অযোধ্যা মামলার রায়ের বিরুদ্ধে মুসলমানদের আপিল
বাবরি মসজিদের জায়গার মালিকানা নিয়ে অযোধ্যার লক্ষৌ হাইকোর্ট বেঞ্চের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল করেছে জমিয়াত-উলামা-ই-হিন্দ নামের একটি মুসলিম সংগঠন।লক্ষৌ হাইকোর্ট প্রায় দুই মাস আগে এ ব্যাপারে রায় ঘোষণা করেন এবং জমির মালিকানা দুই ভাগ হিন্দু ও এক ভাগ মুসলমানদের মধ্যে ভাগ করে দেওয়ার আদেশ দেওয়া হয়।জমিয়াত-উলামা-ই-হিন্দ বলছে, ওই রায় প্রমাণের ভিত্তিতে নয়, বরং হিন্দুধর্মীয় বিশ্বাসের ওপর ভিত্তি করে দেওয়া হয়েছে। হিন্দুরা মনে করে, ওই স্থানে তাদের অবতার রাম জন্মগ্রহণ করেন। জমিয়াত-উলামা-ই-হিন্দের করা আপিলে ১১ হাজার পৃষ্ঠার যুক্তিতর্ক উপস্থাপন করা হয়েছে।জমিয়াত-উলামা-ই-হিন্দের আইনজীবী আনিস সুহরাওয়ার্দী বলেন, এ রায়ের আইনগত ভিত্তি নেই।আনিস সুহরাওয়ার্দী আরও বলেন, ‘হাইকোর্টের এই রায় আইনানুগভাবে টেকসই নয়। বিচারব্যবস্থায় কোনো বিশ্বাস বা কুসংস্কারের স্থান নেই। আমাদের একটি লিখিত সংবিধান রয়েছে। লিখিত সংবিধানে আইন আছে। যদি সেখানে আইন থাকে, তবে আমাদের আপিল করা উচিত।’হিন্দুদের দাবি, তাদের অবতার রামের জন্মস্থানে বাবরি মসজিদ নির্মাণ করা হয়েছে। এই বিশ্বাসের ভিত্তিতে ১৯৯২ সালে একদল উগ্রপন্থী হিন্দু বাবরি মসজিদ ভেঙে ফেলে। এ নিয়ে তখন দেশটিতে হিন্দু-মুসলিম দাঙ্গা বাধে। ওই দাঙ্গায় হাজার হাজার মানুষ নিহত হয়। বিবিসি।