অরক্ষিত ৭০টি লেভেল ক্রসিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ইহা একটি অবৈধ লেভেল ক্রসিং। নিজ দায়িত্বে পারাপার হউন। পারাপারে দুর্ঘটনা ঘটলে কর্তৃপক্ষ দায়ী নহে।’ ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট ও চট্টগ্রাম-সিলেট রেলপথে অনুমতি নেই এমন লেভেল ক্রসিংগুলোর উভয় পাশে ছোট সাইনবোর্ডে ওই কথাগুলো লেখা আছে। যানগুলোকে সতর্ক করতেই এই সাইনবোর্ড। তবে এই সতর্কতার পরও থেমে নেই দুর্ঘটনা। ঘটছে প্রাণহানিও। এই তিন রেলপথের আখাউড়া-কুমিল্লা-আশুগঞ্জ-মুকুন্দপুর রেল সেকশনের ৯০ কিলোমিটার পথে এমন অরক্ষিত ও ঝুঁকিপূর্ণ লেভেল ক্রসিংয়ের সংখ্যা প্রায় ৭০টি।রেলওয়ের আখাউড়া জংশনের প্রকৌশল বিভাগ সূত্র জানায়, এই লেভেল ক্রসিংগুলো দিয়ে প্রতিদিন হাজার হাজার যাত্রী ও পণ্যবাহী ছোট-বড় যান চলাচল করে। দুর্ঘটনা কমাতে ক্রসিংগুলোতে গেট নির্মাণ জরুরি। যোগাযোগ মন্ত্রণালয়ের রেল ও সড়ক—এই দুই বিভাগের রশি টানাটানির কারণে জরুরি এই সমস্যার সমাধান হচ্ছে না।সূত্রটি আরও জানায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), সড়ক ও জনপথ (সওজ), পৌরসভা ও ইউনিয়ন পরিষদ রেললাইনের ওপর দিয়ে যে সড়কগুলো নির্মাণ করেছে, তার সব কটিই অবৈধ। রেলপথ অতিক্রম করতে হবে এমন স্থানে সড়ক নির্মাণের আগে রেলওয়ের অনুমতি নেওয়ার নিয়ম আছে। তবে সড়ক নির্মাণকারী ওই সব কর্তৃপক্ষ এই নিয়ম মানছে না। আর এ কারণেই ওই সব লেভেলক্রসিং অবৈধ।সূত্রটি আরও জানায়, আখাউড়া-মুকুন্দপুর সেকশনে আখাউড়া শহরের রেলওয়ে উচ্চবিদ্যালয়-সংলগ্ন রেলপথ অতিক্রম করে সড়ক নির্মাণ করেছে সওজ। আর দুর্গাপুর, রামধননগর, আজমপুর, রাজাপুর, সদর উপজেলার মিরাশানি, কালাছড়া ও মুকুন্দপুরের ক্রসিংয়ে সড়ক বানিয়েছে এলজিইডি। আখাউড়া-আশুগঞ্জ সেকশনে রেল জংশনের কুমারপাড়ার রেলপথ অতিক্রম করে যে রাস্তা রয়েছে, ওই রাস্তা রেলওয়ের আবাসিক এলাকার। নির্মাণও করেছে রেলওয়ে। সেখানকার লেভেল ক্রসিংটিও অবৈধ। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর-চিনাইর-আখাউড়া সড়কের কড্ডা এলাকার রাস্তা সওজের। জারুলতলা, ভাতশালা, চিনাইর, চানপুর, সোহাতা, রামরাইল এলাকার রেলপথ অতিক্রম করা রাস্তা এলজিইডির। ভাদুঘরের ঢালিবাড়ী, ফাটাপুকুর ও উত্তরপাড়ার দুটি, শিমরাইলকান্দি, কান্দিপাড়া রাস্তা ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার। দারিয়াপুর, বড় হরণপুরের রাস্তাটি সওজের আর তালশহরের লেভেল ক্রসিংয়ের রাস্তা এলজিইডির।কুমিল্লা সেকশনে আখাউড়ার গঙ্গাসাগর (ঢাকা-আগরতলা আন্তর্জাতিক সড়ক) সওজের। গঙ্গানগর, ইমামবাড়ী-কসবা স্টেশন এলাকায় পাঁচটির মধ্যে দুটি সওজের, তিনটি এলজিইডির। কসবা-মন্দবাগের মধ্যে তিনটি এলজিইডির। কুমিল্লার ব্রাহ্মণপাড়ার মন্দবাগ-শশীদলের মধ্যে পাঁচটি এলজিইডির। শশীদল-রাজাপুরের মধ্যে তিনটি সওজের, তিনটি এলজিইডির। রাজাপুর-সদর রসুলপুরের মধ্যে তিনটি এলজিইডির।এই লেভেল ক্রসিংগুলোর মধ্যে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথের আখাউড়া-আশুগঞ্জ-মুকুন্দপুর সেকশনের প্রায় ৪৫টি লেভেল ক্রসিং রয়েছে। এর মধ্যে বৈধতা আছে ছয়টির। অবৈধগুলোর মধ্যে ঝুঁকিপূর্ণ হিসেবে ২১টি ক্রসিংকে চিহ্নিত করেছে আখাউড়া রেল জংশন প্রকৌশল বিভাগ। এই ক্রসিংগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে রেলওয়ের প্রকৌশল বিভাগ থেকে আখাউড়া উপজেলা প্রকৌশলী, সওজের ব্রাহ্মণবাড়িয়া নির্বাহী প্রকৌশলী, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সহকারী নির্বাহী প্রকৌশলী, ব্রাহ্মণবাড়িয়া ও আশুগঞ্জ উপজেলার প্রকৌশলীদের চিঠি দিয়েছে।ওই চিঠিতে বলা হয়েছে, তাদের দপ্তরের নির্মাণ করা রাস্তা অবৈধভাবে রেললাইন অতিক্রম করেছে। এগুলো জননিরাপত্তার জন্য হুমকির। সে কারণে এই রাস্তাগুলো বন্ধ করতেও বলা হয়েছে। আর তা না হলে রেলওয়ে ১৮৯০ সালের আইনের ১২৮ ধারা মোতাবেক সংশ্লিষ্ট সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।রেল সূত্রে জানা গেছে, ওই আইনে বলা আছে, একজন ব্যক্তি যদি অবৈধ অথবা ইচ্ছা বা অনিচ্ছাকৃতভাবে রেলপথে ট্রেন চলাচলের নিরাপত্তায় বিঘ্ন ঘটান, রেলগাড়ি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন বা করতে চান, তাহলে ওই ব্যক্তি ১৮৯০ সালের রেলওয়ে আইনের ১২৮ ধারামতে অভিযুক্ত হয়ে অনধিক দুই বছরের দণ্ডে দণ্ডনীয় হবেন।ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপথ বিভাগের দয়িত্বশীল একজন প্রকৌশলী নাম প্রকাশ না করার শর্তে বলেন, লেভেল ক্রসিং নির্মাণের দায়িত্ব রেলওয়ের। তারাই তা নির্মাণ করবে। পূর্বাঞ্চল রেলওয়ের প্রধান প্রকৌশলী মো. ইউসুফ আলী মৃধা প্রথম আলোকে বলেন, অবৈধ লেভেল ক্রসিংগুলোতে গেট নির্মাণ করতে সড়ক নির্মাণকারী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি দিলেও কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। তবে অতি জরুরি লেভেল ক্রসিংগুলোতে গেট নির্মাণ করার জন্য যোগাযোগ মন্ত্রণালয়ে রেলওয়ের পক্ষে যে প্রস্তাব পাঠানো হয়েছে, তা বর্তমানে পরিকল্পনা কমিশনে রয়েছে। ছাড় পাওয়ার পর গুরুত্বপূর্ণ রাস্তার ওপর লেভেল ক্রসিংগুলোতে গেট নির্মাণ করা হবে।একের পর এক দুর্ঘটনা ও ঝুঁকি: ব্রাহ্মণবাড়িয়ার কড্ডা লেভেল ক্রসিংয়ে সম্প্রতি যাত্রীবাহী ট্রেন ও টেম্পোর মুখোমুখি সংঘর্ষে টেম্পোচালক নিহত এবং টেম্পোর চারজন যাত্রী আহত হন।সম্প্রতি কুমিল্লার ব্রাহ্মণপাড়ার শশীদল-মন্দবাগ রেলস্টেশনের মধ্যবর্তী এলাকার লেভেল ক্রসিংয়ে আন্তনগর উপকূল এক্সপ্রেস ট্রেনের সঙ্গে একটি মাইক্রোবাসের সংঘর্ষ ঘটে। এতে দুমড়ে-মুচড়ে যায় মাইক্রোবাসটি। ক্ষতি হয় ট্রেনের ইঞ্জিনের। গেট না থাকা প্রায় সব কটি লেভেল ক্রসিংয়ে এমন দুর্ঘটনা ও প্রাণহানি ঘটছে।ঢাকা-আগরতলা রুটে চলাচলকারী বিআরটিসির শ্যামলী বাসের চালক মো. আজিজুল হক বলেন, ঢাকা থেকে আগরতলা ও আগরতলা থেকে ঢাকা পথে চলাচল করতে কখনো আখাউড়ার গঙ্গাসাগর লেভেল ক্রসিং, কখনো আখাউড়া-সুলতানপুর সড়কের বাইপাস ও কড্ডা এলাকার লেভেল ক্রসিং পার হয়ে চলাচল করতে হয়। এই দুটি গুরুত্বপূর্ণ সড়কে তিনটি লেভেল ক্রসিংয়ে গেট নেই।ত্রিপুরার সড়ক পরিবহন নিগমের (টিআরটিসি) মৈত্রী বাসের চালক তপন দেব প্রথম আলোকে বলেন, তাঁর দেশের বাসচালকেরা রেলওয়ের লেভেল ক্রসিং পারাপারে অভ্যস্ত নন। ঢাকা থেকে আগরতলা সড়কপথে চলাচলের সময় কয়েকটি লেভেল ক্রসিং পার হতে হয়। এর মধ্যে যেগুলোতে গেট নেই, ওই ক্রসিংগুলো পারাপারের সময় ভয় ও ঝুঁকি থাকে।আখাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ মো. বোরহান উদ্দিন গতকাল রাতে এই প্রতিবেদককে বলেন, রেলওয়ের বৈধ ক্রসিংগুলোতেও দুর্ঘটনা ঘটছে। যে ক্রসিংগুলো অবৈধ বলে আখ্যায়িত, সেই সব ক্রসিংয়ে দুর্ঘটনা নিত্যনৈমিত্তিক। এসব ক্রসিংয়ে গেট নির্মাণ অতি জরুরি।