অরুন্ধতী রায় ও শাহ জিলানির বক্তব্যের নিন্দা, গ্রেপ্তারের দাবি বিজেপির
‘কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ নয়’—বিখ্যাত লেখক অরুন্ধতী রায়ের এমন বক্তব্যে ভারতের আইনমন্ত্রী ভিরিপ্পা মইলি আজ মঙ্গলবার অরুন্ধতী রায় এবং কাশ্মীরের কট্টরপন্থী হুরিয়াত নেতা সৈয়দ আলী শাহ জিলানি উভয়ের বক্তব্যের কঠোর সমালোচনা করেছেন। অন্যদিকে তাঁদের দুজনেরই গ্রেপ্তার দাবি করেছে বিরোধী দল বিজেপি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাঁদের বিরুদ্ধে মামলা করার কথা ভাবছে বলে জানা গেছে। আজ নয়াদিল্লিতে অনুষ্ঠিত এক সেমিনারে তাঁদের বক্তব্যকে ‘খুবই দুর্ভাগ্যজনক’ আখ্যা দিয়ে আইনমন্ত্রী জানান, বাকস্বাধীনতার নামে এমন বক্তব্য দেওয়া উচিত নয়, যা মানুষের দেশপ্রেমের অনুভূতিতে আঘাত হানে। এ ব্যাপারে সরকার নীরব ভূমিকা পালন করছে—বিজেপির এমন অভিযোগের জবাবে তিনি জানান, ‘উস্কানি বৃদ্ধি করে এমন কোনো বক্তব্যের সঙ্গে রাজনীতি চলতে পারে না।’উস্কানি দেওয়ার অভিযোগে দুজনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোনো আবেদন পেয়েছেন কিনা—জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, ‘আমি তিন দিন দেশের বাইরে ছিলাম। তবে এখনো এ ব্যাপারে কোনো নথিপত্র দেখিনি।’ পিটিআই