অযৌক্তিক হরতাল দেশে অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি-জামায়াতের টানা ৩৬ ঘণ্টা হরতাল কর্মসূচিকে অযৌক্তিক বলে মনে করে সরকারি দল আওয়ামী লীগ। এ কর্মসূচির মাধ্যমে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করার ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে।আওয়ামী লীগের নেতারা মনে করেন, দেশ এমন কোনো রাজনৈতিক সংকটে পড়েনি যে সরকারের আড়াই বছর মেয়াদের মাথায় বিরোধী দলকে টানা হরতাল দিতে হবে। এ কর্মসূচি আহ্বান করে বিরোধী দল কারও ইশারায় দেশের উন্নয়ন কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা চালাচ্ছে। হরতাল প্রত্যাহার করে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের জন্য আওয়ামী লীগের নেতারা বিরোধী দলের প্রতি আহ্বান জানান।আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ প্রথম আলোকে বলেন, এখন এমন কোনো সংকট সৃষ্টি হয়নি যে হরতালের মতো কর্মসূচি দিতে হবে। সরকারের মেয়াদের মাঝপথে হরতালের নামে অরাজকতা সৃষ্টি করে বিরোধী দল কোনো প্রভুর এজেন্ডা বাস্তবায়ন করতে চায়।আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী প্রথম আলোকে বলেন, বিএনপি জঙ্গিবাদীদের সঙ্গে মিশে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টির জন্যই এ হরতাল ডেকেছে। জনগণ এ অরাজকতার বিরুদ্ধে অবশ্যই রুখে দাঁড়াবে।আওয়ামী লীগের নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, বিরোধী দলের হরতাল কর্মসূচির পাল্টা কোনো কর্মসূচি দলীয়ভাবে দেওয়া হবে না। দলীয় নেতারা হরতালকে গণতান্ত্রিক কর্মসূচি বলে মন্তব্য করে শান্তিপূর্ণভাবে পালনের পক্ষে মত প্রকাশ করেন।কয়েকজন মন্ত্রীর সঙ্গে কথা বলে জানা যায়, হরতাল রাজনৈতিক কর্মসূচি হলেও জনগণের জানমাল রক্ষায় সরকার সচেষ্ট থাকবে। বিরোধী দল হরতাল কর্মসূচি পালনের নামে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটালে প্রশাসনিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আবদুর রাজ্জাক হরতাল অযৌক্তিক বলে মন্তব্য করে প্রথম আলোকে বলেন, ‘জনগণ আমাদের পাঁচ বছরের জন্য দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে। এখন হরতালের নামে কেউ দেশের উন্নয়ন কর্মকাণ্ডে বাধা দিলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোরভাবে তা নিয়ন্ত্রণ করবে। রাজনৈতিকভাবেও আমরা মোকাবিলা করব।’আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের গতকাল রাজধানীতে এক অনুষ্ঠানে বলেন, ‘হরতালে সহিংসতার উপাদান যুক্ত হলে জনস্বার্থে প্রশাসন ব্যবস্থা নেবে। আমরাও রাজনৈতিকভাবে তা মোকাবিলা করব।’ওবায়দুল কাদের হরতালের পরিবর্তে পদযাত্রার মতো কর্মসূচি দেওয়ার জন্য বিরোধী দলের প্রতি আহ্বান জানান।