অযোধ্যা মামলার রায় সাম্প্রদায়িক ঐক্য বাড়াবে: বিচারপতি এস ইউ খান
অযোধ্যার রামের জন্মভূমি-বাবরি মসজিদের জমি বিতর্ক মামলার রায়ের কয়েক দিন পার হলেও ভারতের কোথায়ও কোনো সাম্প্রদায়িক অশান্তির ঘটনা ঘটেনি। বরং দেশের অধিকাংশ মানুষ, রাজনীতিবিদ ও বুদ্ধিজীবীরা এ রায়কে স্বাগত জানিয়েছেন। এই মামলার তিন বিচারকের মধ্যে একজন ছিলেন এস ইউ খান। পুরো নাম সিবাগতউল্লাহ খান। রায়ে তিনি মন্তব্য করেছেন, এই রায়ের সূত্র ধরে বিশ্বে ইসলাম সম্পর্কে সঠিক বার্তা পৌঁছে দেবে। এই রায় সাম্প্রদায়িক ঐক্য বাড়াবে। ভারতীয় মুসলমানেরা সংখ্যাগরিষ্ঠ না হলেও তাঁদের সংখ্যা চোখে পড়ার মতো। এ ছাড়া তাঁদের সঙ্গে রয়েছে পূর্বপুরুষদের থেকে বংশানুক্রমে পাওয়া অর্জিত জ্ঞান। ফলে তাঁরা সারা বিশ্বে ইসলাম সম্পর্কে সঠিক বার্তা পৌঁছে দেওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। তিনি আরও স্মরণ করিয়ে দেন, সারা বিশ্বের মানুষ ইসলাম সম্পর্কে আগ্রহী। আর তাই এই পরিস্থিতিতেই সেই কাজ শুরু করার পক্ষপাতি তিনি। এই মামলার অন্যতম বাদী মহম্মদ হাসিম আনসারি গত শুক্রবার অযোধ্যায় বলেছেন, আর মামলা নয়, এবার সময় এসেছে হিন্দু-মুসলিমের বন্ধুত্ব করার। ১৯৬১ সালে তিনিই ফৈজাবাদ আদালতে মামলা করেছিলেন। দাবি করেছিলেন, বাবরি মসজিদকে স্বীকৃতি দিয়ে বিতর্কিত জমি ফিরিয়ে দেওয়া হোক তাদের। এই মামলা নিয়ে দীর্ঘ ৫০ বছর লড়েছেন তিনি। বৃহস্পতিবার এই মামলার রায় ঘোষণা পর তিনি বলেছেন, 'আর মামলা নয়, এবার আমরা হিন্দু-মুসলিমেরা মিলেমিশে থাকতে চাই। বিবাদ নয়, বন্ধুত্ব হোক আমাদের।'