জনসংখ্যার ওপর ভিত্তি করে আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছিল। জনসংখ্যা শক্তি ও সম্পদ হতে পারে, ১৯৭১ সালের আগেই এ দেশের মানুষ তা প্রমাণ করেছে। স্বাধীনতার পর ১৯৭৪ সালে জনসংখ্যা প্রবৃদ্ধির হার ছিল ২ দশমিক ৪৮ শতাংশ। ১৯৭৫ সালের প্রজনন-সংশ্লিষ্ট জরিপে দেখা যায়, দেশে মোট প্রজননের হার বা টোটাল ফার্টিলিটি রেট (টিএফআর) ছিল ৬ দশমিক ৩। জনসংখ্যার ক্ষেত্রে আমাদের বড় অর্জন হচ্ছে আমরা টিএফআর কমিয়ে আনতে সক্ষম হয়েছি। ২০০৭ সালের জনমিতি ও স্বাস্থ্য জরিপে (বিডিএইচএস ২০০৭) টিএফআর ছিল ২ দশমিক ৭। ২০১১ সালের আদমশুমারিতে টিএফআর আরও কম হবে বলে আশা করা হচ্ছে।বাংলাদেশ ‘হাই ফার্টিলিটি’র দেশ থেকে ‘লো ফার্টিলিটি’র দেশে পরিণত হয়েছে। শুরু থেকেই আমাদের উন্নয়ন পরিকল্পনায় জনসংখ্যার বিষয়টি যথাযথ গুরুত্ব পেয়েছে। এ ক্ষেত্রে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কেন্দ্র, জেলা ও মাঠপর্যায়ের কর্মকর্তা ও কর্মীদের অবদান অনেক বেশি।অন্য বড় অর্জনটি হচ্ছে জন্মনিয়ন্ত্রণ-পদ্ধতি ব্যবহারের ক্ষেত্রে। আমাদের সমাজকে সহজেই ‘কন্ট্রাসেপটিভ সোসাইটি’ বলা যায়। দেশের সক্ষম দম্পতির ৫৬ শতাংশ কোনো না কোনো জন্মনিয়ন্ত্রণসামগ্রী ব্যবহার করেন। ১৯৭৫ সালে এটা ছিল মাত্র ৭ দশমিক ৭ শতাংশ। দেশে শিক্ষার হার, মানুষের অর্থনৈতিক অবস্থা—এসব বিবেচনায় জন্মনিয়ন্ত্রণ-পদ্ধতি ব্যবহারের বর্তমান হার নিঃসন্দেহে আশাব্যঞ্জক।পরিকল্পিত পরিবার গড়ে তোলার জন্য গণমাধ্যমে ব্যাপক প্রচার হয়েছে। মাঠকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে মানুষকে তথ্য দিয়েছেন, মানুষকে বুঝিয়েছেন এবং নানা উপকরণ বিতরণ করেছেন। এ ছাড়া মানুষ নিজ দরকারে পরিবারকল্যাণ বা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে এসে সেবা নিয়েছে। এসব কর্মকাণ্ড চলছে কয়েক দশক ধরে। এর ইতিবাচক প্রভাব পড়েছে মাতৃ ও শিশুস্বাস্থ্যের ওপর। একসময় জীবিত জন্মে মাতৃমৃত্যুর হার ছিল ৫ শতাংশ। সরকারের সর্বশেষ পরিসংখ্যান বলছে, বর্তমানে এই হার ২ দশমিক ৯ শতাংশ। আর শিশুমৃত্যুর হার কমানোর স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ জাতিসংঘের পুরস্কার পেয়েছে। এ দেশের মানুষের স্বাস্থ্য সংস্কৃতির বিবেচনায় এটা বড় ধরনের অর্জন। কিন্তু এ ক্ষেত্রে সন্তুষ্ট থাকার কোনো অবকাশ নেই। মা ও শিশু, কোনো মৃত্যুই আমাদের কাম্য নয়।অন্য গুরুত্বপূর্ণ ঘটনাটি ঘটেছে আমাদের গড় আয়ুর ক্ষেত্রে। একসময় এ দেশের মানুষ গড়ে মাত্র ৪৪ বছর বেঁচে থাকত। অর্থাৎ ৫০ বছর বয়স হওয়ার আগেই অধিকাংশ মানুষের মৃত্যু হতো। সেই অবস্থারও অনেক পরিবর্তন হয়েছে। বাংলাদেশের মানুষের গড় আয়ু বেড়ে ৬৪ থেকে ৬৫ বছরে পৌঁছেছে। পরিবর্তন ঘটেছে নারীর গড় আয়ু বৃদ্ধির ক্ষেত্রেও। পৃথিবীর প্রায় সব দেশে নারীর গড় আয়ু পুরুষের চেয়ে বেশি। কিন্তু এ দেশের মানুষের গড় আয়ু যখন কম ছিল, তখন নারীর গড় আয়ু পুরুষের গড় আয়ুর চেয়ে কম ছিল। বর্তমানে নারীর গড় আয়ু পুরুষের গড় আয়ুর চেয়ে বেশি।বেশ কিছু সীমাবদ্ধতা ও যৌক্তিক সমালোচনা থাকলেও এ দেশের স্বাস্থ্য ও জনসংখ্যা খাতের অবকাঠামো প্রশংসনীয়। জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যন্ত সেবা পৌঁছে দেওয়ার অবকাঠামো তৈরি হয়ে আছে। এরপর সরকার প্রতি ছয় হাজার মানুষের জন্য কমিউনিটি ক্লিনিক তৈরির উদ্যোগ নিয়েছে, অধিকাংশ ক্ষেত্রে তৈরি হয়ে আছে। সারা দেশে কমিউনিটি ক্লিনিক সক্রিয় হলে মানুষ আরও সেবা পাবে।বয়স-কাঠামো এ দেশের মানুষের জন্য আশার সৃষ্টি করেছে। এ সময় শূন্য থেকে ১৪ বছর বয়সসীমার মানুষ ছিল ৪৫ থেকে ৪৮ শতাংশ। আস্তে আস্তে কাঠামোর পরিবর্তন ঘটেছে। এখন ওই বয়সসীমার মানুষ ৩৫ শতাংশ। এখন আমাদের দেশে যুব বয়সের মানুষ বেশি। এটা দেশে ও আন্তর্জাতিক পর্যায়ে সম্ভাবনা তৈরি করেছে। এটাকে অনেকে ‘ডেমোগ্রাফিক ডিভিডেন্ড’ বলতে চাইছেন। জনসংখ্যাকে সম্পদে পরিণত করতে হলে দূরদর্শী পরিকল্পনা ও সঠিক ব্যবস্থাপনা দরকার।অধ্যাপক এ কে এম নূর-উন-নবী: পপুলেশন সায়েন্সেস বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়