গোবকদের খাবার ধরার ফলে যে হল্লাচিল্লা হচ্ছিল, সেটা টের পেয়ে আকাশেই অনেকটা ব্র্রেক কষার ভঙ্গিতে গতি শ্লথ করে, এঁকেবেঁকে নেমে এল চরের ওপর। সঙ্গে সঙ্গে তারা লেগে গেল পোকামাকড় ধরতে।ভাত এবং গোবরে শালিক কেবল যে মোষের পায়ের ফাঁকে ফাঁকে কীটপতঙ্গ ধরছিল তা নয়, তারা ব্যস্তসমস্ত হয়ে গোবকের মাঝে মাঝেও ঘুরে ফিরছিল। সবচেয়ে মজা করছিল ঝুঁটি এবং গাং শালিকের দল। তারা মোষের বিশাল পিঠকে অনেকটা চাটানের মতো ব্যবহার করে যখন-তখন ওখান থেকে উড়ে গিয়ে ধরছিল পোকামাকড়।পাখি সব করে রবের ফলে আশপাশের জঙ্গলবেষ্টিত সব চর থেকে ফিঙ্গে পাখিরা ধেয়ে আসছিল মোষ বিচরণকারী চরের দিকে। ওরা হলো পোকা ধরার এক বড় ওস্তাদ। ওদের অনুসরণ করল দুপ্রজাতির সুইচোরা। সুইচোরার মতো খুব কম পাখি আছে যারা ফুড়ুৎ করে উড়ে গিয়ে ডানায় ভর করেই আকাশ থেকে যেকোনো মৌমাছি, বোলতা, ভিমরুল ছিনিয়ে আনতে পারে।ওদের ওপর থেকে চোখ ঘোরাতে না-ঘোরাতেই আকাশে আবার একটি ছোট কালো ছায়া দেখা দিল। এবারকার কালপ্রিট আর কেউ নয়, আমাদের অতিপরিচিত অনেক পাতিকাক, সঙ্গে বেশ কিছু দাঁড়কাক। ওরা খাবার খায় এলোপাতাড়িভাবে। স্থানীয় এবং পরিযায়ী পাখিদের হাঁকডাকে মোষচারণের চরে আরও এল বুলবুলি, সিপাহি বুলবুলি, তিলা ও ধবল ঘুঘু। তাদের সঙ্গে যোগ হলো শত শত চড়ুই ও বাবুই পাখি। আকাশ ফাঁকা যাচ্ছে দেখে সেখানে খাবার জোগাড়ের জন্য হাজির হলো সারাক্ষণ ডানায় ভর করে চলা পরিযায়ী আবাবিল এবং দেশীয় নাকুট ও নাককাটি নামের খুদে পাখির দল। ডাঙা থেকে কিছুটা দূরত্ব রেখে পানিতে ভেসে বেড়ানো পূজার ফুলে নহরের মতো ভেসে চলছিল জলকবুতর, গঙ্গকৈতর বা সি-গালদের বিরাট ঝাঁক। তাদের মাথার ওপর থেকে বাতাসে ভর করে পানির ওপর তাক করে হোবারিং করছিল ডজন ডজন গাংচিল বা টার্ন এবং হঠাৎই ঝাঁপিয়ে পড়ছিল পানিতে ভাসমান মাছের ওপর। মাছ ধরতে ধরতে তারা কিছুটা ডুবে যাচ্ছিল। কিন্তু পর মুহূর্তেই যে গতিতে তারা ডুবে নিচে যাচ্ছিল ঠিক তার বিপরীত গতি সঞ্চয় করে তারা পানির ওপর ভাগ ফাঁক করে বীরবিক্রমে বেরিয়ে আসছিল এক অভিনব কায়দায়। এরপর বাতাসে ভেসে ভেসেই তারা ঠোঁটের বিশেষ কসরতের মধ্য দিয়ে মাছটাকে গলাধঃকরণ করার দারুণ খেলায় মেতে ছিল।এমন সময় পাখির এমন বিশাল মেলায় যোগদান করতে না পেরে নাখোশ হলো সুদূর হিমালয় ও তার উত্তরের দেশ থেকে আসা জলার চিল, টিকা বাউরি ও মেঠো চিল। তারা হামলা চালাল মাটি কামড়ে চলা এবং শস্যকণা বা কীটভুক ধুল চড়াই, বালুচাটা, মেঠো পিপিট, বাহারি পালকের ও দারুণ চঞ্চলমতি, লেজ নাচিয়ে চলা খঞ্জনি পাখির ওপর। সঙ্গে আরও ধরল দু-একটি কাদাখোঁচা এবং ছোট বটের।খেলনা হেলিকপ্টারের মতো দিগন্তে যেই ভেসে উঠল পরিযায়ী বিশালাকারের বড় চিত্রা ইগল, তখন পাখিরা এমনভাবে ও বিকট শব্দে হাঁকডাক করে যে যেদিকে পারল সেদিকেই সটকে পড়ল। মাটি থেকে আকাশ ফাটানো পিটি-টু-ডু-ইট, পিটি-ডু-ইট চিৎকার করে, আশপাশের সবাইকে সতর্ক করে দিয়ে শত্রুর ভয়ে আকাশে উঠে গেল হট-টি-টি পাখির একজোড়া। সব সতর্কতা সত্ত্বেও মারা পড়ল নদীর তীরে খাবার খাওয়ার পর ঝিমানো ও বিশ্রামরত চখাচখির একটি নমুনা। যেমন আগন্তুকের মতো এসেছিল তেমনি মুহূর্তে সে হাওয়ায় মিলিয়ে গেল। মাঝখানে কেবল খোয়া গেল একটি চখাচখি।কখনো অন্যকে ধরে খাওয়া আর পর মুহূর্তে নিজেই অন্যের খাবারে পরিণত হওয়া প্রকৃতির সব বেখেয়ালিপনার মধ্যে একটি গতানুগতিক রীতি। এ সময় হঠাৎ আমার স্বপ্নভঙ্গ হলো। মাঝির দেওয়া মোটা লেপ সরিয়ে মাথা তুলতেই দেখলাম আমি মৌলভীর চরে নই, সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের গোলাবাড়ির আনসার ক্যাম্পের ঘাটে পরিযায়ী পাখি দেখার জন্য তাহিরপুর থেকে দুই দিনের জন্য ভাড়া করে আনা নৌকার পাটাতনের ওপর শুয়ে আছি। মাঝি ও আমার সফরসঙ্গী বিভোর ঘুমে।মনে হলো ওদের মতো অমন গভীর নিদ্রায় মগ্ন থাকলে অন্তত হাতিয়ার অদূরের মৌলভীর চর ও তার আশপাশের বিস্তীর্ণ এলাকায় নতুন জেগে ওঠা চরের পাশের পানিতে জলকেলি করা, আকাশ চষে কীটপতঙ্গ মন্থন করে আনা, পানি থেকে ছোঁ মেরে মাছ তুলে নিয়ে আসা বা মোষের পিঠে সফর করে পোকা হরণ করার মতো অযুত পাখির অভিনব সব দৃশ্য দেখে আরও কিছুটা মুগ্ধচিত্তে রাতের বাকি প্রহরগুলো কাটাতে পারতাম। সে সৌভাগ্য আমার বা আপনাদের কারও ভাগ্যে আর কি হবে?রেজা খান: প্রকৃতিবিদ, পক্ষী বিশেষজ্ঞ। প্রধান, দুবাই চিড়িয়াখানা।