অযোধ্যার জমিসংক্রান্ত এলাহাবাদ হাইকোর্টের রায় স্থগিত
ভারতের অযোধ্যায় বিরোধপূর্ণ রামজন্মভূমি-বাবরি মসজিদের স্থানটিকে তিন ভাগে ভাগ করে তিনটি পক্ষকে দেওয়ার এলাহাবাদ হাইকোর্টের দেওয়া আদেশ সুপ্রিম কোর্ট আজ সোমবার স্থগিত করেছেন। বিচারপতি আফতাব আলম ও বিচারপতি আর এম লধার সমন্বয়ে গঠিত বেঞ্চ হাইকোর্টের আদেশকে ‘অদ্ভুত ও বিস্ময়কর’ উল্লেখ করে এ স্থগিতাদেশ দেন। আজ ভারতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা পিটিআইয়ের অনলাইনে পরিবেশিত এক সংবাদে এ তথ্য জানানো হয়েছে।গত বছরের ৩০ সেপ্টেম্বর এলাহাবাদ হাইকোর্টের আদেশে বলা হয়, জমিটি তিন ভাগে ভাগ করা হবে। এর এক ভাগ মুসলিম সুন্নি ওয়াকফ বোর্ড, এক ভাগ নির্মোহী আখড়া এবং আরেক ভাগ পাবে রাম লালা গোষ্ঠী। আজ সুপ্রিম কোর্টের পক্ষ থেকে বলা হয়, কেউ ওই জমি ভাগাভাগির জন্য আবেদন জানায়নি। অথচ হাইকোর্ট তা ভাগ করে দিয়েছে। এটা সত্যিই অদ্ভুত ও বিস্ময়কর।হাইকোর্টের রায় স্থগিত করার পাশাপাশি বিতর্কিত ওই এলাকার ৬৭ একরের মধ্যে সব ধরনের ধর্মীয় কর্মকাণ্ড পরিচালনার ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।জানা যায়, বাবরি মসজিদের ওই স্থানে রামের জন্মভূমি ছিল বলে তা নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। এই বিতর্কের জেরে ১৯৯২ সালে উগ্র হিন্দুরা বাবরি মসজিদ ভেঙে ফেলে। এরপর ভারতজুড়ে সাম্প্রদায়িক দাঙ্গায় কয়েক হাজার মানুষ নিহত হয়।