অযোধ্যা মামলায় সরকারের আর কোনো ভূমিকা নেই: পি চিদাম্বরম
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম আজ শুক্রবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, এলাহাবাদ হাইকোর্টের লক্ষৌ বেঞ্চ অযোধ্যা মামলার সুষ্ঠু রায় দিয়েছেন। এ ব্যাপারে সব দায়দায়িত্ব এখন আদালতের। সরকারের এখন দেশের আইনশৃঙ্খলার দিকে নজরদারি করা ছাড়া আর কোন দায়িত্ব নেই। এদিকে অযোধ্যার বাবরি মসজিদ জমি বিতর্ক মামলার রায় দেওয়ার পর আজ ভারতের কোথাও কোনো সহিংস বা অস্থিতিশীল ঘটনা ঘটেনি। মামলার রায় নিয়ে দুই সম্প্রদায়ের মধ্যে বিতর্ক থাকলেও কোথাও এ নিয়ে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও জানিয়েছে, বাবরি মসজিদের বিতর্কিত জমির মামলার রায় নিয়ে দেশে উদ্বেগ-উত্কণ্ঠা থাকলেও কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।মামলার এ রায় নিয়ে মুসলিম ও হিন্দু সম্প্রদায় খুব বেশি সন্তোষ প্রকাশ করেনি। তবে কেউই বিক্ষোভের পথ বেছে নেয়নি। বরং সব ধর্মীয় সংগঠনের পক্ষ থেকে দেশবাসীর কাছে সংযমী হওয়ার আহ্বান জানানো হয়েছে। বলা হয়েছে, এ রায়ের বিরুদ্ধে ক্ষোভ থাকলে তা সুপ্রিম কোর্টে জানাতে হবে। এর মধ্যেই সুন্নি ওয়াকফ বোর্ড এবং হিন্দু মহাসভা জানিয়েছে, তারা এ রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করবে। পাশাপাশি বিশ্ব হিন্দু পরিষদ বলেছে, তারা বিতর্কিত সব জমি পাওয়ার জন্য সুপ্রিম কোর্টে যাবে। তবে অযোধ্যায় পুরোপুরি শান্তি বিরাজ করছে। যদিও এখনো অযোধ্যায় কড়া নিরাপত্তা বজায় রয়েছে। শহরে আধা সামরিক বাহিনীর সদস্যরা টহল দিচ্ছেন। এ রায় নিয়ে অযোধ্যায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। অযোধ্যার মতো ভারতের বড় বড় শহরেও নিরাপত্তা জোরদার করা হয়েছে। দিল্লি, মুম্বাই, চেন্নাই, বেঙ্গালুরু, হায়দরাবাদ, লক্ষৌ, আহমেদাবাদ, পাটনা, এলাহাবাদ, কানপুর, কলকাতাসহ ভারতের স্পর্শকাতর বিভিন্ন শহরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পশ্চিমবঙ্গেও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় আছে।ভারতের লোকসভার সাবেক স্পিকার ও প্রবীণ কমিউনিস্ট নেতা সোমনাথ চট্টোপাধ্যায় অযোধ্যা মামলার রায় নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেছেন, ‘হিন্দু-মুসলমানকে নিয়ে আমাদের ভারতবর্ষ। আমার অনুরোধ ধর্ম এবং রাজনীতিকে নিয়ে হিংসা ছড়াবেন না।’অন্যদিকে গতকাল বৃহস্পতিবার রাম জন্মভূমি বাবরি মসজিদ মামলার রায়ে বিচারক এস ইউ খান বলেছেন, ১৯৯২ সালের ৬ ডিসেম্বরের মতো ঘটনার আর যাতে পুনরাবৃত্তি না ঘটে সে ব্যাপারে জাতিকে সতর্ক থাকতে হবে। তিনি নবী হজরত মুহাম্মদ (সা.) এবং ভগবান রামের ত্যাগ, মহত্ত্ব এবং সহিষ্ণু আচরণের উল্লেখ করে এ কথা বলেন। গতকাল বৃহস্পতিবার রায় দেওয়ার সময় বিচারক খান বলেন, ভারতে এখন পর্যন্ত যে সহনশীলতা বজায় আছে, তা প্রশংসনীয়। ১৯৯২ সালের চেয়ে বিশ্ব এখন অনেকটাই শান্তিকামী। তাই শান্তি বজায় রাখতে সবাইকে আরও সচেতন থাকার আহ্বান জানান তিনি। ২৮৫ পৃষ্ঠার বিচারের রায়ে বিচারক এস ইউ খান আরও বলেন, বিশ্বে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে হিন্দু, মুসলিমসহ সব সম্প্রদায়কে সহযোগিতার ভিত্তিতে কাজ করে যেতে হবে।