অরুন্ধতীর বিরুদ্ধে আইন অনুযায়ীই মামলা হচ্ছে না: পি চিদাম্বরম
আইনের অন্তর্নিহিত ও আক্ষরিক উভয় অর্থ অনুযায়ী পুলিশ প্রখ্যাত লেখক অরুন্ধতী রায়ের বিরুদ্ধে মামলা করছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম। আজ সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। আজাদি (স্বাধীনতা) বক্তব্যের পরও তাঁর বিরুদ্ধে কেন পদক্ষেপ নেওয়া হচ্ছে না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কোনো পদক্ষেপ না নেওয়াও এক ধরনের পদক্ষেপ।’ তিনি বলেন, ‘ভারতীয় দণ্ডবিধির ১২৪ (এ) ধারায় বাধা ও শাস্তি প্রদানের মতো অপরাধের কথা বলা হয়েছে। তবে আইনের অন্তর্নিহিত অর্থ ও মূল ব্যাখ্যা হলো, যদি সহিংসতায় সরাসরি উসকানি না থাকে, তাহলে রাষ্ট্র সে ক্ষেত্রে সহিষ্ণুতা ও ধৈর্যশীলতা প্রদর্শন করবে।’ পুলিশ সে অনুযায়ী কাজ করে যাচ্ছেন বলেও জানান তিনি। প্রসঙ্গত, সম্প্রতি কাশ্মীরে এক বক্তব্যে ‘কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ নয়’ বলে মন্তব্য করায় অরুন্ধতী রায় বেশ সমালোচিত হন। বিভিন্ন মহল থেকে তাঁর বিরুদ্ধে উসকানি ও রাষ্ট্রদোহের মামলা দায়ের করারও দাবি ওঠে। পিটিআই।