অর্জন অনেক, তবে মানবিক রাষ্ট্র গঠনের স্বপ্ন অপূর্ণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘গত ৪০ বছরে যে হারে প্রবৃদ্ধি হয়েছে, মাথাপিছু আয় বেড়েছে, আগে কখনো তা ঘটেনি। তা ঘটবে মুক্তিযুদ্ধের সময় ভাবিনি। তখন ভেবেছিলাম, রাজনৈতিক ঐক্য গড়তে পারব। কিন্তু রাজনীতিতেই বড় অর্জন হয়নি’স্বাধীনতার চার দশকে আর্থসামাজিক ক্ষেত্রে বাংলাদেশের অনেক অগ্রগতি হয়েছে, অনেক অর্জনও দৃশ্যমান। কিন্তু সহনশীল রাজনৈতিক সংস্কৃতির অভাব আর গণতান্ত্রিক প্রক্রিয়া সুদৃঢ় ভিত্তি না পাওয়ায় একটি মানবিক রাষ্ট্র গঠনে মুক্তিযুদ্ধের স্বপ্ন এখনো অপূর্ণ রয়ে গেছে।প্রথম আলো আয়োজিত ‘স্বাধীনতার ৪০ বছর: প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা গতকাল মঙ্গলবার এ অভিমত দেন।প্রথম আলোর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত আলোচনায় তাঁরা বলেছেন, ইতিহাস ও বিবেকের কাছে দায়বদ্ধতা থেকেই যুদ্ধাপরাধের বিচার হতে হবে। আর বিচারের এই প্রক্রিয়াটি একদিকে যেমন দেশবাসীর কাছে গ্রহণযোগ্য হতে হবে, তেমনি নিশ্চিত করতে হবে বিচার-প্রক্রিয়ার আন্তর্জাতিক মান।সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আকবর আলি খান বলেন, ‘গত ৪০ বছরে যে হারে প্রবৃদ্ধি হয়েছে, মাথাপিছু আয় বেড়েছে, আগে কখনো তা ঘটেনি। তা ঘটবে মুক্তিযুদ্ধের সময় ভাবিনি। তখন ভেবেছিলাম, রাজনৈতিক ঐক্য গড়তে পারব। কিন্তু রাজনীতিতেই বড় অর্জন হয়নি।’সাবেক এই মন্ত্রিপরিষদ সচিব বলেন, অর্থনীতিতে যে সাফল্য অর্জিত হয়েছে, তা ধরে রাখতে হলে সুশাসন নিশ্চিত করা জরুরি। আর সুশাসনের জন্য প্রয়োজন গণতান্ত্রিক শাসন-প্রক্রিয়া নিশ্চিত করা। এটি মুক্তিযুদ্ধের চেতনারও অবিচ্ছেদ্য অংশ।গণতান্ত্রিক শাসন প্রসঙ্গে বলতে গিয়ে আকবর আলি খান এথেন্সবাসীর কাছে পেরিক্লিসের উল্লেখ করা গণতন্ত্রের চারটি মৌলিক উপাদানের কথা বলেন। ওই চার উপাদানের অন্তত দুটি অনেক উন্নত দেশ অর্জন করেছে। কিন্তু বাংলাদেশ এর কোনোটিই করেনি। তিনি বলেন, গণতান্ত্রিক ব্যবস্থা যোগ্যতম ব্যক্তিদের দ্বারা পরিচালিত হওয়ার কথা থাকলেও চলছে গ্রেসামের সূত্র অনুযায়ী। গ্রেসাম বলেছিলেন, খারাপ টাকা ভালো টাকার কাছে টিকতে পারে না। যেন সেই সূত্র অনুসরণ করে মন্দ লোকের ধাক্কায় ভালো লোক উধাও হয়ে যাচ্ছে। এ ধরনের অবস্থা কোনো দিন সুশাসন নিশ্চিত করে না।সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসির উদ্দীন ইউসুফ বলেন, ‘একাত্তরের চেতনায় ছিল অর্থনৈতিক মুক্তি, আইনের শাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠা। স্বপ্ন ছিল একটি মানবিক রাষ্ট্র গঠনের। কিন্তু মুক্তিযুদ্ধের পর স্বাধীন দেশে নানা অনাচার, দুর্নীতি হয়েছিল, তাকে অস্বীকার করতে পারি না। তবে জাতির জীবনের সবচেয়ে বিয়োগান্তক ঘটনা পঁচাত্তরে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড। রক্তের এই দাগ মুছতে না পারলে বিপদ আছে।’ একাত্তরের রণাঙ্গনের এই সৈনিক বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা করা গেলে মুহূর্তেই একটি বদলে যাওয়া দেশে পরিণত হবে বাংলাদেশ। যুদ্ধাপরাধের বিচারের যে প্রক্রিয়া শুরু হয়েছে, তা শেষ করতে হবে। দেশে তখনই রিকনসিয়েলিয়েশন (পুনরেকত্রীকরণ) হবে, যখন একাত্তর এবং তার পর ঘটে যাওয়া সব অপরাধের বিচার হবে।সাবেক কূটনীতিক কে এম শিহাব উদ্দিন বলেন, ‘চিন্তা ও মত প্রকাশের স্বাধীনতা থাকবে, সত্যিকার অর্থেই একটি গণতান্ত্রিক দেশ হবে—এই স্বপ্ন থেকেই পাকিস্তানের আনুগত্য ছেড়ে বাংলাদেশের পতাকা উড়িয়েছি। অথচ রাজনৈতিক সংস্কৃতিতে পরমতসহিষ্ণুতার যে চরম অভাব, তা নিয়ে উদ্বিগ্ন না হয়ে পারি না। কাজেই সময়ের দাবি, সংঘাতের পথ ছেড়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার।’বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সমালোচনা করে শিহাব উদ্দিন বলেন, ক্রসফায়ার ও গুপ্তহত্যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি দেশের জন্য ক্ষতিকর। তাই অবিলম্বে এ ধরনের হত্যা বন্ধ হওয়া উচিত।বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহম্মদ বলেন, দেশে রাজনৈতিক দুর্বৃত্তায়নের পাশাপাশি ব্যাপক দুর্নীতি চলছে। গণতান্ত্রিক আচরণে সমস্যা আছে। রাজনীতিবিদেরা গণতন্ত্রের কথা শুধু মাইকে বলেন, চেতনায় ধারণ করেন না। রাষ্ট্রক্ষমতায় গেলে বোঝা যায়, কে কতটা গণতান্ত্রিক।হাফিজ উদ্দিন আহম্মদ বলেন, জনগণ রাজনৈতিক দলগুলোর হাতে জিম্মি। জনপ্রতিনিধিরা নানা রকম দোষে দুষ্ট। অভিযোগ রয়েছে, কুখ্যাত সন্ত্রাসী ও হত্যাকারীরা জনপ্রতিনিধি হচ্ছেন।বিরোধী দলের এই নেতা আরও বলেন, ‘পুলিশ নামের উৎপীড়ক জনজীবনে চেপে বসেছে। সাদা মাইক্রোবাস এসে বাড়ির সামনে থেকে লোক তুলে নিয়ে যাচ্ছে, এরপর আর কোনো খোঁজ নেই। এর সমাধান কোথায়? মনে হয়, আমরা যেন উটপাখির জাতিতে পরিণত হয়েছি।’বিএনপি যুদ্ধাপরাধের বিচারের বিরোধিতা করছে না দাবি করে সাবেক এই পানিসম্পদমন্ত্রী বলেন, ‘যুদ্ধাপরাধের বিচার আমরা নিশ্চয়ই চাই। তবে এই বিচার হওয়া উচিত ছিল যুদ্ধের অব্যবহিত পরপরই। কারণ যুদ্ধের পর এ নিয়ে মানুষের তীব্র ক্ষোভ ছিল। তা ছাড়া অভিযুক্ত ও সাক্ষীদের বড় অংশ জীবিত ছিল।’সাবেক সেনাপ্রধান লে. জে. (অব.) হারুন-অর-রশিদ বলেন, ‘একাত্তরের চেতনা থেকে যখনই বিচ্যুতি ঘটেছে, তখনই দেশে সন্ত্রাস ও মৌলবাদের উত্থান হয়েছে। মুক্তিযুদ্ধের পর এ পর্যন্ত আমাদের যে প্রাপ্তি, তা বৈষয়িক, নৈতিক প্রাপ্তি হয়নি।’সেক্টর কমান্ডারস ফোরামের মহাসচিব হারুন-অর-রশিদ আরও বলেন, ‘ইতিহাসের দায় মেটানো আর ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের যুদ্ধাপরাধের বিচার সম্পন্ন করতে হবে। অথচ এই বিচার বানচালের প্রক্রিয়া শুরু হয়েছে।’ বিচার-প্রক্রিয়ার বিষয়ে মার্কিন ভূমিকা নিয়েও তিনি প্রশ্ন তোলেন।হারুন-অর-রশিদ বলেন, ‘যুদ্ধাপরাধবিষয়ক মার্কিন দূত স্টিফেন র‌্যাপের পাঁচটি প্রশ্ন নিয়ে এত আলোচনা শুরু হয়ে গেল! তিনি কি বিচার-প্রক্রিয়ায় সাক্ষ্যদানকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন? যদি পারেন, তবে আমরা ট্রাইব্যুনাল থেকে ২৪ ঘণ্টা বিচারিক কর্মকাণ্ড টিভিতে সম্প্রচার করব।’বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়েশা খানম বলেন, দেশের রাজনৈতিক সংস্কৃতি এখনো উদ্বেগের বিষয় হয়ে আছে। নেতিবাচক অনেক সিদ্ধান্তের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য দেখা যায়। তাই টেকসই গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে সংশয় থেকে যায়।ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফরিদা বানু বলেন, ‘যুদ্ধাপরাধের বিচার শুরু হয়েছে বলে আনন্দিত। তবে বিচার-প্রক্রিয়ার অগ্রগতি নিয়ে সংশয় রয়েছে। তাই প্রত্যাশা থাকে, এটি যেন স্বচ্ছ হয়, এটি নিয়ে কারও যেন কোনো প্রশ্ন না থাকে।’সাবেক কূটনীতিক এস এস চাকমা বলেন, স্বাধীনতার চার দশকে অনেক অগ্রগতি হয়েছে ঠিক, তবে সম্পদের অসম বিকাশ রয়ে গেছে।বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মে. জে. (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বলেন, ‘গত ৪০ বছরে আমরা আবেগকে বেশি প্রাধান্য দিয়েছি, অর্থনীতিকে নয়। এটা ঠিক যে, স্বাধীনতার পর দেশে সাম্য আসেনি। গরিব আরও গরিব হচ্ছে। প্রচুর ব্যক্তি অযাচিতভাবে ধনী হচ্ছে। তাদের ধন বাংলাদেশে থাকছে না। এটা মেনে নিতে পারি না।’সূচনা বক্তব্যে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেন, এই সময়ে এসে কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসা, শিল্প ও সমাজের নানা ক্ষেত্রে নানা অর্জন দৃশ্যমান। আবার পেছনে তাকালে দেশ নিয়ে অনেক হতাশার দিক চোখে পড়ে। সামরিক শাসন ও অভ্যুত্থানের কারণে গণতন্ত্র ব্যাহত হয়েছে। চারবার নির্বাচন হয়েছে, অথচ বিরোধী দল সংসদে যায় না। আন্দোলনে নামে, হরতাল করে। গত ২০ বছরে রাজনৈতিক দলগুলোর মধ্যে দ্বন্দ্ব, সন্দেহ ও অবিশ্বাস বেড়েছে। জাতীয় অধ্যাপক কবীর চৌধুরীর মৃত্যুতে বৈঠকের পক্ষ থেকে শোক ও শ্রদ্ধা জানান প্রথম আলোর সম্পাদক।গোলটেবিল বৈঠকটি সঞ্চালনা করেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ুম।