ভারতের উত্তর প্রদেশের অযোধ্যার বাবরি মসজিদ ও রামমন্দির বিরোধ নিয়ে আলোচিত মামলার রায় ঘোষণা করা হয়েছে গতকাল বৃহস্পতিবার। রায়ে আদালত বিরোধপূর্ণ জমিটি ভাগাভাগি করার নির্দেশ দিয়েছেন। মুসলিম সম্প্রদায়ের সুন্নি ওয়াক্ফ বোর্ড এক-তৃতীয়াংশ এবং নির্মোহী আখড়া ও রামলালা গোষ্ঠী নামে হিন্দুধর্মীয় দুটি সংগঠন বাকিটা পাবে।বিচারপতি ডি ভি শর্মা, বিচারপতি এস ইউ খান ও বিচারপতি সুধীর আগরওয়ালের সমন্বয়ে গঠিত উত্তর প্রদেশের এলাহাবাদ হাইকোর্টের লক্ষৌ বেঞ্চ গতকাল বিকেলে ঐতিহাসিক এই রায় দেন। মামলার উভয় পক্ষই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করবে বলে জানিয়েছে। এএফপি, রয়টার্স, এনডিটিভি।আদালতের রায়ে বলা হয়, মোগলসম্রাট বাবর মসজিদ নির্মাণের আগে ওই স্থানটিতে যে একটি মন্দির ছিল, তার প্রত্নতাত্ত্বিক প্রমাণ রয়েছে। যে স্থানে বাবরি মসজিদের স্থাপনা ছিল, তা পাবে হিন্দুরা।অন্যতম বাদী হিন্দু সংগঠনের আইনজীবী রবিশঙ্কর প্রসাদ বলেন, ‘সংখ্যাগরিষ্ঠ বিচারক বলেছেন, অতীতে সাদামাটাভাবে নির্মিত একটি মন্দিরের স্থানেই রামের জন্মস্থান।’ভারতের ক্ষমতাসীন দল কংগ্রেস ও প্রধান বিরোধী দল বিজেপি রায়ের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে। বাবরি মসজিদ ভাঙার সঙ্গে জড়িত জঙ্গি হিন্দুদের আদর্শিক মিত্র বিজেপি এ রায়কে স্বাগত জানিয়েছে।রায়ের পর প্রধানমন্ত্রী মনমোহন সিং নিরাপত্তাবিষয়ক মন্ত্রিসভা কমিটিকে নিয়ে এক বৈঠক করেন।বাবরি মসজিদ ও রামের জন্মভূমি নিয়ে এ বিরোধ স্বাধীনতা-পরবর্তী ভারতের সবচেয়ে জটিল ও স্পর্শকাতর রাজনৈতিক ইস্যুগুলোর একটিতে পরিণত হয়েছে। এ নিয়ে বিতর্কের সূত্রপাত হয় ১৯৪৯ সালে।নয়াদিল্লির জামে মসজিদের ইমাম সৈয়দ আহমেদ বুখারি তাঁর প্রতিক্রিয়ায় বলেছেন, ‘অন্ধবিশ্বাসের ওপর নির্ভর করে এই রায় দেওয়া হয়েছে; বিচারকদের কাছে যেসব সাক্ষ্যপ্রমাণ উপস্থাপন করা হয়েছে, তার ভিত্তিতে নয়।’ বুখারি আরও বলেন, ‘আমরা রায়ে অবশ্যই খুশি না। আমরা মসজিদ পুনর্নির্মাণের দাবি ছাড়ছি না।’ ভারতের মুসলমানদের ওপর দিল্লির জামে মসজিদের ইমামের ব্যাপক প্রভাব আছে বলে মনে করা হয়।রায় ঘোষণাকে কেন্দ্র করে ভারতের প্রধান নগরগুলোসহ দেশজুড়ে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছিল। সম্ভাব্য সহিংসতা এড়াতে হিন্দু-মুসলমান শান্তিমিছিলের আয়োজন করা হয়।হিন্দুদের বিশ্বাস, মোগলসম্রাট বাবরের সময় নির্মিত বাবরি মসজিদের স্থানটিতেই তাদের ধর্মাবতার রামের জন্ম। অনেকের দাবি, রামমন্দির ভেঙেই সেখানে মসজিদ তৈরি করা হয়েছিল। এ বিরোধের জের ধরে উগ্র হিন্দুত্ববাদীরা রামমন্দির তৈরির লক্ষ্যে ১৯৯২ সালের ৬ ডিসেম্বর বাবরি মসজিদ ভেঙে ফেলে। এর প্রতিক্রিয়ায় ভারতজুড়ে সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হয়। এতে অন্তত দুই হাজার মানুষ নিহত হয়।মামলার মুসলিম পক্ষের আইনজীবী জাফারাব জিলানি জানান, তাঁরা এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন। জিলানি বলেন, ‘এই রায় কোনো পক্ষের জয় বা পরাজয় নয়, বরং এই সমস্যা সমাধানের দিকে একটি পদক্ষেপ। আমরা আশা করি, ভবিষ্যতে এ সমস্যার সমাধান হবে।’হিন্দুদের পক্ষে মামলার অন্যতম বাদী এইচ এস জৈন জানান, তিনি রায়ের বিরুদ্ধে আপিল করবেন। জৈন দাবি করেন, এটি হিন্দুদের জমি। ‘রাম জন্মভূমি ট্রাস্ট’-এর সভাপতি ও আইনজীবী নৃত্য গোপাল দাস মহারাজ বলেন, ওই স্থানে রামের জন্মস্থান ছিল—আদালত ঐতিহাসিক এই বিষয়টি স্বীকার করে নিয়েছেন। হিন্দুদের জন্য এটাই আনন্দের ব্যাপার। তবে এই রায়ের বিরুদ্ধে তাঁরা সুপ্রিম কোর্টে যাবেন।রায়ে বাবরি মসজিদ এলাকা এখন যে অবস্থায় আছে, আগামী তিন মাস ঠিক সেই অবস্থায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সুষ্ঠুভাবে জমি ভাগাভাগির জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রসঙ্গত, বিরোধপূর্ণ জমির আয়তন ২ দশমিক ৭ একর।প্রতিক্রিয়া: নয়াদিল্লি প্রতিনিধি দীপাঞ্জন রায় চৌধুরী জানান, রায়ের পর কংগ্রেসের প্রধান সোনিয়া গান্ধী ও প্রধানমন্ত্রী মনমোহন সিং দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে নিরাপত্তাব্যবস্থা নিয়ে কংগ্রেস কোর গ্রুপের বৈঠক করেন। বৈঠকের পর প্রধানমন্ত্রী মনমোহন ‘মতলবাজদের’ গুজব ছড়ানো থেকে সতর্ক থাকার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) রায়কে স্বাগত জানিয়েছে। বিজেপির জ্যেষ্ঠ নেতা এল কে আদভানি দলের শীর্ষ নেতাদের বৈঠকের পর সাংবাদিকদের বলেন, এই রায়ে সেখানে মন্দির নির্মাণের পথে উল্লেখযোগ্য অগ্রগতি হলো। রায়ে জাতীয় সংহতি ও আন্তসম্প্রদায় সম্পর্কের ক্ষেত্রে নতুন যুগের শুরু হলো। বিজেপির নেতা ও কট্টরপন্থী হিসেবে পরিচিত গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘এখন অযোধ্যায় রামমন্দির নির্মাণের পথ খুলে গেল।’রায়কে স্বাগত জানিয়ে হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভগৎ বলেন, ‘আমি অতীত ভুলে যাওয়ার জন্য মুসলমানদের প্রতি আহ্বান জানাচ্ছি। আদালতের রায়ের ফলে আমরা পাশাপাশি কাজ করার সুযোগ পেয়েছি।’ বাবরি মসজিদ ধ্বংসের পরিকল্পনাকারী নেতাদের অন্যতম এই মোহন ভগৎ।সিপিআই (এম) এক বিবৃতিতে শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, ‘রায়ের প্রকৃতি নিয়ে প্রশ্ন থাকতে পারে। তবে সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টেই এই ইস্যুর সমাধান হতে পারে।’মুম্বাই প্রতিনিধি প্রশান্ত কুন্ডু জানান, রায় ঘোষণার পরপরই বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ের রাস্তা সুনসান হয়ে যায়। ব্যাংকগুলোতে পূর্বনির্ধারিত ছুটি ছিল। সরকারি, বেসরকারি বিভিন্ন দপ্তরে ছিল অঘোষিত ছুটির পরিবেশ। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে দুপুরের দিকে ছুটি দেওয়া হয়। রাস্তায় গাড়ির সংখ্যা ছিল হাতেগোনা।কলকাতা প্রতিনিধি অমর সাহা জানান, কলকাতার ৪৮টি থানার মধ্যে ১৮টিকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য রায়ের আগে আশা প্রকাশ করে বলেছিলেন, সব পক্ষ আদালতের এই রায় মেনে নেবে। তৃণমূল কংগ্রেসের নেত্রী ও কেন্দ্রীয় রেলমন্ত্রী মমতা ব্যানার্জি রায় মেনে সৌহার্দ্য বজায় রাখার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। কড়া নিরাপত্তাব্যবস্থা: সহিংসতার আশঙ্কায় ভারতজুড়ে আগে থেকেই কড়া সতর্কতা নেওয়া হয়। উত্তর প্রদেশের শীর্ষ সরকারি কর্মকর্তা শশাঙ্ক শেখর সিং জানান, সহিংসতা এড়াতে রাজ্যে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর দুই লাখ সদস্য মোতায়েন করা হয়। সহিংসতা ঠেকাতে ১০ হাজারেরও বেশি লোককে আটক করে পুলিশ। নিরাপত্তা বাহিনী হেলিকপ্টার নিয়ে আকাশে টহল দেয়। দেশের ৩২টি স্থানকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করে সেই অনুযায়ী প্রস্তুতি নেওয়া হয়। প্রেক্ষাপট ও বিতর্ক: বাবরি মসজিদ নিয়ে হিন্দু-মুসলমানদের মধ্যে বিতণ্ডা চলছে ১০০ বছরের বেশি সময় ধরে। হিন্দুদের দাবি, ১৫২৮ সালে মোগলসম্রাট বাবরের নির্দেশে রামমন্দির ভেঙে মসজিদ নির্মাণ করা হয়।মুসলমানদের বক্তব্য, তারা বহুদিন ধরে ওই মসজিদে নামাজ আদায় করে আসছে। কিন্তু ১৯৪৯ সালে কিছু লোক রাতের অন্ধকারে মসজিদের ভেতর রামের মূর্তি রেখে দেয়। এর পর থেকে সেখানে পূজা শুরু হয়।পরে ওই জমি নিয়ে ১৯৫০ সালে একটি মামলা করা হয়।