অরক্ষিত জুরাইন কবরস্থান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপরিচ্ছন্ন পরিবেশ, ছিঁচকে চোরদের দৌরাত্ম্য, ডিসিসি ও থানা-পুলিশের নজরদারি দাবি করছেন এলাকাবাসীজুরাইন কবরস্থানের পুরাতন কবর দেওয়ার জায়গায় পাঁচ বছর ধরে কবর দেওয়া হয় না। এটা স্থায়ী কবরস্থান। এই কবরস্থানের ভেতর ঢুকলে সবুজ ঘাসে ভরা জঙ্গলের দেখা মেলে। কবরস্থানের দেখাশোনার দায়িত্বে নিয়োজিত ব্যক্তিদের দাবি, গেল শবে বরাতের আগে এই কবরস্থান পরিষ্কার করা হয়েছে। ঈদুল আযহার আগে আরেক দফা পরিচ্ছন্নতার কাজ করা হয়েছে। কবরস্থানের ভেতর দিয়ে একটু হাঁটতেই একজনকে দেখা গেল, একটি কবরে তিনি ফুলের গাছ লাগাচ্ছেন। ঠিকাদারের লোক পরিচয় দিয়ে এই ব্যক্তি বললেন, ‘এইডা হইল পেরাইবেট সারবিছ। মুর্দার আত্মীয়রা টাকা দিলেই কবরের যত্ন করি। ফুলের গাছ লাগাইয়া দেই।’স্থায়ী কবর দেওয়ার জায়গায় নেই কোনো ছাউনিঘর। ফলে বর্ষাকালে কবর জিয়ারত করতে আসা মানুষদের ভিজতে হয়। সম্প্রতি স্থায়ী কবরস্থানের নিরাপত্তার জন্য চারপাশের দেয়ালে কাঁটাতারের বেড়া দেওয়া হয়েছে। এ নিয়ে এলাকাবাসী ও কবরস্থানের দায়িত্বে নিয়োজিত কর্মচারীদের রয়েছে বিস্তর অভিযোগ। নাম প্রকাশ না করার শর্তে কবরস্থানের দায়িত্বে নিয়োজিত একজন কর্মচারী জানান, স্থায়ী কবরস্থানের দেয়ালের ওপর কাঁটাতারের বেড়া নির্মাণ করা হলে লাভের লাভ কিছুই হবে না। এলাকার ছিঁচকে চোরেরা কাঁটাতার কেটে নিয়ে বিক্রি করে দেবে। এর থেকে ভালো হয় দেয়ালটা উঁচু করে তৈরি করলে। খোঁজ নিয়ে জানা যায়, জুরাইন কবরস্থানের কিছু জায়গা রেললাইনের পাশে বেদখল অবস্থায় রয়েছে। এ জায়গায় এলাকার স্থানীয় এক প্রভাবশালী লোক ঘর তৈরি করে ভাড়া দিয়েছেন।জুরাইন কবরস্থানের বর্তমান কবর দেওয়ার জায়গায় গিয়ে দেখা যায়, এর প্রধান ফটকের সঙ্গেই অফিস ঘরের জন্য দুটি ভবন নির্মিত হচ্ছে। কবরস্থানের বর্তমান অফিসের কাজ চলছে একটি অস্থায়ী ঘরে। এর পাশেই আরেকটি দোচালা ঘর। এই ঘরে থাকেন ঠিকাদারের লোকজন। এর পাশেই দেখা গেল কয়েকটি কাঁচা শৌচাগার। যেখান থেকে সব সময় দুর্গন্ধ ছড়াচ্ছে। কবরস্থানের পানি নিষ্কাশনের জন্য চারপাশে নালা তৈরি করা হলেও সেই নালা দিয়ে পানি সরছে না। নালায় জমে থাকা পানিতে দুর্গন্ধ। কবরস্থানের পেছনের অংশে ঘাসের জঙ্গল তৈরি হয়ে আছে। কবরস্থানের এখানে-সেখানে স্তূপ করে রাখা হয়েছে পুরোনো কবর থেকে খুলে আনা বাঁশ ও চাটাই। এসব বাঁশ ও চাটাই পচে দুর্গন্ধ ছড়ানোর পাশাপাশি কবরস্থানের সৌন্দর্যও বিনষ্ট করছে।কবরস্থানের ঠিকাদারের এক লোক জানান, প্রতিবছর শীতকালে এসব বাঁশ ও চাটাই পোড়ানো হয়। এই কবরস্থানের ভেতর একটি ছাউনিঘর থাকলেও এলাকাবাসীর দাবি, এখানে আরও একটি ছাউনিঘর তৈরি করা হোক। লাশের গোসল দেওয়ার জন্য কবরস্থানের ভেতর একটি দুই কক্ষবিশিষ্ট একতলা গোসলখানা থাকলেও তার একটি কক্ষ দীর্ঘদিন ধরে তালাবদ্ধ অবস্থায় রয়েছে। অন্য কক্ষে লাশের সেল দিতেও পড়তে হয় নানা ঝক্কিঝামেলায়। কেননা, এখানে পানি সরবরাহের ব্যবস্থা নেই। বাইরে থেকে পানি এনে গোসল দিতে হয়। এ জন্য লাশের স্বজনদের গাঁটের বাড়তি পয়সা গুনতে হয়। কবরস্থানের ল্যাম্পপোস্টের বেশির ভাগেই বাতি নেই। কবরস্থানের অফিসে ডিসিসি কর্তৃক নির্ধারিত কবর দেওয়ার খরচ উল্লেখ করা থাকলেও কবর দেওয়ার জন্য বাড়তি টাকা নেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।জুরাইন কবরস্থানের বিভিন্ন সমস্যা নিয়ে কথা হয় এখানকার ভারপ্রাপ্ত মোহরার সোয়াইব হোসেনের সঙ্গে। কবরস্থানের অব্যবস্থাপনার ও অপরিচ্ছন্ন পরিবেশ থাকার কারণ জানতে চাইলে তিনি লোকবল সংকটকে দায়ী করেন। তিনি জানান, দীর্ঘদিন ধরে দুজন সহকারী মোহরারের পদ খালি রয়েছে। একজন পুরুষ ও একজন মহিলা ড্রেসারের (লাশের গোসল দেওয়ার লোক) পদও খালি। কবরস্থানের জন্য একজন মালীর পদ সৃষ্টি করারও দাবি করেন তিনি।এদিকে জুরাইন কবরস্থানে দীর্ঘদিন ধরে চলছে জায়গার সংকট। কবরস্থানের কবর দেওয়ার জায়গার সংকট নিরসনে তৃতীয়বারের মতো কবরস্থান বর্ধিত করা হচ্ছে। প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে কবরস্থানের এ বর্ধিত অংশ। ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) তত্ত্বাবধানে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স আকাশ কনস্ট্রাকশনকে দেওয়া হয়েছে কবরস্থান নির্মাণের কাজ। ঠিকাদারি প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, এ বছরের ফেব্রুয়ারি মাসে কবরস্থান নির্মাণের কাজ শুরু হয়েছে। এ কাজের মধ্যে রয়েছে পুরাতন কবরস্থানে একটি ভবন নির্মাণ ও নালা তৈরি। নতুন মাঠে মাটি ভরাটকরণ, ওয়াক ওয়ে নির্মাণ, চারটি ছাউনি নির্মাণ, পানিনিষ্কাশনের জন্য নালা এবং মাঠের এক পাশে দেয়াল নির্মাণ। তবে এবারও নতুন কবরস্থানে নির্মিত হচ্ছে না বিশ্রামাগার কিংবা বসার জায়গা। এ নিয়ে এলাকাবাসীর আক্ষেপ থেকেই যাচ্ছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের সুপারভাইজার আরিফ হোসেন জানান, মাঠে মাটি ভরাটের কাজ শেষ হয়েছে। ওয়াক ওয়েগুলোও নির্মিত হয়েছে। তিনটি ছাউনি নির্মাণের কাজ চলছে। খুব শিগগির বাকি একটির কাজ শুরু হবে। এরপর মাঠের এক পাশের দেয়াল নির্মাণ করলেই শেষ হবে কাজ।কবরস্থানের এ মাঠের বৈদ্যুতিক খুঁটির বেশির ভাগগুলোতেই বাতি নেই। আর যেগুলো আছে সেগুলোর একটাও আস্ত নেই। কোনো খুঁটির সঙ্গেই বৈদ্যুতিক তারের দেখা মিলল না। বাতি ও তার—সবই চুরি হয়ে গেছে। এ ব্যাপারে কথা হয় ঠিকাদারি প্রতিষ্ঠানের সুপারভাইজার আরিফ হোসেনের সঙ্গে।তিনি চুরির ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘কবরস্থানের মাঠে আমাদের প্রহরী নিয়মিত দায়িত্ব পালন করা সত্ত্বেও চুরির ঘটনা দিন দিন বাড়ছে। ছিঁচকে চোরেরা ইট, বালু ও সিমেন্ট চুরি করে নিয়ে যাচ্ছে।’ চুরি প্রতিরোধে প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি করেন তিনি।