অরুন্ধতী রায়ের বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা দায়ের
ভারতের বিশিষ্ট মানবাধিকার কর্মী ও বুকার বিজয়ী লেখিকা অরুন্ধতী রায় এবং কট্টরপন্থী হুরিয়ত নেতা সৈয়দ আলি শাহ গিলানির বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগে মামলা হয়েছে। গতকাল সোমবার দিল্লি পুলিশ মামলাটি করে।এই মামলায় দিল্লি¬ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এস এ আর গিলানি, জন্মু ও কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ শওকত হোসেনসহ আরও পাঁচজনকে আসামি করা হয়েছে। গত শনিবার দিল্লি¬র মহানগর বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট নভিতা কুমারি রাঘা দিল্লি¬ পুলিশকে অবিলম্বে মামলা করার নির্দেশ দিয়েছিলেন। তবে দিল্লি পুলিশ ওই ম্যাজিস্ট্রেট আদালতে এক রিপোর্ট দাখিল করে বলেছিল অভিযুক্তরা দোষী নয়। ম্যাজিস্ট্রেট সেই রিপোর্টটি ওই দিনই খারিজ করে দেন।রাজধানী নয়াদিল্লিতে গত মাসে অরুন্ধতী রায় ও গিলানিসহ অন্যদের বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা দায়ের করার জন্য আবেদন করেন সুশীল পণ্ডিত। প্রসঙ্গত, অক্টোবর মাসে এক সেমিনারে অরুন্ধতী রায়, গিলানিসহ অন্যরা কাশ্মীর নিয়ে ভারত সরকারের কর্তৃত্ব ও ক্ষমতাকে চ্যালেঞ্জ করে বক্তব্য দেন। অরুন্ধতী রায় ওই দিন বলেছিলেন, ‘কাশ্মীর কোনো দিনই ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল না। এটা ঐতিহাসিক সত্য। এমনকি ভারত সরকারও তা মেনে নিয়েছে।’ পরে তাঁদের বিরুদ্ধে নয়াদিল্লিতে মামলা করে ব্যবস্থা নেওয়ার আবেদন জানান সুশীল পণ্ডিত।