অরক্ষিত বেরি লেক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজার শহরে প্রাকৃতিকভাবে তৈরি হওয়া বেরি লেক দিন দিন অরক্ষিত হয়ে পড়ছে। লেকের আশপাশে গড়ে উঠছে অপরিকল্পিত স্থাপনা। বেরির পাড়ে বসানো হয়েছে ছাগলের হাট, ট্রাকের স্ট্যান্ড। লেকের পানিতে আবর্জনা ফেলা, শহরের নোংরা পানির প্রবেশ, ভরাট হওয়াসহ নানা কারণে বেরি লেকটির প্রাকৃতিক সৌন্দর্য সংরক্ষণ নিয়ে সংশয়ের সৃষ্টি হয়েছে। মৌলভীবাজার শহরের প্রাণকেন্দ্রে টলটলে এই জলের হ্রদটি (বেরি লেক) একসময় মনু নদীর সঙ্গে যুক্ত ছিল। কারও কারও মতে কোনো একসময় ভূমিকম্পে ভূ-প্রাকৃতিক গঠন পরিবর্তন হওয়ায় বর্তমান বেরি লেক মনু নদী থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। মনু নদী শহরের উত্তর পাশ দিয়ে সরে গেলে পৃথক হওয়া নদীর একটি অংশ শহরের ভেতরে পড়ে। বর্তমান লেকটি সেই ভূমিকম্পের ফসল, যা পরবর্তী সময় এলাকাবাসীর কাছে বেরি লেক নামেই পরিচিত হয়ে ওঠে। এলাকাবাসী ও পৌরসভা সূত্রে জানা গেছে, মৌলভীবাজার শহরে বৃষ্টির পানি ধারণের ক্ষেত্রে বেরি লেক বর্তমানে সবচেয়ে বড় জলাধার। সংরক্ষণের ব্যবস্থা না থাকায় সাধারণ মানুষ বর্জ্য-আবর্জনা এই লেকের মধ্যে এনে ফেলছে। বেরি লেকের চার পাশে অবকাঠামোগত উন্নয়নের কারণে মাটি খোঁড়াখুঁড়ি চলছে। বৃষ্টির পানি বিনা বাধায় নির্মাণকাজের মাটি ও বর্জ্য ভাসিয়ে বেরি লেকে এনে ফেলছে। যার ফলে বছরের পর বছর ধরে লেকটি ভরাট হয়ে আসছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বেরি লেকটি দক্ষিণ পাড়ে, অর্থাৎ শাহ মোস্তফা সড়কের উত্তর পাশে বছর কয়েক আগেও গাছপালার সমারোহ ছিল। এখানে একটি পার্ক ছিল। লোকজন এর ছায়ায় এসে বসত। তবে সুষ্ঠু পরিবেশ না থাকায় পার্ক হিসেবে এটি কখনোই সব মানুষকে টানতে পারেনি। তবে গাছপালা থাকায় পার্কের দক্ষিণ পাড়টি সংরক্ষিত ছিল। দেখতেও ভালো লাগত। কিন্তু সড়ক সম্প্রসারণের সময় অনেক গাছপালা কেটে ফেলতে হয়েছে। কিছু গাছপালা থাকলেও এখানে এখন একটি ট্যাক্সি স্ট্যান্ড গড়ে উঠেছে। পাশাপাশি এখানে বসছে ছাগলের হাট। ছাগলের চোনা ও ল্যাদায় স্থানটি নোংরা হয়ে থাকে। এই নোংরা আবর্জনা গিয়ে পড়ে লেকের পানিতে। এক দিনে ছাগলের হাট ও ট্রাক স্ট্যান্ড, অন্যদিকে অপরিকল্পিতভাবে গড়ে উঠছে বিভিন্ন স্থাপনা। সম্প্রতি শহরের সৌন্দর্য বাড়ানোর বিষয়ে মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে এক সভায় বেরি লেক নিয়ে অনেকেই কথা বলেছেন। আলোচকেরা বলেন, আর কোনো শহরে এ রকম একটি প্রাকৃতিকভাবে তৈরি হ্রদ আছে কি না বলা মুশকিল। অথচ হ্রদটি হেলাফেলায় ক্ষতিগ্রস্ত হচ্ছে। বক্তারা বেরি লেকের দুই পাড়ের দখলি জায়গা পুনরুদ্ধারের দাবি জানিয়েছেন।মৌলভীবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি এম এ আহাদ বলেন, ‘প্রাকৃতিকভাবে তৈরি লেকটি সংরক্ষণ করা দরকার। লেকের পাড়ে ছাগলের হাট বাসানো হয়েছে। লেকের সৌন্দর্য রক্ষায় এখান থেকে ছাগলের হাট সরানো দরকার।’ মৌলভীবাজার পরিবেশ আন্দোলনের সভাপতি এ কে এম জিল্লুল হক বলেন, ‘সৌন্দর্য ও পরিবেশের স্বার্থে বেরি লেককে বাঁচিয়ে রাখতে হবে। বেরি লেক মৌলভীবাজারের ঐতিহ্য। এই স্থানটির সৌন্দর্য বর্ধন করে বেরি লেক এলাকাটিকে শহরবাসীর স্বাস্থ্যসম্মত একটি বিনোদনের স্থানে পরিণত করা যাবে। কাজটি এখনই করতে হবে।’ মৌলভীবাজার পৌরসভার মেয়র ফয়জুল করিম ময়ূন বলেন, ‘বেরি লেক নিয়ে আমরা কিছু পরিকল্পনা গ্রহণ করছি। বেরি লেকে শহরের যে ময়লা-আবর্জনাযুক্ত দূষিত পানি প্রবেশ করে, সে পানি যাতে লেকে ঢুকতে না পারে, সে জন্য আলাদা ড্রেন করা হবে, যাতে সেই ড্রেন দিয়ে নোংরা পানি লেকে না পড়ে সরাসরি কোদালিছড়ায় গিয়ে পড়ে। এ ছাড়া লেকটিকে দৃষ্টিনন্দন ও সাধারণ মানুষ যাতে এখানে স্বাস্থ্য সুরক্ষার জন্য প্রতিদিন হাঁটাচলা করতে পারে, এ জন্য লেকের দুই পাশে রাস্তা এবং দুই পাশকে সংযুক্ত করতে একটি ঝুলন্ত সেতু নির্মাণের পরিকল্পনা আছে।’