অযৌক্তিক হরতালে জনগণের দুর্ভোগ বেড়েছে: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিরোধী দলের অযৌক্তিক হরতালে জনগণের দুর্ভোগ বেড়েছে। আজ রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস-২০১১-এর কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, ‘বিরোধী দল যে ইস্যুতে হরতাল আহ্বান করেছে, তার কোনো আইনগত ভিত্তি বা যৌক্তিকতা নেই। বিরোধী দল ইচ্ছা করলে সংসদের অধিবেশনে যোগ দিয়ে এই ইস্যুতে আলোচনা করতে পারে, এমনকি তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে তাদের যদি কোনো ফর্মুলা থাকে, তাও তারা সংসদে উপস্থাপন করতে পারে। তাদের ফর্মুলা নিয়ে সংসদে আলোচনারও সুযোগ আছে।’প্রধানমন্ত্রী বলেন, সংসদে না এসে বিরোধী দল হরতাল ডেকে মানুষের দুর্ভোগ বাড়াবে, আইন মানবে না, আদালতের রায় মানবে না—তা হতে পারে না। তিনি তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে দেশের সর্বোচ্চ আদালতের রায়ের কথা উল্লেখ করে বলেন, আদালতের রায় সবার মেনে চলা উচিত। বিএনপি আদালতের রায় মানবে না—এটা তাদের কোন ধরনের মানসিকতা?প্রধানমন্ত্রী বলেন, হরতালের নামে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, জনগণকে বিশেষ করে দিনমজুর শ্রেণীকে কাজে যোগদানে বাধা প্রদান কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। বিরোধী দলের হরতাল সত্ত্বেও বিশ্ব পরিবেশ দিবসের কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য তিনি সবাইকে ধন্যবাদ জানান।বন ও পরিবেশ প্রতিমন্ত্রী হাছান মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মন্ত্রণালয়ের সচিব মেজবাহুল আলম এবং পরিবেশ বিভাগের মহাপরিচালক মনোয়ারুল ইসলাম। বাসস।