অরুণাচলে ছাত্রাবাসে অগ্নিকাণ্ডে ১৩ ছাত্রের মৃত্যু, আহত ৮
উত্তর-পূর্ব ভারতের আদিবাসী অধ্যুষিত পাহাড়ি রাজ্য অরুণাচল প্রদেশের একটি ছাত্রাবাসে গতকাল বুধবার গভীর রাতে এক অগ্নিকাণ্ডে ১৩ জন ছাত্রের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছে আট ছাত্র। ছাত্রাবাসটিতে ডনবস্কো স্কুলের ছাত্ররা থাকত।রাজধানী ইটানগর থেকে ২৬০ কিলোমিটার দূরের কুরুং-কুমে জেলার পালিনি অঞ্চলে এই ছাত্রাবাসটি অবস্থিত।তবে শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন লাগার প্রকৃত কারণ জানা যায়নি। প্রাথমিকভাবে পুলিশ মনে করছে, মোমের আগুন থেকে এ আগুনের সূত্রপাত।আহত ছাত্রদের দ্রুত হেলিকপ্টারে করে রাজধানী ইটানগরের হাসপাতালে নেওয়া হয়েছে। আগুন লাগার পর ছাত্রাবাস থেকে বড়রা বেরিয়ে যেতে পারলেও শিশুরা আটকা পড়ে। মৃত ছাত্রদের বয়স পাঁচ থেকে ১০ বছর।ব্যক্তিগতভাবে পরিচালিত বিদ্যুত্ ও টেলিফোন সংযোগবিহীন ছাত্রাবাসটি ছিল বাঁশ আর খড়ের তৈরি। মোম বা বিকল্প আলোতে ছাত্ররা পড়াশোনা করত এখানে। দুর্ঘটনার সময় ছাত্রাবাসটিতে ৬৪ জন ছাত্র ছিল। ডনবস্কো স্কুলের অধ্যক্ষ ফাদার সোনি সাংবাদিকদের জানিয়েছেন, অগ্নিকাণ্ডে ১০ জন ছাত্রের মৃত্যু হয়েছে।