অযোগ্য কোম্পানি নিয়োগের পাঁয়তারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দরপত্র-প্রক্রিয়ায় অযোগ্য বিবেচিত একটি কোম্পানিকে কাজ দেওয়ার তৎপরতাকে কেন্দ্র করে বড়পুকুরিয়া কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের সম্প্রসারণ আবার অনিশ্চিত হয়ে পড়েছে। সরকারের সঙ্গে ঘনিষ্ঠ একটি মহল কোম্পানিটির পক্ষে ওই তৎপরতা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে।বিদ্যুৎ মন্ত্রণালয় সূত্র জানায়, ২৫০ মেগাওয়াট ক্ষমতার সম্প্রসারণকাজের দরপত্রে অংশ নিয়ে অযোগ্য হওয়া কোম্পানিটি হচ্ছে চীনের হারবিন ইলেকট্রিক ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেড। তার সঙ্গে যৌথ উদ্যোগে আছে সিসিসি ইঞ্জিনিয়ারিং নামের একটি প্রতিষ্ঠান।সূত্র জানায়, হারবিন কাজটির জন্য আর্থিক মূল্যায়নে যোগ্য বিবেচিত না হলেও তাদেরই কাজটি দিতে বিভিন্ন কৌশল করা হচ্ছিল। এই অবস্থায় যোগ্য বিবেচিত কোম্পানিটি (এটিও চীনের, সিএমসি-এসইসি কনসোর্টিয়াম) পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিটে (সিপিটিইউ) অভিযোগ করে। এর পরিপ্রেক্ষিতে সিপিটিইউ অভিযোগের বিষয়ে সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত দরপত্র-প্রক্রিয়া বন্ধ রাখতে বলেছে।বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রটি সম্প্রসারণের সরকারি পরিকল্পনা প্রায় এক দশক আগের। প্রথমে বিদ্যমান কেন্দ্রটির প্রতিটি ১২৫ মেগাওয়াট করে দুটি ইউনিটের (মোট ২৫০ মেগাওয়াট) সঙ্গে ১২৫ মেগাওয়াটেরই আরেকটি ইউনিট স্থাপনের পরিকল্পনা ছিল। পরে বর্তমান সরকারের আমলে আরও ২৫০ মেগাওয়াট ক্ষমতা সম্প্রসারণের সিদ্ধান্ত নেওয়া হয়। ওই কেন্দ্র চালানোর জন্য বড়পুকুরিয়া খনি থেকে কয়লা সরবরাহেরও ব্যবস্থা রয়েছে। কিন্তু বিদ্যুৎকেন্দ্র সম্প্রসারণের কাজ এগোতে পারছে না।এবার যে কোম্পানির কারণে কাজটি অনিশ্চিত হয়ে পড়েছে, সেই হারবিন এ দেশের বিদ্যুৎ খাতে অনেক দিন ধরে কাজ করছে। কিন্তু প্রায় প্রতিটি ক্ষেত্রেই তারা সমস্যা সৃষ্টি করেছে। মন্ত্রণালয় সূত্র জানায়, ফেঞ্চুগঞ্জ ৯০ মেগাওয়াট কেন্দ্রটির নির্মাণকাজ সম্পন্ন করার পরও তারা প্রায় দুই বছর সেটি বন্ধ করে রাখে। চাঁদপুর ১৫০ মেগাওয়াট কেন্দ্রের কাজ পেতে তারা বিভিন্ন কূটকৌশল করেছিল। ফলে শেষ পর্যন্ত তাদের সে কাজ থেকে বাদ দিয়ে দেয় বর্তমান সরকার। টঙ্গী ১০০ মেগাওয়াট কেন্দ্র স্থাপনের ক্ষেত্রেও তাদের বিরুদ্ধে নানা অভিযোগ ছিল। হারবিনকে সরকার একবার কালো তালিকাভুক্তও করেছিল। পরে আবার তা প্রত্যাহার করা হয়। মন্ত্রণালয় সূত্র জানায়, এবার হারবিনকে কাজটি দেওয়ার জন্য কিছু কৌশল অবলম্বন করে একটি প্রতিবেদন তৈরি করা হয়। কিন্তু সিএমসি-এসইসি সেটি ড. কামাল হোসেন অ্যান্ড অ্যাসোসিয়েটকে দিয়ে আলাদাভাবে মূল্যায়ন করায়। তাতে দেখা যায়, হারবিন সার্বিক বিবেচনায় প্রথম সর্বনিম্ন দরদাতা হিসেবে বিবেচিত হতে পারে না। এই মূল্যায়নের ভিত্তিতেই সিএমসি-এসইসি অভিযোগ দায়ের করে সিপিটিইউতে।মূল্যায়ন প্রতিবেদনে দেখা যায়, দরপত্রের চাহিদা অনুযায়ী হারবিন অভিজ্ঞতার সনদ দেয়নি। যেসব যন্ত্রপাতি ও যন্ত্রাংশ চাওয়া হয়েছে, তার কোনো কোনোটি দেওয়ার কথা দরপত্রে উল্লেখ করেনি। সেগুলোর দামও ধরেনি। এভাবে তারা তাদের দরপ্রস্তাব কম রেখেছে। কিন্তু দরপত্র অনুযায়ী ওই যন্ত্রাংশগুলোর উল্লেখ না থাকায় হারবিনের দরপ্রস্তাব বাতিল হয়ে যাওয়ার কথা।বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সূত্র জানায়, হারবিন এর আগেও যেসব দরপত্রে অংশ নিয়েছে, তার প্রতিটিতে কোনো না কোনো যন্ত্রাংশ সরবরাহের বিষয় উল্লেখ না করে প্রস্তাবিত দর কম দেখিয়ে কাজ নিয়েছে। পরে কোনোভাবে যোগসাজশ করে কম দামের অন্য যন্ত্রাংশ সরবরাহ করেছে। অর্থাৎ হারবিনের এই কৌশল নতুন নয়।হারবিনের কারণে প্রতিবারই কাজে ঝামেলা হয়েছে বলে উল্লেখ করে পিডিবি ও মন্ত্রণালয় সূত্র জানায়, বড়পুকুরিয়ার কাজটি জরুরি ভিত্তিতে শেষ করা বিদ্যুৎ খাতের জন্য গুরুত্বপূর্ণ ছিল। তবে এখন তা ঝুলে তো গেছেই, অনেকটা অনিশ্চিতও হয়ে পড়েছে।বিষয়টি সম্পর্কে জানতে চাইলে পিডিবির চেয়ারম্যান আবদুল ওয়াহাব খান প্রথম আলোকে বলেন, পিডিবি দরপত্র মূল্যায়ন করে মন্ত্রণালয়ে পাঠিয়েছে। এখন সিদ্ধান্ত নেওয়ার নির্দেশনা দেবে মন্ত্রণালয়।