ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) শিক্ষার্থী কানিজ ফাতেমা থাকেন পুরান ঢাকার লক্ষ্মীবাজারে। প্রতিদিন ক্লাস করার জন্য তাঁকে ধানমন্ডি আসতে হয়। বিশ্ববিদ্যালয়ে ঢোকার আগে তিনি শংকর প্লাজার কাছের অর্গানিক টি-স্টলে আসেন। তাঁর কাছে নেশার মতো এক কাপ অর্গানিক চা। প্রতিদিন তাঁর এক কাপ জিনজার অ্যান্ড হানি চা খাওয়া চাই-ই চাই; তারপর ক্লাস! ছুটিছাটায় চা খাওয়া মিস হয়ে গেলে কেমন যেন লাগে? তখন মনে হয়, কিছু নেই, কী যেন নেই! এমনই একজন ধানমন্ডির শংকরের কাছের চেয়ারম্যান গলির ফারজানা সোহেলী। পেশায় স্কুলশিক্ষক ফারজানাকে প্রতিদিন বেইলি রোডের কাছে গেটওয়ে ইন্টারন্যাশনাল স্কুলে ক্লাস নিতে ছুটতে হয়। সকালবেলা আর সবার মতো তাঁরও এক কাপ চা খাওয়ার অভ্যাস। সেই চা তিনি বাসার চেয়ে শংকর প্লাজার অর্গানিক টি-স্টলে পান করতে বেশি পছন্দ করেন। দীর্ঘদিন তাঁর চা-পান এ নিয়মেই চলছে। নিজস্ব বাহনে চড়ে তিনি স্কুলে যান। অর্গানিক টি-স্টলের লোকজন তাঁর গাড়ি ভালোমতোই চেনেন। ফারজানা সোহেলীর আসার সময় তাঁদের মুখস্থ। সুতরাং নয়টা বাজলেই ফারজানা সোহেলীর চা রেডি!অভ্যর্থনার পানীয় হিসেবে চা জনপ্রিয় হলেও এর ঔষধিগুণ সমানভাবে স্বীকৃত। পানির পরই বিশ্বে চা একমাত্র পানীয়, যার ব্যাপক ব্যবহার রয়েছে। কিন্তু এখন আমরা দোকানে কী চা খাচ্ছি, সেটা বড় প্রশ্ন। চায়ের পানি, লিকার ও দুধ—এর কোনো কিছুতে এখন আর স্বচ্ছতা নেই। এ ভাবনা থেকেই অর্গানিক টি-স্টলের যাত্রা শুরু। এর বয়স প্রায় পাঁচ বছর। রাজধানীর শংকর বাসস্ট্যান্ডের পাশে নিজাম শংকর প্লাজা শপিং মলের সামনে এর অবস্থান। নিজাম শংকর প্লাজার ১৭ জন কর্মচারী মিলে ভেষজ চায়ের এ দোকান গড়ে তুলেছেন। সিকিউরিটি গার্ড, সুপারভাইজার, লিফটম্যান, ইলেকট্রিশিয়ান, ম্যানেজার ও কেয়ারটেকার এ দলে রয়েছেন। পরিচালক কে জানতে চাইলে সমস্বরে জবাব, ‘আমরা সবাই পরিচালক।’ তার পরও বিনীতভাবে কেউ কেউ ম্যানেজার ও কেয়ারটেকারের নাম বলে ফেলেন।অর্গানিক টি-স্টলে বেশ কয়েক ধরনের চা পাওয়া যায়। এর মধ্যে আছে ইস্পাহানি বা জিনজার লেমন, তুলসী, গ্রিন টি ও জিনজার অ্যান্ড হানি। জিনজার লেমন চায়ের দাম পাঁচ টাকা, তুলসী চা আট টাকা, গ্রিন চা আট টাকা আর জিনজার অ্যান্ড হানি হলো ১৬ টাকা।সকাল সাতটা থেকে রাত ১০টা পর্যন্ত চায়ের দোকান চলে। দুপুরে তিন ঘণ্টার বিরতি। প্রতিদিন প্রায় এক হাজার কাপ চা বিক্রি হয়। শীতের সময় বিক্রি দ্বিগুণ হয়। চাহিদার কারণে এর পাশেই একটি চায়ের দোকান বাড়ানো হয়েছে। প্রতিদিন ক্রেতা বেড়ে যাওয়া এর মূল কারণ। ছাত্র ও চাকরিজীবী এর মূল গ্রাহক হলেও সাধারণ জনগণ এ চা পান করে। চায়ের স্বাদ এবং গুণগত মানের জন্যই এর ব্যাপক চাহিদা। এখানে ডায়াবেটিক রোগীদের জন্য স্পেশাল চা পাওয়া যায়। এ চায়ে জিরোকল ব্যবহার করা হয়। এখানে চা পার্সেলের ব্যবস্থা আছে। বিয়েসহ সব ধরনের অনুষ্ঠানে অর্গানিক টি-স্টলের চাহিদা লক্ষণীয়।পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং গুণগত মান বজায় রাখতে সব সময়ই সচেষ্ট এর পরিচালকেরা। সুতরাং, অর্গানিক চায়ের স্বাদ নিতে হলে আপনিও চলে আসতে পারেন ধানমন্ডির পাশে শংকর বাসস্ট্যান্ডের কাছের নিজাম শংকর প্লাজার নিচে। নিশ্চিত বলা যায়, একবার চা পান করলে আরেকবার আসবেন। তারপর আবার...!