অযৌক্তিকভাবে দাম বাড়ানো হলে ব্যবস্থা নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী
পণ্য নকল, ভেজাল, ওজনে কারচুপি করে কম দেওয়া ও অযৌক্তিকভাবে পণ্যের দাম বাড়ানো হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিশ্ব ভোক্তা সংরক্ষণ অধিকার দিবস পালন উপলক্ষে ক্রেতা ও বিক্রেতাদের সচেতনতামূলক র্যালি ও বাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী ফারুক খান আজ সোমবার এ কথা বলেন।মন্ত্রী বলেন, নকল ও ভেজালকারী, যারা ওজনে কম দিয়ে ভোক্তাদের ঠকায় এবং যারা কোনো কারণ ছাড়া পণ্যের দাম বাড়ায় সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এ ব্যবস্থা গ্রহণের জন্য ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গঠন করা হয়েছে। কোনো ভোক্তা পণ্য কিনে প্রতারিত হয়ে অধিদপ্তরে লিখিতভাবে অভিযোগ করা হলে সেখান থেকে ব্যবস্থা নেওয়া হবে। আজ সকাল ১০টা ২০ মিনিটের দিকে বাণিজ্যমন্ত্রী ফারুক খানের নেতৃত্বে রাজধানীর কারওয়ান বাজারের সামিট টাওয়ারের সামনে থেকে একটি র্যালি বের হয়। র্যালিতে অংশগ্রহণকারী অনেকের হাতে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে প্লাকার্ড ছিল। র্যালিটি ২ নম্বর ডিআইটি মার্কেটের দক্ষিণ পাশ দিয়ে কামারপট্টি হয়ে যাওয়ার সময় একটি চালের দোকানে খাদ্য অধিদপ্তর লেখা চালের বস্তা দেখতে পান। চাল উত্তরবঙ্গ থেকে আনা হয়েছে বলে বিক্রেতা মন্ত্রীর কাছে দাবি করেন। মন্ত্রী চালের দাম জানতে চাইলে বিক্রেতা প্রতি কেজি চালের দাম ২৪ টাকায় বিক্রি হচ্ছে বলে জানান। পরে তিনি শুঁটকি মাছের বাজারে যান। মাছে কোনো ত্রুটি আছে কি না, তা দেখতে বিএসটিআইয়ের কর্মকর্তাদের নির্দেশ দেন। কিন্তু সেখানে কোনো ত্রুটি খোঁজে পাওয়া যায়নি। পরে মন্ত্রী পাইকারি কাঁচাবাজার পরিদর্শন করেন। সেখানে কাঠের দাঁড়িপাল্লা দেখে তা দ্রুত পরিবর্তন করার নির্দেশ দেন। পরে মন্ত্রী প্রগতি টাওয়ারের সামনে গণমাধ্যম কর্মীদের মুখোমুখি হন। এ সময় মন্ত্রী সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। র্যালিতে উপস্থিত ছিলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক আবুল হোসেন মিয়া ও বিএসটিআইয়ের একটি প্রতিনিধিদল।