অর্জনের ধারাবাহিকতায় শিক্ষা ও সাক্ষরতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কত সংগ্রাম, কত বিপর্যয়, ঝড়ঝঞ্ঝার কত অভিজ্ঞতা এই বাংলাদেশের মানুষের। ৪০ বছর আগে লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছিল স্বাধীনতা। বৈষম্যহীন সমাজ, শিক্ষার আলোয় আলোকিত মানবসন্তান—এই তো ছিল সেদিনের স্বপ্ন ও মুক্তিসংগ্রামের চেতনা। আজ চার দশক পর এটা দিবালোকের মতো স্পষ্ট যে এ দেশের মানুষ শত বিপর্যয়েও দমে যায়নি, শিক্ষার সোপান অতিক্রমের দুরন্ত কামনা তাদের এগিয়ে চলার প্রেরণা জুগিয়েছে নিরন্তর। তাই তো দক্ষিণ এশিয়ার কোনো কোনো দেশকে পেছনে ফেলে শিক্ষা ও সাক্ষরতায় অর্জনকে দৃশ্যমান করে তুলেছে বাংলাদেশ।প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষায় অর্জিত হয়েছে ছেলেমেয়ের সমতা, অন্যান্য স্তরেও নারীর দৃপ্ত পদচারণ লক্ষণীয়। তথাকথিত ‘দরিদ্র, স্বল্পোন্নত’ এ দেশের জন্য এ এক বিশাল অর্জন। সরকারের ইতিবাচক নীতিমালা, প্রাগ্রসর পরিকল্পনা আর সরকারি-বেসরকারি উদ্যোগের সঙ্গে যুক্ত হয়েছে এ দেশের লাখ লাখ মানুষের অদম্য স্পৃহা। শিক্ষাব্যবস্থার অসংখ্য ত্রুটি সত্ত্বেও মানুষের মনে তৈরি হয়েছে শিক্ষার অভাবনীয় চাহিদা। জীবন ও জীবিকার নিরন্তর সংগ্রামে কখনো দমে যায়নি এ দেশের মানুষ। খেতে-খামারে, কলে-কারখানায়, নগরে-বন্দরে, গ্রামে-গঞ্জে—সর্বত্র সর্বস্তরের মানুষ শিক্ষার নির্যাস পেতে চায়। সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে তাই স্থানসংকুলান হয় না, শিক্ষার্থী-সংখ্যার চাপে শিক্ষকেরা হিমশিম খেয়ে যান। অসংখ্য প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও অগণিত মানবসন্তানের পদচারণে মুখরিত আমাদের শিক্ষাঙ্গন। সেখানে আছে শিক্ষক-স্বল্পতা, আছে সুযোগ-সুবিধার অভাব, আছে শিক্ষার মানের প্রশ্ন। কিন্তু তার পরও লক্ষণীয়, ৪০ বছরে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষায় ভর্তির হার বেড়েছে চার গুণ। শিক্ষকের সংখ্যা বেড়ে হয়েছে দ্বিগুণ। ঝরে পড়ার মতো সমস্যা থাকলেও সাক্ষরতার হার বেড়েছে। তবে জনসংখ্যা বৃদ্ধির হারের সঙ্গে তাল মিলিয়ে চলার ক্ষেত্রে দুর্বলতা এখনো প্রকট। সরকারি-বেসরকারি সাক্ষরতা কার্যক্রমগুলোর অপ্রতুলতা ও অন্তর্নিহিত দুর্বলতা একদিকে সাক্ষর সমাজ গঠনে আমাদের এগিয়ে চলাকে ব্যাহত করছে, অন্যদিকে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার অগ্রগতি সাক্ষরতার হারকে বাড়িয়ে নিতে মূল ভূমিকা পালন করে চলেছে। এডুকেশন ওয়াচ গবেষণার মাঠ জরিপ থেকে দেখা যাচ্ছে, মেয়েশিশুর শিক্ষা ও নারীশিক্ষার হার যেখানে বেশি, সেখানে সাক্ষরতার হারও বেশি। যে বাড়ির মা কোনো রকমে মাধ্যমিক স্তরে পৌঁছাতে পারেন, সে বাড়ির সন্তানেরা কখনো নিরক্ষর হয় না, অপুষ্টিতে ভোগে না, বাড়ির সামগ্রিক কল্যাণ সেখানে ব্যাহত হয় না। বস্তুতপক্ষে বাংলাদেশে সাক্ষরতার হার যেটুকু বেড়েছে, তার পেছনে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে মেয়েশিক্ষার্থীর ক্রমবর্ধমান অংশগ্রহণ একটি বড় কারণ।কিন্তু ৪০ বছরে যে জায়গাটিতে আমাদের অর্জনের ধারা এখনো ম্রিয়মাণ, তা হলো বয়স্ক শিক্ষা। স্বাধীনতা-উত্তর বাংলাদেশে মাত্র এক চতুর্থাংশ মানুষ সাক্ষর ছিল, সেই হার এখন অর্ধেকে এসে ঠেকেছে। এভাবে চললে অর্জিত হবে না ‘সবার জন্য শিক্ষা’র জাতীয় লক্ষ্য; সাক্ষর সমাজ বিনির্মাণের স্বপ্নও থেকে যাবে সুদূরপরাহত। তবে বাংলাদেশের মানুষ তো সহজে দমে যায় না, শত বিপত্তির মুখেও অটুট থাকে উন্নয়নের ধারা, যা দেখে উন্নত বিশ্বের গণমাধ্যম অবাক বিস্ময়ে মন্তব্য করে ‘প্যারাডক্স অব বাংলাদেশ’। কিন্তু এটা তো প্যারাডক্স বা আপাতবিরোধিতা নয়, এ হচ্ছে এ দেশের জনমানুষের সংগ্রামী চেতনার অংশ, পোড় খাওয়া মানবতার আত্মশক্তির বহিঃপ্রকাশ। অর্জনের এই ধারাবাহিকতায় আত্মতুষ্টির স্থান থেকে নয়, আত্মবিশ্বাসের স্থান থেকেই বাংলাদেশ অর্জন করুক অভীষ্ট লক্ষ্য এবং আলোকিত সমাজ গড়ে উঠুক—৪০ বছর পূর্তিতে এই হোক সবার প্রত্যয়দীপ্ত শপথ।রাশেদা কে চৌধুরী: নির্বাহী পরিচালক, গণসাক্ষরতা অভিযান, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা