অরণ্যালয়ের দিন...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চারপাশেই বন। বনের পথ ধরে হাঁটলেই শোনা যাবে পাখির কিচিরমিচির। পাখির এমন ডাক শুনে কিছুক্ষণের জন্য হলেও ভুলে থাকা যাবে নগরজীবনের ব্যস্ততা। বন পেরিয়ে আরও একটু দূরে গেলে চোখে পড়বে সবুজ ফসলের মাঠ, নিমেষেই জুড়াবে চোখ। সেই সঙ্গে ভরে যাবে মনও। সব মিলিয়ে অনন্য এক প্রাকৃতিক সৌন্দর্য। চাইলে এমন পরিবেশে এক দিনের জন্য হারিয়ে যেতে পারেন আপনিও। ভাবছেন ঢাকার কাছে এমন জায়গা কোথায়? হ্যাঁ, এমন একটি জায়গার নামই ‘অরণ্যালয়’।ঢাকার গাবতলী থেকে মাত্র ১৭ কিলোমিটার দূরে সাভারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কাছেই এর অবস্থান। মূলত তা সাভার মিলিটারি ফার্মের একটি চিড়িয়াখানা ও পিকনিক স্পট। এটা সবার জন্যই উন্মুক্ত। ১৯৯৯ সালের ২৭ ফেব্রুয়ারি এর যাত্রা শুরু হয়। ঢাকা-আরিচা মহাসড়কে নেমে একটু হাঁটলেই অরণ্যালয় চিড়িয়াখানা। শান্ত-শীতল এই বনের পথে যখন হাঁটবেন, তখন চারপাশ থেকে পাখির ডাক শুনে বেশ ভালোই লাগবে। মনে হবে পাখিরা আপনাকে তাদের রাজ্যে আমন্ত্রণ জানাচ্ছে। পাখির ডাক শুনতে শুনতেই কিছুক্ষণের মধ্যে চলে আসবেন চিড়িয়াখানার সামনে। ১০ টাকার প্রবেশমূল্য দিয়ে ঢুকে পড়ুন। ঢুকলেই প্রথমে চোখে পড়বে মায়া হরিণের খাঁচা। তার পাশেই আছে চিত্রা ও সাম্বার হরিণ। হরিণ দেখে সামনে এগোলে দেখা যাবে খরগোশ ও গিনিপিগ। তারপর পাখির খাঁচায় দেখা যাবে ময়ূর, টারকি, কালিম, টিয়া, ককটেল ও গোল্লা কবুতর। পাখি দেখা শেষ হলে চলে আসুন বানরের খাঁচার সামনে। এখানে দেখা যাবে রেসাস বানর। পাশেই আছে হনুমান ও ভালুক। তার ডানে রয়েছে অজগর সাপ, টিয়া ও তিতির মুরগির খাঁচা।পশুপাখি দেখে যদি ক্লান্ত হয়ে যান, তবে একটু জিরিয়ে নিতে পারেন। চিড়িয়াখানার পাশেই যে বন আছে, সেখানে চমৎকার বৈঠকখানা রয়েছে। চেয়ারে গা এলিয়ে দিয়ে গল্প করতেও ভালো লাগবে। এ ছাড়া চিড়িয়াখানার এক পাশে বিশাল একটি পুকুর রয়েছে। পুকুরের চারপাশে বসার ব্যবস্থাও আছে। বসে যদি চা আর চটপটি খেতে চান, এর ব্যবস্থাও চিড়িয়াখানার ভেতরে আছে।একা একা কিংবা বন্ধুবান্ধব নিয়ে এখানে অনায়াসে বেড়িয়ে আসতে পারেন। এ ছাড়া এখানকার চিড়িয়াখানার পাশেই কয়েকটি পিকনিট স্পট আছে। শিশুদের জন্য এখানে খেলাধুলার ব্যবস্থাও আছে। তাই চাইলে অফিস বা শিক্ষাপ্রতিষ্ঠানের পিকনিকও এখানে করা যায়। সব মিলিয়ে অরণ্যঘেরা এই নিরিবিলি প্রাকৃতিক পরিবেশে একটা দিন কাটিয়ে দেওয়া যাবে মনের আনন্দেই।অরণ্যালয়ের আশপাশে কোনো বাজার নেই। তাই এখানে এলে দুপুরের খাবার সঙ্গে করেই আনতে হবে। নইলে মাত্র পাঁচ মিনিট হাঁটলেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এখানে এসেও খেতে পারেন দুপুরের খাবার।ঢাকার মতিঝিল, গুলিস্তান, শাহবাগ, ফার্মগেট থেকে হানিফ, সুপারসহ বিভিন্ন বাস নিয়মিত ছেড়ে যায়। ভাড়া ৪০ টাকা। বাস থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গেটে নেমে সেখান থেকে আবার পেছনে হাঁটতে হবে। মিনিট পাঁচেক হাঁটলেই ঢাকা-আরিচা মহাসড়কের উত্তর পাশে দেখা যাবে অরণ্যালয়ের সাইনবোর্ড। তবে ব্যক্তিগত গাড়ি কিংবা মাইক্রোবাস নিয়ে গেলে এর পাশেই নামা যাবে। অরণ্যালয় খোলা থাকে মার্চ থেকে সেপ্টেম্বর প্রতিদিন সকাল সাতটা থেকে সন্ধ্যা ছয়টা। আর অক্টোবর থেকে ফেব্রুয়ারি সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত।