অরুণাচলে হঠাৎ শুকিয়ে যাচ্ছে ব্রহ্মপুত্র (ভিডিও)
ভারতের অরুণাচল প্রদেশে হঠাৎ করে শুকিয়ে যাচ্ছে দেশটির সবচেয়ে বড় নদী ব্রহ্মপুত্র। বার্তা সংস্থা পিটিআইয়ের খবরে এ কথা বলা হয়েছে।খবরে বলা হয়, প্রদেশের পাছিঘাট শহরের ওপর দিয়ে বয়ে যাওয়া ব্রহ্মপুত্র নদীর পানি হঠাৎ করে প্রায় শুকিয়ে যাওয়ার ঘটনাটিকে দেশটির অনেকেই চীনের ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন। অবশ্য স্যাটেলাইট থেকে পাওয়া ছবি দেখে পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণা গতকাল বৃহস্পতিবার বলেছেন, পানি সংরক্ষণের উদ্দেশ্যে ব্রহ্মপুত্রে কোনো জলাধার তৈরি করা হয়নি।
তাকো দাবি নামের অরুণাচল রাজ্য সরকারের এক মুখপাত্র বলেন, রাজ্যের পূর্ব সিয়াং জেলার শতাব্দী প্রাচীন পাছিঘাট শহরের মানুষ হঠাৎ করেই গতকাল সন্ধ্যায় দেখতে পান ব্রহ্মপুত্রের পানি প্রায় শুকিয়ে গেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী নাবাম তুকির রাজনৈতিক উপদেষ্টা তাকো দাবি আশঙ্কা করে বলেন, ব্রহ্মপুত্রের গতিপথ পাল্টে দেওয়ার পেছনে চীনের ষড়যন্ত্র থাকতে পারে। তিব্বতে ইয়ারলং সাংপো নামে পরিচিত এই ব্রহ্মপুত্র নদীতে চীন কৃত্রিম বাধও তৈরি করে থাকতে পারে। প্রায় শুকিয়ে যাওয়া নদী পরিদর্শন করে তাকো দাবি বলেন, ২০০০ সালের ৯ জুন সিয়াং নদীর পানির স্তর হঠাৎ করে ৩০ মিটার বেড়ে গিয়ে শহরের অধিকাংশ এলাকা প্লাবিত হয়েছিল। সে বছর তিব্বতে একটি পানি-বিদ্যুৎ বাঁধ ভেঙে সাত ব্যক্তির প্রাণহানি ঘটে।এ বিশাল নদীটির প্রভাবিত এলাকার আয়তন পাঁচ লাখ ৮৩ হাজার বর্গকিলোমিটার, যার ৪৭ হাজার বর্গকিলোমিটারের অবস্থান বাংলাদেশ এলাকায়। এর প্রধান চারটি উপনদীর নাম দুধকুমার, ধরলা, তিস্তা ও করতোয়া-আত্রাই প্রণালি।