অরক্ষিত ভাস্কর্য!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরের সৌন্দর্য খানিকটা বাড়িয়ে দিতে ভাস্কর্যের জুড়ি নেই। নগর ভাস্কর্যগুলো নগরের শোভা বাড়ানোর পাশাপাশি নগরবাসী কিংবা নগরে বেড়াতে আসা পরবাসী কিংবা ভিনদেশির দৃষ্টি কাড়ে। চোখ জুড়ায়। নগরের সৌন্দর্যবর্ধনকারী এসব ভাস্কর্যের রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে কর্তৃপক্ষ উদাসীন। তেজগাঁওয়ের সাতরাস্তা মোড়ের বর্ষারানি (ময়ূরের ভাস্কর্য) শিল্পাঞ্চলের বাসিন্দাদের জীবনে ভিন্ন মাত্রা যোগ করে। এখান দিয়ে চলাচলকারী পথিক কিংবা যানবাহনে যাতায়াতকারীদের মনোযোগের কেন্দ্রবিন্দু হিসেবে পরিণত হয় ভাস্কর্যটি। কিন্তু পরিতাপের বিষয় হলো, দীর্ঘদিন ধরে বেহালে আছে ময়ূর তিনটি। ইতিমধ্যে একটি ময়ূর ঘাড় মটকে পড়ে আছে। অন্য দুটিরও পড়-পড় অবস্থা। ময়ূর তিনটি তৈরি করতে ব্যবহার করা হয়েছিল মেশিনের কলকব্জা, যার অনেকটাই খুলে নিয়ে গেছে মাদকসেবীরা। ময়ূর তিনটির নিচে রাতে নগরের ছিন্নমূল মানুষেরা বসতি গড়ে তোলে। অন্যদিকে ময়ূর তিনটিকে ঢেকে ফেলা হয়েছে বিভিন্ন সংগঠনের ব্যানার ও পোস্টার দিয়ে। ভাস্কর্যের গোল বেদির চারপাশে এমনভাবে পোস্টার লাগানো হয়েছে যে এটার নাম যে বর্ষারানি তা জানাই মুশকিল হয়ে পড়েছে পর্যটকদের। বর্ষারানির সৌন্দর্যহানির বিষয়ে কথা হয় বেগুনবাড়ীর বাসিন্দা সোহেল ভূঁইয়ার সঙ্গে। তিনি বলেন, ‘বছর চারেক আগে যখন ময়ূর তিনটি এখানে বসানো হয়েছিল, তখন এটাকে দেখে সাতরাস্তার আশপাশের অনেক বাসিন্দাই বেশ খুশি হয়েছিল। কিন্তু দিন দিন এটার জৌলুশ হারাচ্ছে। এর বিভিন্ন অংশ খোয়া যাচ্ছে। কয়দিন ধরে দেখি, একটা ময়ূর ঘাড় ভেঙে পড়ে আছে।’ বর্ষারানি নামের ময়ূরের ভাস্কর্যের শিল্পস্রষ্টা মৃণাল হক। তিনি জানান, সরকারি সংস্থা এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের অর্থায়নে তিনি বর্ষারানি তৈরি করে এখানে স্থাপন করেন। প্রথম কিছুদিন তারা এটাকে ভালোভাবে দেখভাল করলেও এখন আর তাদের কাছে ভাস্কর্যটি হয়তো তেমন গুরুত্ব পাচ্ছে না।অন্যদিকে মিন্টো রোডের পূর্ব পাশের শেষ মাথার সড়কদ্বীপে ব্রিটিশ আমলের পুলিশের ভাস্কর্য কোতোয়ালও বেহালে আছে। কোতোয়ালের হাতের চাবুক দীর্ঘদিন আগেই লাপাত্তা। এ ভাস্কর্যটির নিচে ঘাসের জঙ্গল জমেছে। ভাস্কর্যটির বেদি ছেয়ে গেছে বিভিন্ন সংগঠনের পোস্টার দিয়ে। ভাস্কর্যটি যে ছোট্ট সড়কদ্বীপে স্থাপন করা হয়েছে, সেটিতে ময়লা-আবর্জনার স্তূপ জমে আছে। এটা দেখভালের দায়িত্ব যাদের (ডিসিসি), তারাই ভাস্কর্যের পাদদেশে ইট, বালু জমিয়ে রেখে এর সৌন্দর্যহানি করেছে।এ বিষয়ে বেইলি রোডের বাসিন্দা আকমল হোসেন বলেন, ‘ভাস্কর্যটি দেখতে খুবই সুন্দর, কিন্তু এটার ঠিকমতো দেখাশোনা করা হয় না। এর চারপাশ নোংরা হয়ে আছে। ঠিকমতো ভাস্কর্যটি পরিষ্কার করা হয় কি না সন্দেহ।’ কোতোয়াল নামের এই ভাস্কর্যের নির্মাতাও ভাস্কর মৃণাল হক। কোতোয়াল নিয়ে তিনি বলেন, ভাস্কর্যটির নিরাপত্তার ব্যবস্থা রাখা উচিত। বেশ কয়েকবার কে বা কারা রাতের বেলায় ঘোড়ার ওপর থেকে সহিস দুটিকে টেনে নামিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। তারপর তিনি এটাকে আরও শক্ত করে বেঁধে দিয়েছেন। তিনি আরও জানান, কোতোয়ালের দেখভালের ক্ষেত্রে ডিসিসির কোনো আগ্রহই নেই। তাই তো দিন দিন বর্ষারানির মতো কোতোয়ালও নষ্ট হয়ে যাচ্ছে।